চট্টগ্রামে গ্রেপ্তারের খবরে থানায় যুবলীগ নেতাদের ভিড়
চাঁদাবাজি মামলার আসামিকে ছেড়ে দিতে পুলিশকে হুমকি
চট্টগ্রাম নগর পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী মেহেদী হাসানকে গ্রেপ্তার করায় যুবলীগের কিছু নেতা কোতোয়ালি থানায় গিয়ে একজন পুলিশ কর্মকর্তাকে হত্যার হুমকি দিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। তাঁরা মেহেদীকে ছেড়ে দিতে পুলিশকে চাপ দেন। পুলিশ তাঁকে না ছেড়ে গতকাল সোমবার চট্টগ্রাম মহানগর হাকিমের আদালতে হাজির করে। এ সময় বাদীর জিম্মায় মেহেদীর জামিন মঞ্জুর করেন মহানগর হাকিম আজিজুল হক।নাম প্রকাশে অনিচ্ছুক বায়েজিদ থানার দুজন পুলিশ কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে প্রথম আলোকে বলেন, ‘আমরা জেনেছি, বাদীকে ভয়ভীতি দেখিয়ে আদালতে হাজির করতে বাধ্য করা হয়। এ কারণে বাদী নিজেই আসামির বিরুদ্ধে অভিযোগ নেই বলে আদালতকে জানান। ফলে মেহেদীর জামিন মঞ্জুর হয়।’জানা গেছে, খুলশী থানায় মো. নাসিরউদ্দিনের দায়ের করা চাঁদাবাজির মামলায় গত রোববার রাতে নগরের শেরশাহ কলোনি এলাকা থেকে বায়েজিদ ও খুলশী থানার পুলিশ মেহেদীকে গ্রেপ্তার করে। তিনি নিজেকে মহানগর যুবলীগের সদস্য বলে দাবি করে বলেন, আওয়ামী লীগের নেতা আ জ ম নাসিরের সঙ্গে তিনি রাজনীতি করেন। আ জ ম নাসিরও নিশ্চিত করেন, মেহেদী যুবলীগের রাজনীতির সঙ্গে জড়িত।পুলিশ সূত্র জানায়, মেহেদীর বিরুদ্ধে বায়েজিদ, পাঁচলাইশ ও খুলশী থানায় সাতটি মামলা এবং কয়েকটি সাধারণ ডায়েরি (জিডি) আছে। গতকাল ও আগের দিন রোববার তাঁর বিরুদ্ধে একজন পুলিশ কর্মকর্তা আরও তিনটি জিডি করেন। ১৯ আগস্ট ঝুট ব্যবসায়ী মো. নাছির উদ্দিনের কাছ থেকে দুই লাখ টাকা চাঁদা দাবি করেন তিনি। এ ঘটনায় ওই দিন খুলশী থানায় একটি মামলা হয়। এ ছাড়া নাসিরাবাদ শিল্পাঞ্চলে তিনি চাঁদাবাজি করছেন বলে পুলিশের কাছে অভিযোগ রয়েছে।সূত্র জানায়, রোববার নাসিরাবাদ শিল্পাঞ্চলে এক ব্যক্তির কাছ থেকে ২০ হাজার টাকা চাঁদা নেন মেহেদী। এরপরই তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। ওই সময় তাঁর পকেটে ১৬ হাজার টাকা পাওয়া যায়। রোববার চাঁদাবাজির শিকার ওই ভুক্তভোগী ব্যক্তিকে পুলিশ খুঁজছে। মেহেদীর গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়লে আওয়ামী লীগের নেতা আ জ ম নাসিরের অনুসারী যুবলীগের নেতা-কর্মীরা বায়েজিদ এলাকায় জড়ো হন। মেহেদীকে ছাড়িয়ে নিতে তাঁরা পুলিশের ওপর চাপ সৃষ্টি করেন। একপর্যায়ে মেহেদীকে কোতোয়ালি থানার হাজতখানায় পাঠানো হয়।