সন্ত্রাসীরা টেলিফোনে হুমকি দিচ্ছে, চাঁদাবাজি করছে। মহাসড়কে চাঁদাবাজি হয় পুলিশের সহযোগিতায়, হচ্ছে মাদক ব্যবসা। এসব অভিযোগ করেছেন ব্যবসায়ীরা। পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) হাসান মাহমুদ খন্দকারের সঙ্গে গতকাল শুক্রবার মতবিনিময় সভায় তাঁরা এসব অভিযোগ করেন। ব্যবসায়ীরা বলেন, সন্ত্রাসীদের হুমকি ও চাঁদাবাজিতে তাঁরা অতিষ্ঠ হয়ে পড়েছেন। তাঁরা চাঁদাবাজি বন্ধে একটি পৃথক সেল গঠনের সুপারিশ করেন।ব্যবসায়ীদের অভিযোগের পরিপ্রেক্ষিতে আইজিপি আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যবসায়ী ও পুলিশকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান। ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব চেম্বার অ্যান্ড কমার্স ইন্ডাস্ট্রিজ (এফবিসিসিআই) আইনশৃঙ্খলা পরিস্থিতি ও নিরাপত্তা নিয়ে এই মতবিনিময় সভার আয়োজন করে। সকালে রাজধানীর মতিঝিলে ফেডারেশন ভবনে ঘণ্টাব্যাপী এ সভায় সভাপতিত্ব করেন এফবিসিসিআইয়ের সভাপতি এ কে আজাদ। সভায় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার এ কে এম শহীদুল হকও উপস্থিত ছিলেন।মতবিনিময় সভায় ব্যবসায়ীরা বিভিন্ন অভিমত তুলে ধরেন। বেশির ভাগ ব্যবসায়ী গত রমজান মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতি তুলনামূলক ভালো থাকায় পুলিশকে ধন্যবাদ জানান। সভায় আইজিপি জানান, প্রতি তিন মাস পরপর এ ধরনের সভা হবে।সভায় এফবিসিসিআইয়ের পরিচালক প্রবীর কুমার সাহা বলেন, ‘টেলিফোনে সন্ত্রাসীদের হুমকি ও চাঁদাবাজিতে ব্যবসায়ীরা অতিষ্ঠ হয়ে পড়েছেন। এ নিয়ে তাঁরা ভীতির মধ্যে আছেন। অনেক ব্যবসায়ী গোপনে চাঁদার টাকা পরিশোধও করছেন।’ এসব অপরাধ দমনে তিনি একটি আলাদা সেল গঠনের আহ্বান জানান।প্রবীর কুমার সাহার বক্তব্যের পর ডিএমপি কমিশনার বলেন, ‘চাঁদাবাজি ও টেলিফোন-সন্ত্রাসের বিষয়টি ব্যবসায়ীদের লুকিয়ে না রেখে পুলিশের কাছে অভিযোগ করতে হবে। কেউ গোপনে চাঁদা দিলে আমরা কী করব। অভিযোগ না করলে কোনো পদক্ষেপ নেওয়া যায় না। অবশ্য এ জন্য আস্থার পরিবেশ দরকার।’ তিনি বলেন, ‘পুলিশ চায় না অপরাধ হোক। থানার ওসি সকালে উঠে দোয়া করেন সারা দিন যেন ভালো যায়।’মহাসড়কগুলোতে বেপরোয়া চাঁদাবাজির অভিযোগ করেন এফবিসিসিআইয়ের পরিচালক মজিবর রহমান খান। তিনি অভিযোগ করেন, মহাসড়কে পুলিশের সহযোগিতায় চাঁদাবাজি করা হয়। অভিযোগ করলেও কেউ কার্যকর ভূমিকা নেয় না।এর পরিপ্রেক্ষিতে ডিএমপি কমিশনার বলেন, জনগণ ও পুলিশের মধ্যে সুসম্পর্ক হলে অপরাধ অনেকাংশে কমে যাবে। তিনি পুলিশের ওপর আস্থা রাখার জন্য সাধারণ জনগণের প্রতি আহ্বান জানান।