চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার ৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদার দাবিতে এক নির্মাণশ্রমিককে গুলি করে হত্যাচেষ্টার অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। ডিবির দাবি, গতকাল রোববার মধ্যরাতে পল্লবী এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।আজ সোমবার বেলা সাড়ে ১১টায় রাজধানীর মিন্টো রোডে গোয়েন্দা পুলিশের মিডিয়া সেন্টারে এক সংবাদ ব্রিফিংয়ে গ্রেপ্তার করা ব্যক্তিদের হাজির করা হয়। গ্রেপ্তার হওয়া পাঁচজন হলেন: মনির আহমেদ, ইমরান, রবিউল হক, জাহাঙ্গীর ও আজগর আলী। সংবাদ ব্রিফিংয়ে ডিবির অতিরিক্ত উপকমিশনার মসিউর রহমান বলেন, ‘গত ২৯ সেপ্টেম্বর সকালে পল্লবী এলাকার একটি নির্মাণাধীন ভবনে একজন সন্ত্রাসী গিয়ে নিরাপত্তাকর্মী মো. মোবারকের হাতে দুটি খাম দেয়। তাঁকে ভয়ভীতি দেখিয়ে ওই দিনের মধ্যে নির্মাণাধীন ভবনের ঠিকাদারকে ১০ লাখ টাকা দেওয়ার দাবি জানায় সে। না হলে সবাইকে গুলি করার হুমকি দিয়ে ওই সন্ত্রাসী চলে আসার সময় মোবারককে গুলি করে।’মসিউর আরও বলেন, এ ঘটনায় পুলিশের পাশাপাশি ডিবিও তদন্ত শুরু করে। পরে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে এই পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। তাঁরা কুখ্যাত সন্ত্রাসী চান ওরফে বিহারি চানের সহযোগী। তাদের কাছ থেকে দুটি আগ্নেয়াস্ত্র, কয়েকটি গুলি, ম্যাগাজিন ও বিস্ফোরক দ্রব্য উদ্ধার করা হয়েছে।উপস্থিত এই পাঁচজন সাংবাদিকদের কাছে নিজেদের অপরাধের কথা স্বীকার করেছেন।ডিবির সহকারী কমিশনার (এসি) তৌহিদুল ইসলাম বলেন, চানের বিরুদ্ধে হত্যা, ডাকাতিসহ বিভিন্ন থানায় ১৩টি মামলা রয়েছে। চান ভারতে পালিয়ে রয়েছে বলে ডিবির কাছে তথ্য রয়েছে।এদিকে ডিবির আরেক অভিযানে গতকাল মধ্যরাতে সবুজবাগ এলাকা থেকে দুটি আগ্নেয়াস্ত্রসহ তোফাজ্জল হোসেন ও মো. বাবু নামে দুজনকে গ্রেপ্তার করেছে ডিবি। এ ছাড়া দুটি বেসরকারি মুঠোফোন কোম্পানির টাওয়ারে চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগে বাড্ডা এলাকা থেকে মিজানুর রহমান, শফিকুল ইসলাম, রফিকুল ইসলাম ও মো. মিরাজ নামের চারজনকে আটক করেছে ডিবির একটি দল।