চাঁদাবাজিকে বৈধতা দেওয়া হচ্ছে!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদাবাজিকে বৈধতা দিতে যাচ্ছে সরকার। পরিবহন খাতে পথে পথে চাঁদাবাজি বন্ধে এবং এ ক্ষেত্রে শৃঙ্খলা ফিরিয়ে আনতে নির্দিষ্ট পরিমাণ টাকা ‘পরিচালনব্যয়’ বা ‘বৈধ চাঁদা’ হিসেবে আদায়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নৌমন্ত্রী অবশ্য এটাকে চাঁদা না বলে ‘সার্ভিস চার্জ’ বলেছেন।যোগাযোগ মন্ত্রণালয় ও নৌ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন, বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশন ও সড়ক পরিবহন সমিতির সুপারিশের আলোকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংগঠনগুলোর প্রস্তাব অনুযায়ী ঢাকা মহানগর এলাকার বাস-মিনিবাস ও আন্তজেলার পরিবহনের যানবাহন থেকে চাঁদা নেওয়া হবে। এর মধ্যে ঢাকায় মালিক সমিতিকে দিতে হবে ৪০ টাকা, শ্রমিক ইউনিয়নকে ২০ ও সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনকে দিতে হবে ১০ টাকা। অর্থাৎ ঢাকার একেকটা গাড়ি থেকে ৭০ টাকা চাঁদা তোলা হবে। এ ছাড়া ঢাকার বাইরে মালিক ও শ্রমিক ইউনিয়নকে ৫০ টাকা চাঁদা দিতে হবে।জানতে চাইলে নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান গতকাল রাতে প্রথম আলোকে বলেন, চাঁদাবাজি বন্ধে সার্ভিস চার্জ সংগ্রহের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অবশ্যই রসিদ দিয়ে এ টাকা তোলা হবে। এতে কেউ টার্মিনাল দখল করে অবৈধভাবে চাঁদা তুলতে পারবে না। পরিবহনমন্ত্রী বলেন, সংগঠন চালাতে হলে টাকা লাগে, এ জন্য চাঁদা তোলায় কোনো দোষ নেই। সরকারের দেওয়া এ সিদ্ধান্তে কেউ যদি সমালোচনা করে করুক, তাতে কিছু আসে-যায় না।সূত্রমতে, ২০০২ সালে নাজমুল হুদা যখন যোগাযোগমন্ত্রী ছিলেন, তখন সড়ক পরিবহনের উপদেষ্টা পরিষদের সভায় অবৈধ চাঁদা আদায় বন্ধ ও বৈধ চাঁদা বা পরিচালনব্যয় নির্ধারণ ও সংগ্রহের পদ্ধতি সম্পর্কে একটি নীতিমালা প্রণয়নে উপকমিটি গঠন করা হয়। কিন্তু পরে আর বিষয়টি এগোয়নি। বর্তমান যোগাযোগমন্ত্রী এ নীতিমালা করার ব্যাপারে পরিবহন সংগঠনের নেতাদের আশ্বাস দেওয়ার কারণে তাঁরা মন্ত্রীর কাছে পরিচালনব্যয় বা বৈধ চাঁদা আদায়ের জন্য সুপারিশ করেন। এসব সুপারিশ বিবেচনায় একটি নীতিমালা করা হবে বলে সূত্র জানায়।সূত্রমতে, পরিবহন সংগঠনের নেতাদের দেওয়া এ প্রস্তাব ইতিবাচকভাবে নিয়েছে যোগাযোগ মন্ত্রণালয়। যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন গত ২৪ আগস্ট এ প্রস্তাবের ব্যাপারে জরুরি সিদ্ধান্ত নিতে এসংক্রান্ত একটি নীতিমালা করতে অতিরিক্ত সচিবকে নির্দেশ দেন।এরই ধারাবাহিকতায় গতকাল সকালে যোগাযোগ মন্ত্রণালয়ে যোগাযোগমন্ত্রী, নৌপরিবহনমন্ত্রী ও কয়েকজন শ্রমিকনেতা জরুরি বৈঠকে বসেন। বৈঠকে পরিবহন নেতাদের দেওয়া প্রস্তাব নিয়ে আলোচনা হয়। সূত্র জানায়, বৈধ চাঁদা বা পরিচালনব্যয় আদায়ের ব্যাপারে পরিবহন নেতাদের সঙ্গে একটি সমঝোতা স্মারক সই অথবা এসংক্রান্ত একটি নীতিমালা করার সিদ্ধান্ত নেওয়া হয়।বৈঠকের বিষয়ে জানতে চাইলে অতিরিক্ত সচিব খন্দকার মোহাম্মদ ইফতেখার হায়দার প্রথম আলোকে বলেন, পরিবহন খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে সবাই পরিচালনব্যয় বা বৈধ চাঁদা আদায়ের বিষয়ে একমত পোষণ করেছেন। তিনি বলেন, পরিবহন সংগঠনের পুরো প্রস্তাব আরও পরীক্ষা-নিরীক্ষা করা হবে। এ ছাড়া এসংক্রান্ত উপকমিটিগুলোকে আরও কার্যকর করা হবে।