চাঁদাবাজি করলে বঙ্গবন্ধুর আত্মা কষ্ট পাবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শোক দিবসের অনুষ্ঠান করতে হলে নিজেদের টাকা দিয়ে করবেন। চাঁদাবাজি করে নয়। এই শোকের মাসে চাঁদা তুলে বঙ্গবন্ধুর সম্মান নষ্ট করবেন না। এতে তাঁর আত্মা কষ্ট পাবে।শোক দিবসের এক আলোচনা সভায় ছাত্রলীগের নেতা-কর্মীদের উদ্দেশে এসব কথা বলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ওবায়দুল কাদের।আওয়ামী লীগ ও সমমনা সংগঠনগুলোর মাসব্যাপী শোক দিবসের অংশ হিসেবে আজ সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে বঙ্গবন্ধু সমাজকল্যাণ পরিষদ এ আলোচনা সভার আয়োজন করে। এতে ওবায়দুল কাদের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।বিএনপিকে উদ্দেশ করে ওবায়দুল কাদের বলেন, সরকার বা প্রধানমন্ত্রীকে নিয়ে সমালোচনা করতে সমস্যা নেই। কিন্তু বঙ্গবন্ধুকে নিয়ে সমালোচনা করা যাবে না। কারণ তিনি সমালোচনার ঊর্ধ্বে।বর্তমানে প্রধান দুই দল আওয়ামী লীগ ও বিএনপির জোটের পরিধি বাড়ানো প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, ‘৭০ দলের নির্বাচনী জোটও দেখেছি। কেউ পাস করতে পারেনি। আওয়ামী লীগ কোনো ভোটের জোট করবে না। জোট হবে পরবর্তী প্রজন্মকে রক্ষা করার জন্য অভিন্ন রাজনৈতিক জোট।’রোজার পর বিএনপির কঠোর আন্দোলনের হুমকির জবাবে ওবায়দুল কাদের বলেন, দিনক্ষণ ঠিক করে আন্দোলন হয় না। আরব বিপ্লবের ট্রেন বাংলাদেশে চলবে না। দিনক্ষণ নির্ধারণ করে মিসর-তিউনিসিয়ায় বিপ্লব হয়নি। এখন বলছে রমজান ও ঈদের পর তারপর বলবে কোরবানির পর। এভাবে দিনক্ষণ ঘোষণা দিয়ে সরকার পতন হয় না।ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, ‘আমাদের ভিন্নমত থাকতে পারে। কিন্তু মুক্তিযুদ্ধের চেতনার বিরোধী কোনো রাজনীতি থাকলে, তা হবে ৩০ লাখ শহীদের আত্মার সঙ্গে প্রতারণা।’সংগঠনের সভাপতি শামছুল হক ভূঁইয়ার সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য হারুন-অর-রশিদ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য ফরহাদ হোসেন, মাওলানা ভাসানী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আমিনুল হক প্রমুখ।