চাঁদাবাজি বন্ধে ফেরিঘাটে কমিটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদাবাজিসহ সব ধরনের অনিয়ম বন্ধে দেশের চারটি বড় ফেরিঘাটের প্রতিটির জন্য সাত সদস্যের ব্যবস্থাপনা কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে নৌপরিবহন মন্ত্রণালয়। জেলা প্রশাসকের মনোনীত প্রতিনিধিরা ওই কমিটির সমন্বয়কের দায়িত্ব পালন করবেন। এ ছাড়া কমিটিগুলো তদারকির জন্য একটি কেন্দ্রীয় কমিটি থাকবে। এ জন্য নৌ মন্ত্রণালয়ে আলাদা একটি সেল গঠন করা হবে। আজ মঙ্গলবার ফেরিঘাটে চাঁদাবাজি বন্ধসহ অনিয়ম দূর করার লক্ষ্যে এক আন্তমন্ত্রণালয় সভায় এ সিদ্ধান্ত হয়েছে। নৌ মন্ত্রণালয়ে অনুষ্ঠিত ওই সভা শেষে নৌমন্ত্রী শাজাহান খান সাংবাদিকদের এসব সিদ্ধান্তের কথা জানান। ফেরিঘাটগুলো হল দৌলতদিয়া, পাটুরিয়া, কাওরাকান্দি ও মাওয়া। নৌমন্ত্রী বলেন, কয়েকটি ফেরিঘাটের অনিয়ম ও চাঁদাবাজি নিয়ে আমরা উদ্বিগ্ন। এগুলো বন্ধে এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চাঁদাবাজিতে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য স্থানীয় পুলিশ সুপারকে নির্দেশ দেওয়া হয়েছে। সভায় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকুসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় সাংসদ, জেলা প্রশাসক ও পুলিশ সুপার উপস্থিত ছিলেন।