চাঁদাবাজির অভিযোগে চার পুলিশ গ্রেপ্তার, মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদাবাজির অভিযোগে রাজধানীর চকবাজার থানার এক কর্মকর্তাসহ চার পুলিশ সদস্যের বিরুদ্ধে শাহবাগ থানায় দ্রুত বিচার আইনে মামলা হয়েছে। গত শুক্রবার ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) তাঁদের গ্রেপ্তার করে। গত শনিবার রাতে তাঁদের থানায় হস্তান্তর করার পর চাঁদাবাজির শিকার এক নারী মামলাটি করেন। গ্রেপ্তার পুলিশ সদস্যরা হলেন: চকবাজার থানার উপপরিদর্শক (এসআই) আলাউদ্দিন খান এবং কনস্টেবল মোয়াজ্জেম হোসেন, মোজাম্মেল হোসেন ও মফিজুল ইসলাম। তাঁদের চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম শাখার উপকমিশনার (ডিসি) মাসুদুর রহমান বলেন, শুক্রবার পলাশীর মোড়ে ডিবি পুলিশ পরিচয় দিয়ে এই চারজন ভয়ভীতি দেখিয়ে এক নারীর কাছ থেকে চাঁদা দাবি করছিলেন। এ নিয়ে বাগিবতণ্ডার একপর্যায়ে ওই নারী ডিবি পুলিশের এক কর্মকর্তাকে ফোন করে বিষয়টি জানান। পরে ডিবি পুলিশ তাঁদের আটক করে মিন্টো রোডে ডিবি কার্যালয়ে নিয়ে যায়। সেখানে তাঁদের জিজ্ঞাসাবাদ করে জানা যায়, তাঁরা চকবাজার থানার পুলিশ কর্মকর্তা ও সদস্য। পরে শনিবার রাতে তাঁদের শাহবাগ থানায় সোপর্দ করা হয়। গতকাল রোববার তাঁদের আদালতে হাজির করা হলে বিচারক জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।