চাঁদাবাজির অভিযোগে ছাত্রলীগ নেতা কারাগারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদা আদায়কালে নাটোর জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আতিকুল ইসলাম ওরফে আতিককে হাতেনাতে গ্রেপ্তারের পর কারাগারে পাঠানো হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে সদর থানা-পুলিশ নাটোর শহরের আলাইপুর মহল্লা থেকে তাঁকে গ্রেপ্তার করে।এ ঘটনায় তাঁর এক সহযোগীসহ দুজনের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা হলে আজ শুক্রবার সকাল আটটার দিকে তাঁদের কারাগারে পাঠানো হয়।নাটোর থানা সূত্রে জানা যায়, কয়েকজন সন্ত্রাসী গত কয়েক দিন থেকে শহরের উত্তরা সুপার মার্কেটের ভৌমিক হোমিও হলের মালিক সুবাস কুমার ভৌমিকের কাছে মোটা অঙ্কের চাঁদা দাবি করে আসছিল। চাঁদা দিতে না চাইলে তারা তাঁকে হত্যার হুমকি দেয়। বাধ্য হয়ে তিনি ঘটনাটি পুলিশকে জানান। পুলিশের পরামর্শে ওই হোমিও চিকিত্সক বৃহস্পতিবার রাত আটটার দিকে শহরের আলাইপুরে বিদ্যুত্ অফিসের পাশে চাঁদার টাকা পরিশোধ করবেন বলে সন্ত্রাসীদের জানান। কথামতো রাতে তিনি সেখানে গেলে সন্ত্রাসীরাও সেখানে আসে এবং চাঁদার টাকা লেনদেন করতে শুরু করে। এ সময় পুলিশ হাতেনাতে দুই যুবককে আটক করে। আটক যুবকদের মধ্যে একজন আতিকুল ইসলাম ওরফে আতিক। তিনি জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক। অন্যজন ছাত্রলীগ কর্মী মোহাম্মদ প্রিন্স।বৃহস্পতিবার রাতে হোমিও চিকিত্সক সুবাস কুমার ভৌমিক বাদী হয়ে আটক ওই দুই যুবকের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা দায়ের করেন। ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আজ তাঁদের আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়। জেলা ছাত্রলীগের সভাপতি আজমল হোসেন ওরফে স্বপন এ দুজনের দলীয় পরিচয় নিশ্চিত করে বলেন, ‘ঘটনা সম্পর্কে আমি শুনেছি। তবে অভিযোগ সত্য কি না, বলতে পারব না।’নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। ইতিমধ্যে তদন্ত শুরু হয়েছে। দ্রুত সময়ের মধ্যে তদন্ত প্রতিবেদন আদালতে জমা দেওয়া হবে।