‘ছাত্রলীগের চাঁদাবাজি, নির্মাণকাজ বন্ধ’ শিরোনামে ১৬ জুলাই প্রথম আলোতে প্রকাশিত প্রতিবেদনের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ। গতকাল শনিবার বেলা তিনটায় বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়া লাউঞ্জে আয়োজিত সংবাদ সম্মেলনে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি মাহমুদুর রহমান প্রথম আলোতে প্রকাশিত প্রতিবেদনকে ভিত্তিহীন বলে উল্লেখ করেন। চাঁদাবাজির সঙ্গে ছাত্রলীগের কেউ জড়িত নয় বলেও দাবি তাঁর। সংবাদ সম্মেলনে নির্মীয়মাণ ভবনসমূহের ঠিকাদারি প্রতিষ্ঠান মল্লিক এন্টারপ্রাইজ ও ঊর্মিলা এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী হাবিব মল্লিক ও জামাল উদ্দিনও উপস্থিত ছিলেন। সাংবাদিকদের প্রশ্নের জবাবে ঊর্মিলা এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী জামাল উদ্দিন দাবি করেন, প্রথম আলোর কোনো সাংবাদিকের সঙ্গে তিনি কথা বলেননি। প্রতিবেদনে নির্মীয়মাণ শেখ হাসিনা হলের ঠিকাদারি প্রতিষ্ঠান হিসেবে ঊর্মিলা এন্টারপ্রাইজের নাম উল্লেখ করা হয়েছে। এই তথ্যগত ভুলেরও প্রতিবাদ করেন তিনি। মল্লিক এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী হাবিব মল্লিক বলেন, তাঁর সঙ্গেও প্রথম আলোর কোনো সাংবাদিক যোগাযোগ করেননি।বিশ্ববিদ্যালয় প্রশাসন কি নিশ্চিত যে চাঁদাবাজির সঙ্গে ছাত্রলীগ জড়িত নয়? জবাবে প্রক্টর মুজিবুর রহমান বলেন, ‘এ বিষয়ে আমরা নিশ্চিত নই। তবে প্রথম আলোতে প্রতিবেদন প্রকাশের পরদিনই চাঁদাবাজির বিষয়ে সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।’সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাজীব আহমেদসহ অন্যান্য নেতা-কর্মী।