চাঁদাবাজির প্রতিবাদে চট্টগ্রামে দোকান বন্ধ রেখে বিক্ষোভ
চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে গতকাল শনিবার দুপুরে চট্টগ্রামের হালিশহর বড়পোল এলাকায় ব্যবসায়ীরা দুই ঘণ্টা দোকান বন্ধ রাখেন। পরে পুলিশের অনুরোধে দুপুর একটায় দোকানপাট খোলেন ব্যবসায়ীরা। রাতের (শনিবার) মধ্যে সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া না হলে আজ রোববার আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে তাঁরা হুমকি দেন। হালিশহর বণিক কল্যাণ সমিতির ব্যানারে এ আন্দোলন করা হচ্ছে।এলাকাবাসী, পুলিশ ও ব্যবসায়ী সূত্রে জানা গেছে, স্থানীয় এক ব্যবসায়ীর কাছ থেকে তাঁর দোকানের কর্মচারীর পাওনা টাকা আদায়কে কেন্দ্র করে বিরোধের সূত্রপাত হয়। ব্যবসায়ীর কাছে ওই কর্মচারীর পাওনার পরিমাণ ছিল পাঁচ হাজার টাকা। কিন্তু স্থানীয় কিছু তরুণ ওই কর্মচারীর পক্ষ নিয়ে ব্যবসায়ীর কাছে দুই লাখ টাকা দাবি করে। এ নিয়ে গত সপ্তাহে হালিশহর বণিক সমিতির সভাপতি শাকিল আহসান উভয় পক্ষকে নিয়ে সমঝোতা বৈঠক করেন। কিন্তু ওই তরুণেরা সমঝোতা না মেনে শাকিল আহসানের কাছে দুই লাখ টাকা চাঁদা দাবি করে। দাবির টাকা না দেওয়ায় গত শুক্রবার রাতে তারা শাকিলকে মারধর করে।এ ঘটনার প্রতিবাদে গতকাল বেলা ১১টা থেকে দুপুর একটা পর্যন্ত প্রায় ২০০ দোকানপাট বন্ধ রাখেন ব্যবসায়ীরা। এ সময় ব্যবসায়ীরা বিক্ষোভ-সমাবেশ করেন। সমাবেশে বক্তারা দ্রুত চাঁদাবাজদের গ্রেপ্তারের দাবি জানান। অন্যথায় তাঁরা বৃহত্তর কর্মসূচি ঘোষণা করার হুঁশিয়ারি দেন।শাকিল প্রথম আলোর কাছে অভিযোগ করেন, ‘এক সপ্তাহ ধরে স্থানীয় ছয়-সাতজন যুবক চাঁদা না দিলে ব্যবসা করা যাবে না বলে হুমকি দিয়ে আসছে আমাকে। এই চাঁদাবাজির প্রতিবাদে আমরা আন্দোলন করছি।’হালিশহর বণিক সমিতির জ্যেষ্ঠ সহসভাপতি মো. ইউনুছ বলেন, ‘যুবকেরা এক সপ্তাহ ধরে ব্যবসায়ীদের চাঁদা দিতে চাপ দিচ্ছে। প্রশাসন শনিবার রাতের মধ্যে সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে আমরা কাল (রোববার) দোকানপাট বন্ধ রেখে সড়ক অবরোধ করব।’নগর পুলিশের বন্দর জোনের উপকমিশনার (ডিসি-পোর্ট) কুসুম দেওয়ান বলেন, ব্যবসায়ীদের পক্ষ থেকে চাঁদাবাজির অভিযোগ পাওয়ার পর পুলিশ ঘটনার সরেজমিন তদন্ত করেছে। অভিযোগের সত্যতা পাওয়ার পর চাঁদাবাজদের বিরুদ্ধে হালিশহর থানায় নিয়মিত মামলা হয়েছে।হালিশহর থানা সূত্র জানায়, ব্যবসায়ীকে মারধরের ঘটনায় বণিক সমিতির সভাপতি শাকিল গতকাল বিকেলে হালিশহর থানায় একটি নিয়মিত মামলা করেন। এতে সুমন, বাছা, হারেছ, রিপন, রুবেল ও সেলিম নামের ছয়জনকে আসামি করা হয়।