চাঁদাবাজির অভিযোগে রাজধানীতে ৩ জন গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাঁদাবাজির অভিযোগে রাজধানীর পল্লবী আবাসিক এলাকা থেকে গতকাল বৃহস্পতিবার মধ্য রাতে পুলিশ দেলোয়ার হোসেনসহ তাঁর দুই সহযোগী মওদুদ আহমেদ ও মোখলেছুর রহমানকে গ্রেপ্তার করেছে। পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন জানান, গ্রেপ্তার হওয়া দেলোয়ার নিজের লাইসেন্স করা পিস্তলের ভয় দেখিয়ে পল্লবীর আবাসিক এলাকা ও ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদাবাজি করে আসছিলেন। গতকালও দেলোয়ার তাঁর দুই সহযোগীকে নিয়ে পল্লবীর আবাসিক এলাকার বাসিন্দা কামরুজ্জামানের কাছে চাঁদা দাবি করেন। ভয়ে ওই সময় তিনি চাঁদা দিতে রাজি হলে তাঁরা চলে যায়। কামরুজ্জামান বিষয়টি থানায় জানালে পুলিশ ওই এলাকা থেকে ওই তিনজনকে আটক করে।পরে ওই রাতেই কামরুজ্জামান তাঁদের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা করেন। ইকবাল হোসেন আরও জানান, সন্ত্রাসী তিনজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।