চাঁদাবাজির অভিযোগ এনে কাউন্টারভিত্তিক বাস অনির্দিষ্টকালের জন্য বন্ধ
চাঁদাবাজির অভিযোগে মিরপুরগামী ও মিরপুর থেকে ছেড়ে যাওয়া বেশ কয়েকটি পরিবহন কোম্পানি আজ মঙ্গলবার বাস চলাচল বন্ধ করে দিয়েছে। এ ঘটনার পর বেসরকারি যেসব বাস কোম্পানি কাউন্টারের মাধ্যমে টিকিট বিক্রি করে, তাদের অধিকাংশ আজ বৈঠক করে অনির্দিষ্টকালের জন্য রাজধানীতে বাস চলাচল বন্ধ রাখার ঘোষণা দিয়েছে। কাউন্টারভিত্তিক বাসগুলো বন্ধ হয়ে গেলে বিকেলের দিকে ঘরমুখো মানুষ দুর্ভোগে পড়ে।আজ বিকেলে ধর্মঘট আহ্বানকারী বাস-মালিকেরা যোগাযোগ মন্ত্রণালয়সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির সঙ্গে সাক্ষাত্ করেন। রাতে এ বিষয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হবে বলে জানিয়েছেন শতাব্দী পরিবহনের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শরীফ উদ্দিন খোন্দকার। তিনি সাংবাদিকদের জানান, চাঁদাবাজির প্রতিবাদ করায় আজ মিরপুর এলাকায় তাঁকে লাঞ্ছিত করেছে চাঁদাবাজেরা।বিকেলে শাহবাগ এলাকায় গিয়ে দেখা গেছে, মিরপুর রুটে চলাচলকারী শতাব্দী, বাহন, ট্রান্সসিলভা, আল জামির ও পূবালী পরিবহনের কাউন্টার বন্ধ পাওয়া যায়। ফার্মগেটেও স্বকল্প, আশীর্বাদ, রূপালী, সূচনাসহ বেশ কিছু কোম্পানির বাস বন্ধ করে দেওয়া হয়।কাউন্টারভিত্তিক বাসের মালিকেরা বিকেলে ফার্মগেটে স্বকল্প পরিবহনের কার্যালয়ে বৈঠক করেন। সেখানেই তাঁরা অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট পালনের ঘোষণা দেন।বৈঠক শেষে মোহাম্মদ শরীফ উদ্দিন খোন্দকার সাংবাদিকদের জানান, গত কয়েক দিন ধরেই মিরপুর এলাকায় তাঁদের কাছে প্রতিটি গাড়িতে দৈনিক ৭০ টাকা হারে চাঁদা দাবি করেছে ঢাকা সড়ক পরিবহন সমিতির নেতারা। তাঁরা চাঁদা দিতে রাজি না হলে নানাভাবে হুমকি দেন স্থানীয় পরিবহনের নেতা আবুল কাশেম, মাহরাজ হোসেনসহ কয়েকজন। আজ সকালে চাঁদা না দেওয়ায় আশীর্বাদ পরিবহনের একটি গাড়ি আটকালে, চালক ভয়ে গাড়ি রেখে পালিয়ে যান। এ ঘটনায় মালিকেরা প্রতিবাদ করলে চাঁদাবাজেরা শরীফ উদ্দিন খোন্দকারের ওপর চড়াও হয়।জানতে চাইলে মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন মোল্লা প্রথম আলোকে জানান, পরিবহন শ্রমিক-মালিকদের মধ্যে ঝগড়ার সময় যানবাহন চলাচল বাধাগ্রস্ত হয়। সাধারণ মানুষ দুর্ভোগে পড়ে। এ জন্য পুলিশ বাদী হয়ে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করার প্রস্তুতি নিচ্ছে।অবশ্য আবুল কাশেম চাঁদাবাজির অভিযোগ নাকচ করে দিয়েছেন। তিনি ফোনে প্রথম আলোকে বলেন, তাঁরা (ধর্মঘট ডাক দেওয়া মালিকেরা) জামায়াতের লোক। বাস বন্ধ করে দিয়ে সংকট সৃষ্টি করতে চান তাঁরা।গত বছর মহানগর পুলিশ কমিশনার এ কে এম শহীদুল হকের সভাপতিত্বে এক সভায় বাসপ্রতি দৈনিক চাঁদা ৭০ টাকা নির্ধারণ করা হয়। এ টাকা থেকে মালিক সমিতি ৪০ টাকা, শ্রমিক ইউনিয়ন ২০ টাকা এবং সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন ১০ টাকা পাবে বলে ঠিক করা হয়। কিন্তু কাউন্টারভিত্তিক বাসের মালিকেরা তা দেননি।