এরপর আ জ ম নাসিরের অনুসারীরা রোববার রাতেই কোতোয়ালি থানায় জড়ো হন। সেখানে তাঁরা হইচই এবং পুলিশের সঙ্গে দুর্ব্যবহার করেন। আর বায়েজিদ থানার যে পুলিশ কর্মকর্তা মেহেদীকে গ্রেপ্তার করেন, তাঁকে হত্যার হুমকি দেওয়া হয়।বায়েজিদ থানার উপপরিদর্শক (এসআই) হুমায়ুন কবির বলেন, ‘মেহেদী বায়েজিদ থানার এক নম্বর তালিকাভুক্ত সন্ত্রাসী। নাসিরাবাদ শিল্পাঞ্চলে তিনি চাঁদাবাজি করেন। ভুক্তভোগীরা তাঁর বিরুদ্ধে অভিযোগ দিতে সাহস পান না। সম্প্রতি তাঁর বিরুদ্ধে একটি চাঁদাবাজি মামলা হলে আমরা তাঁকে গ্রেপ্তার করি। এরপর আমার পরিবারের সদস্যসহ আমাকে হত্যার হুমকি দেওয়া হয়।’জানা গেছে, মেহেদীর লোকজনের হুমকির পরিপ্রেক্ষিতে রোববার রাত সোয়া ১১টায়, গতকাল বিকেল সোয়া তিনটায় এবং বিকেল পৌনে পাঁচটায় আলাদা তিনটি জিডি করেন এসআই হুমায়ুন। কমার্স কলেজ শাখা ছাত্রলীগের সাবেক নেতা মামুন পরিচয় দিয়ে এসআই হুমায়ুনকে দুই দিনে চার দফা মোবাইল ফোনে প্রাণনাশের হুমকি দেওয়া হয়।আ জ ম নাসির বলেন, ‘মেহেদী অনেক দিন ধরে যুবলীগের রাজনীতির সঙ্গে জড়িত। মামুন ছাত্রলীগের রাজনীতি করত। সে রাজনৈতিক ছেলে। সুতরাং সে পুলিশকে হুমকি দেবে—এটি আমি বিশ্বাস করি না। অন্য কেউ হুমকি দিতে পারে।’গতকাল সকালে কোতোয়ালি থানায় গিয়ে আ জ ম নাসিরের অনুসারীদের দেখা যায়। তাঁরা ওই সময় মেহেদীকে ছাড়িয়ে নিতে নানা তদবির করছিলেন। সেখানে বসা কমার্স কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন প্রথম আলোকে বলেন, ‘মোবাইল ফোনে কারা হুমকি দিয়েছে, জানি না। মেহেদীর নাম ভাঙিয়ে প্রতিপক্ষের লোকজন নাসিরাবাদ শিল্পাঞ্চলে চাঁদাবাজি করছে। অথচ পুলিশ প্রকৃত চাঁদাবাজদের বাদ দিয়ে তাঁকে গ্রেপ্তার করেছে। এর প্রতিবাদ জানাতে আমরা রোববার রাতে থানায় আসি। আর যে পুলিশ কর্মকর্তা মেহেদীকে গ্রেপ্তার করেন তাঁর আচরণ ভালো ছিল না বলে ছেলেরা থানায় একটু উত্তেজিত ছিল।’মেহেদী দাবি করেন, ‘আমার বিরুদ্ধে একটি মামলা আছে বলে শুনেছি। আমি চাঁদাবাজদের প্রতিরোধ করি। অথচ আমাকে এখন চাঁদাবাজ বানাচ্ছে পুলিশ।’ তবে গ্রেপ্তার হওয়ার সময় তাঁর পকেটে পাওয়া ১৬ হাজার টাকার উৎস সম্পর্কে জানতে চাইলে তিনি একেকবার একেক ধরনের বক্তব্য দেন।বায়েজিদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুস সবুর বলেন, ‘মেহেদী সম্প্রতি আমাকেও হুমকি দিয়েছিলেন। এ কারণে আমি তাঁর বিরুদ্ধে ২৩ আগস্ট থানায় জিডি করেছি।’