চাঁদাবাজির অভিযোগে এনএসআই কর্মকর্তা গ্রেপ্তার
চাঁদাবাজির অভিযোগে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) এক কর্মকর্তাকে গতকাল বৃহস্পতিবার গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।মাজাহারুল ইসলাম নামের এনএসআইয়ের ওই কর্মকর্তা ঢাকার আশুলিয়ায় কর্মরত।আজ শুক্রবার ‘লাইফওয়ে বাংলাদেশ প্রাইভেট লিমিটেড’ নামের একটি এমএলএম কোম্পানির চেয়ারম্যান হাসান কবীর বাদী হয়ে আশুলিয়া থানায় একটি মামলা করেছেন।মামলার বিবরণীতে বলা হয়, এনএসআইয়ের মাঠ কর্মকর্তা মাজাহারুল ইসলাম গত সোমবার ফোন করে হাসান কবীরকে তাঁর সঙ্গে দেখা করতে বলেন। কিন্তু অসুস্থতার কারণে সেদিন হাসান কবীর দেখা করতে পারেননি। পরের দিন গুলশানে হাসান কবীরের সঙ্গে দেখা করে মাজাহারুল তাঁকে জানান, গত রোববার আশুলিয়ার গোড়াট এলাকার ডেবনোয়ার নামে একটি পোশাক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনার সঙ্গে তাঁর প্রতিষ্ঠানের সংশ্লিষ্টতার প্রমাণ তাঁর কাছে আছে। এ বিষয়ে তাঁর প্রতিষ্ঠানকে জড়িয়ে প্রতিবেদন দেওয়ার হুমকি দিয়ে কবীরের কাছে প্রতিষ্ঠানটির প্রোফাইলসহ ৫০ হাজার টাকা চাঁদা দাবি করেন তিনি। হাসান কবীর ভয়ে ওই দিন সন্ধ্যায় প্রতিষ্ঠানের প্রোফাইলসহ ৩০ হাজার টাকা মাজাহারুলের কাছে পাঠিয়ে দেন।মামলায় আরও বলা হয়, চাহিদা অনুযায়ী টাকা না দেওয়ায় মাজাহারুল ভয় দেখিয়ে তাঁর কাছে আরও ২০ হাজার টাকা দাবি করেন। এ অবস্থায় আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তা পেতে তিনি গত বুধবার লিখিতভাবে বিষয়টি র্যাব-১কে অবহিত করেন। এরপর র্যাবের পরামর্শে হাসান কবীর বাকি ২০ হাজার টাকা দেওয়ার জন্য মাজাহারুলকে গতকাল উত্তরার জসীমউদদীন সড়কের উত্তরা টাওয়ারের কাছে যেতে বলেন। সন্ধ্যা ছয়টার দিকে মাজাহারুল টাকা নিতে গেলে র্যাবের সদস্যরা তাঁকে আটক করেন।র্যাব-১ সূত্র জানায়, হাসান কবীর তাঁদের কাছে লিখিত আবেদন করায় গতকাল তাঁরা উত্তরা টাওয়ারের পাশে অবস্থান নেন। মাজাহারুল টাকা নিতে গেলে তাঁকে গ্রেপ্তার করা হয়। আজ সকালে তাঁকে আশুলিয়া থানায় সোপর্দ করা হয়েছে।পুলিশ হেফাজতে থাকা অবস্থায় মাজাহারুল ইসলাম প্রথম আলো ডটকমকে বলেন, লাইফওয়ে বাংলাদেশ প্রাইভেট লিমিটেডের সঙ্গে অগ্নিকাণ্ডের সংশ্লিষ্টতা থাকার তথ্য পাওয়ার পর প্রতিষ্ঠানটির বিষয়ে বিভিন্নভাবে খোঁজখবর নেওয়া হয়। চাঁদাবাজির অভিযোগ অস্বীকার করে তিনি বলেন, তিনি নির্দোষ, তাঁকে পরিকল্পিতভাবে ফাঁসানো হয়েছে। আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বদরুল আলম চাঁদাবাজির অভিযোগে এনএসআইয়ের কর্মকর্তা গ্রেপ্তার হওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, মামলা হয়েছে। তদন্তে প্রকৃত ঘটনা উদঘাটিত হবে।