চাঁদাবাজিকে প্রাতিষ্ঠানিক স্বীকৃতি দিয়েছে সরকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিজস্ব অর্থায়নে পদ্মা সেতুর নামে সরকার চাঁদাবাজিকে প্রাতিষ্ঠানিক স্বীকৃতি দিয়েছে। আজ বুধবার সকালে জাতীয় প্রেসক্লাবে ‘দেশবাসী কেমন আছেন’ শীর্ষক আলোচনা অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ এ কথা বলেন।জিয়া নাগরিক ফোরাম আয়োজিত এই আলোচনা অনুষ্ঠানে খন্দকার মোশাররফ বলেন, চাঁদাবাজি করে এত বড় প্রকল্প বাস্তবায়ন সম্ভব নয়। অর্থমন্ত্রী নিজেও এ কথা স্বীকার করেছেন। এমনিতেই চাঁদাবাজি, টেন্ডারবাজির দৌরাত্ম্যে জনগণ অতিষ্ঠ। এর মধ্যে পদ্মা সেতুর নামে সরকার চাঁদাবাজিকে প্রাতিষ্ঠানিক স্বীকৃতি দিয়েছে।চাঁদাবাজি মাত্র শুরু হয়েছে—এমন অভিযোগ করে বিএনপির এই নেতা বলেন, বিমানবন্দর, বাস ও লঞ্চঘাটেও পদ্মা সেতুর নামে চাঁদাবাজি করা হচ্ছে। কত টাকা চাঁদা সরকার আদায় করছে আর কত টাকা জমা হচ্ছে, ক্ষমতায় গেলে তা বের করবে বিএনপি। একই সঙ্গে বিশ্বব্যাংক ও অন্যান্য দাতাগোষ্ঠীর সহযোগিতায় পদ্মা সেতু নির্মাণ করা হবে।বিদ্যুতের দাম বৃদ্ধির ব্যাপারে খন্দকার মোশাররফ বলেন, সরকার কুইক কমিশন ও কুইক লুটপাতের জন্য কুইক রেন্টাল (ভাড়াভিত্তিক বিদ্যুেকন্দ্র) চালু করেছে। আর সে কারণেই দফায় দফায় বিদ্যুতের দাম বাড়ছে। এটি জনগণের ওপর মরার ওপর খাড়ার ঘা হয়ে দাঁড়িয়েছে বলে মন্তব্য করেন তিনি।