চাঁদাবাজি মামলা থেকে প্রধানমন্ত্রী অব্যাহতি পেলে তারেক কেন পাবে না: মওদুদ
বিএনপির নেতা মওদুদ আহমদ বলেছেন,‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা চাঁদাবাজি মামলা থেকে অব্যাহতি পেয়েছেন। তাহলে চাঁদাবাজি মামলা থেকে তারেক রহমানকে কেন অব্যাহতি দেওয়া হবে না? এটা কি আইনের শাসন? দ্বিমুখী নিম্নমানের রাজনীতি দেশের মানুষ দেখতে চায় না।’ আজ শুক্রবার ‘বাংলাদেশের রাজনীতিতে তারেক রহমান, সম্ভাবনার নুতন দিগন্ত’ শীর্ষক এক গোলটেবিল আলোচনায় মওদুদ এ সব কথা বলেন। বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল এ আলোচনা অনুষ্ঠানের আয়োজন করেন।মওদুদ এ সময় প্রধানমন্ত্রীর মতো বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া, তাঁর ছেলে তারেক রহমান ও আরাফাত রহমান কোকোর বিরুদ্ধে সব মামলা প্রত্যাহারের দাবি জানান।আলোচনা অনুষ্ঠান শেষে বের হয়ে আসার পথে মওদুদের কাছে দ্রব্যমূল্য নিয়ে গতকাল সংসদে প্রধানমন্ত্রীর দেওয়া বক্তব্যের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আওয়ামী লীগের ব্যবসায়ীদের সিন্ডিকেটের কারণেই বাজারে দ্রব্যমূল্য কমছে না। প্রধানমন্ত্রীর এ বক্তব্য দায়িত্বজ্ঞানহীনতার পরিচয় দেয়। নিজেদের ব্যর্থতা ঢাকতেই প্রধানমন্ত্রী এ ধরনের বক্তব্য দিয়েছেন।অনুষ্ঠানে অন্য বক্তারা তারেক রহমান ছাড়া দেশের গণতন্ত্র বিকশিত হওয়া সম্ভব নয়, এমন কথাই বলেন। উল্লেখ্য, গতকাল সংসদে প্রধানমন্ত্রী বলেন বিরোধী দলের কালো টাকার কারণেই বাজারে দ্রব্যমূল্য কমছে না।