পরিবহন নেতাদের সুপারিশ: প্রস্তাবে বলা হয়, সংগঠন ও টার্মিনাল পরিচালনাসংক্রান্ত একটি নীতিমালা এবং তা বাস্তবায়নের জন্য সরকার, মালিক ও শ্রমিক প্রতিনিধিদের সমন্বয়ে একটি শক্তিশালী কমিটি গঠন করা আবশ্যক। মালিক-শ্রমিক সংগঠন পরিচালনার জন্য পরিচালনব্যয় আবশ্যক বলে নীতিমালায় ন্যূনতম পরিচালনা বা চাঁদা আদায়ের বিধান রাখা যেতে পারে।কোথায় কত চাঁদা: ঢাকায় ৭০ টাকা এবং ঢাকার বাইরে মালিক ও শ্রমিক সংগঠনকে মোট ৫০ টাকা চাঁদা দিতে হবে। এ ছাড়া দূরপাল্লার আন্তজেলা গাড়ি থেকে শুধু জংশনস্থলে মালিক সমিতি সর্বোচ্চ ২০ টাকা ও শ্রমিক ইউনিয়ন সর্বোচ্চ ২০ টাকা আদায় করতে পারবে। জেলা পর্যায়ের মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের স্থানীয় বাস-ট্রাক বা পরিবহন থেকে পরিচালনব্যয় নির্ধারণ করে নিজেদের গাড়ি থেকে চাঁদা নিতে পারবে। তবে তা কোনোভাবেই ৫০ টাকার বেশি হবে না।একাধিক স্থানে চাঁদা নেওয়া যাবে না: এক জেলার একাধিক স্থানে কোনোভাবেই চাঁদা বা পরিচালনব্যয় আদায় করা যাবে না। কোনো জেলায় একাধিক সংগঠন থাকলে সংশ্লিষ্ট সংগঠনগুলো আলোচনা করে একটি স্থান নির্ধারণ করবে। সমঝোতা না হলে কেন্দ্রীয় সংগঠন সিদ্ধান্ত দেবে। এ ছাড়া প্রতিদিন একবারের বেশি চাঁদা তোলা যাবে না।ফেরি ও ট্রাকের ক্ষেত্রে নিয়ম: ফেরিঘাটে যানবাহন ওঠা-নামার ক্ষেত্রে বিশৃঙ্খলা দেখা যায়। বর্তমানে সংশ্লিষ্ট জেলার শ্রমিক ইউনিয়ন লোক নিয়োগ করে ফেরিতে যানবাহন ওঠা-নামার কাজ তদারক করে। এই লোকজনের খরচ মেটাতে সর্বোচ্চ ২০ টাকা আদায় করা যাবে। এ ক্ষেত্রে মালিক ও শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির অনুমোদন লাগবে। ট্রাকের ক্ষেত্রে জেলার মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের যৌথ সিদ্ধান্তে স্থানীয় গাড়ির পরিচালনব্যয় নির্ধারিত হবে।হালকা যানবাহন: হালকা যানবাহনের ক্ষেত্রে সংশ্লিষ্ট মালিক ও শ্রমিক সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী চাঁদা নেওয়া যাবে। তবে তা কোনোভাবেই ২০ টাকার বেশি হবে না।সুপারিশ বাস্তবায়নে কমিটি: পরিবহন সংগঠনের এসব সুপারিশ বাস্তবায়নে বিআরটিএ, মালিক ও শ্রমিক প্রতিনিধিদের সমন্বয়ে একটি বাস্তবায়ন কমিটি গঠিত হবে। নৌপরিবহনমন্ত্রী শাজাহান খানকে আহ্বায়ক করে এ কমিটি গঠন করা হবে। এ ছাড়া সড়ক পরিবহন সমিতি, বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশন ও শ্রমিক ফেডারেশনের প্রতিনিধিরা কমিটির সদস্য থাকবেন।বর্তমান অবস্থা: রাজধানী ঢাকা ও বিভাগীয় শহরে একদিকে যেমন সিটি সার্ভিস ও হালকা যানবাহন চালু আছে, তেমনি দূরপাল্লার যানবাহনও চলছে। একই সঙ্গে সড়ক পরিবহন মালিক ও শ্রমিকদের রয়েছে দূরপাল্লার সংগঠন। সব মালিক সংগঠনই সড়ক পরিবহন সমিতির অন্তর্ভুক্ত। প্রকাশ্যে সব মালিক ও শ্রমিক সংগঠন পরিচালনব্যয় বাবদ নির্ধারিত হারে চাঁদা আদায় করে। কিন্তু রাজনৈতিক প্রভাব খাটিয়ে অধিকাংশ ক্ষেত্রে সুযোগ বুঝে যে যার মতো চাঁদা নেয় বলে অভিযোগ আছে। সড়ক পরিবহন সংগঠন ও বাস-ট্রাক টার্মিনাল বা ছোট গাড়ির স্ট্যান্ডগুলোতে অবৈধ চাঁদা আদায় ও রাজনৈতিক প্রভাব বিস্তারের কারণে গোলযোগও হয়।জানতে চাইলে সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক প্রথম আলোকে বলেন, ‘আমাদের প্রস্তাব যোগাযোগমন্ত্রী ও নৌমন্ত্রী গ্রহণ করেছেন। বৈধ চাঁদা আদায়ের ব্যাপারে সবাই একমত হয়েছেন।’এ প্রসঙ্গে বাংলাদেশ সড়ক পরিবহন সমিতির মহাসচিব এনায়েত উল্লাহ খান বলেন, ‘যাচাই-বাছাই করে পুরো প্রস্তাব বিবেচনা করা হবে বলে মন্ত্রীরা আমাদের আশ্বাস দিয়েছেন।’