ব্যবসায়ী মেজবাউর রহমান ভূঁইয়া অভিযোগ করেন, পুরান ঢাকার হাজারীবাগে মাদক ব্যবসা হচ্ছে। ওই এলাকা মাদকের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে। সেখানে ফাঁড়ি আছে, কিন্তু সেটা কার্যকর নয়। তিনি পুলিশ ফাঁড়ির সংখ্যা বাড়ানোর পরামর্শ দেন।এ ব্যাপারে শহীদুল হক বলেন, ‘মাদকের ব্যাপারে পুলিশের অবস্থান কঠোর। আমি থানার কর্মকর্তাদের বলেছি, শপথ করতে হবে যেন মাদকের ঘটনায় কেউ ছাড় না দেয়। ঢাকা মহানগরে প্রতি মাসে এক হাজারের মতো মাদকের মামলা হয়।’অপর একজন ব্যবসায়ী বলেন, সম্প্রতি মানি এক্সচেঞ্জের সামনে ছিনতাই ও গুলির ঘটনা বাড়ছে। তাই এসব প্রতিষ্ঠানের সামনে পুলিশের নজরদারি আরও বাড়ানো উচিত।এফবিসিসিআইয়ের পরিচালক নাগিবুল ইসলাম বলেন, যানবাহন রিক্যুইজিশনের কারণে ব্যবসায়ীদের নানা সমস্যায় পড়তে হয়। ব্যবসায়ীদের গাড়ি যেন রিক্যুইজিশন করা না হয়, তিনি সে ব্যাপারে দৃষ্টি দেওয়ার আহ্বান জানান। কয়েকজন ব্যবসায়ী বলেন, প্রয়োজনে তাঁরা গাড়ি দেবেন, তবুও যেন গাড়ি রিক্যুইজিশন করা না হয়।রিক্যুইজিশন প্রসঙ্গে ডিএমপি কমিশনার বলেন, পুলিশের নানা সীমাবদ্ধতা রয়েছে। পুলিশের গাড়ি প্রয়োজনের তুলনায় কম। ব্যবসায়ী সংগঠনগুলো যদি এসব ব্যাপারে এগিয়ে আসে, পুলিশের কাজের জন্য গাড়ি দেয়, তাহলে পুলিশের কাজে আরও গতি আসবে। তিনি বলেন, অনেকে শুধু কথা দিয়েছে, কিন্তু পরে আর পাওয়া যায়নি। পুলিশ ইচ্ছা করে গাড়ি রিক্যুইজিশন করে না। একটি থানায় প্রতিদিন গড়ে ১০টি করে ভ্রাম্যমাণ দল কাজ করে। কিন্তু ওই থানায় দুটির বেশি গাড়ি দেওয়া যায় না। অনেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজের টাকা দিয়ে গাড়ি ভাড়া করে কাজ করেন। পুলিশ কমিশনার বলেন, ‘রিক্যুইজিশন করা গাড়ি নিয়ে পুলিশের কোনো আগ্রহ নেই। রিক্যুইজিশন করা গাড়ির চালক ঠিকমতো কাজ করেন না। কিন্তু আমাদের উপায় নেই।’এফবিসিসিআইয়ের পরিচালক লিয়াকত আলী ভূঁইয়া বলেন, গুলশান, বনানী ও অভিজাত এলাকায় বাসাবাড়িতে ভারতীয় অবৈধ পোশাক বিক্রি করা হচ্ছে।আইজিপি হাসান মাহমুদ খন্দকার বলেন, ‘আপনাদের প্রত্যাশা যাতে পূরণ হয়, সে ব্যাপারে শতভাগ আন্তরিকতা নিয়ে চেষ্টা করা হচ্ছে। অন্য সবার মতো পুলিশ বাহিনীতে কর্মরত সদস্যরাও ভুল-ত্রুটির ঊর্ধ্বে নয়। আইন প্রয়োগকারী এ সংস্থার দু-একজনের ভুল কিংবা বিচ্যুতির জন্য ঢালাওভাবে পুলিশ প্রশাসনকে দায়ী করা যৌক্তিক হবে না। পুলিশ বাহিনীর কাছে জনগণের প্রত্যাশা অনেক। জনগণের এ প্রত্যাশা ও প্রাপ্তির মধ্যে যখন অমিল দেখা দেয়, তখনই দুই পক্ষের মধ্যে দূরত্ব সৃষ্টি হয়। এ দূরত্ব ঘোচাতে পুলিশ ও জনগণের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপন করা উচিত।’সবশেষে এফবিসিসিআইয়ের সভাপতি এ কে আজাদ সবাইকে ধন্যবাদ জানান।