চাঁদাবাজির অভিযোগে দুই যুবককে গণপিটুনি
রাজধানীর মিরপুরের জাতীয় উদ্ভিদ উদ্যানে (বোটানিক্যাল গার্ডেন) আজ বৃহস্পতিবার সকালে চাঁদাবাজির অভিযোগে দুই যুবককে গণপিটুনি দেওয়া হয়েছে।ওই দুই যুবকের নাম এস এম ওমর ফারুক ও অদিত সাহা। শাহ আলী থানার পুলিশ তাঁদের আটক করেছে।উদ্যানের ইজারাদার বেলাল হোসেন দাবি করেন, আজ সকাল সাড়ে নয়টার দিকে বোটানিক্যাল গার্ডেনের পেছনের গড়ান-চটবাড়ি এলাকার ফটক দিয়ে ওই দুই যুবক ভেতরে ঢোকেন। এ সময় টিকিট পরীক্ষক আমানত হোসেনের কাছে চাঁদা দাবি করেন তাঁরা। আমানতের চিত্কারে আশপাশের লোকজন ও নিরাপত্তারক্ষীরা এসে ওই দুই যুবককে গণপিটুনি দেয়। পরে শাহ আলী থানার পুলিশ এসে তাঁদের থানায় নিয়ে যায়।বেলাল হোসেন অভিযোগ করেন, ওই দুই যুবক স্থানীয় সাংসদের নাম ভাঙিয়ে নানা অপরাধ চালিয়ে আসছেন। এর আগেই তিনি এঁদের বিরুদ্ধে থানায় সাধারণ অভিযোগ (জিডি) করেছিলেন।এ ব্যাপারে যোগাযোগ করা হলে শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিমুজ্জামান আটক দুই ব্যক্তির বিরুদ্ধে জিডি থাকার কথা স্বীকার করে বলেন, তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।