চাঁদাবাজির প্রতিবাদে পুরান ঢাকায় ব্যবসায়ীদের বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদাবাজিতে অতিষ্ঠ ব্যবসায়ীরা গতকাল বুধবার দিনভর পুরান ঢাকার ধোলাইখাল-সংলগ্ন নারিন্দা নতুন রাস্তায় দোকানপাট বন্ধ রেখে বিক্ষোভ করেছেন। এ সময় তাঁরা তিনটি সড়কে যানবাহন চলাচল বন্ধ করে দেন। এতে পুরান ঢাকার একাংশ প্রায় অচল হয়ে পড়ে।ব্যবসায়ীদের অভিযোগ, অনেক দিন ধরেই নজরুল নামের এক ব্যক্তি ও তাঁর সহযোগীদের চাঁদাবাজিতে তাঁরা অতিষ্ঠ হয়ে উঠেছেন। এ বিষয়ে তাঁরা পুলিশের কাছে অভিযোগ করেও প্রতিকার পাননি। অভিযোগ করার কারণে বরং উল্টো পুলিশই তাঁদের হয়রানি করেছে। এ কারণে তাঁরাই চাঁদাবাজদের প্রতিহত করতে গতকাল রাস্তায় নেমে আসেন।প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, সকাল নয়টার দিকে শত শত ক্ষুদ্র ব্যবসায়ী নারিন্দার বেগমগঞ্জ খোকা মাঠের পাশের নতুন রাস্তায় নেমে আসেন। তাঁরা নারিন্দা মোড় থেকে দয়াগঞ্জ নতুন রাস্তার মোড় পর্যন্ত সড়ক অবরোধ করে নজরুল ইসলামকে গ্রেপ্তারের দাবি জানান। একপর্যায়ে ব্যবসায়ীরা নজরুলের ভগ্নিপতির ব্যবসাপ্রতিষ্ঠান ভাঙচুর করেন। তাঁরা শরৎ গুপ্ত রোডে নজরুলের বাড়িতেও ইটপাটকেল ছোড়েন।খবর পেয়ে গেন্ডারিয়া ও সূত্রাপুর থানার পুলিশ গিয়ে ব্যবসায়ীদের রাস্তা থেকে সরাতে ব্যর্থ হয়। ব্যবসায়ীরা পুলিশকে বলেন, নজরুল গ্রেপ্তার না হওয়া পর্যন্ত তাঁরা রাস্তা ছাড়বেন না। তাঁরা রাস্তায় বিক্ষোভ করতে থাকেন। এভাবে বেলা দুইটা পর্যন্ত দফায় দফায় বিক্ষোভ চলে। এ সময় বিক্ষোভকারীদের হাতে নজরুলের সহযোগী বলে পরিচিত তিন কিশোর মারধরের শিকার হয়। এদের দুজনকে পুলিশ আটক করে, অন্যজন পালিয়ে যায়। পরে অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দেয়।স্থানীয় বাসিন্দারা জানান, ব্যবসায়ীদের অবরোধের কারণে ধোলাইখাল, নারিন্দা ও দয়াগঞ্জ এলাকায় যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এতে আশপাশের সড়কগুলোতে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। ব্যবসায়ীরা পুলিশ কর্মকর্তাদের কাছে অভিযোগ করেন, গেন্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান চাঁদাবাজির মামলা নিতে চান না। উল্টো সন্ত্রাসীর পক্ষ নিয়ে ব্যবসায়ীদের হয়রানি করেন।কয়েকজন ব্যবসায়ী প্রথম আলোকে বলেন, নজরুলের সঙ্গে ৫০ জনের একটি দল আছে। এরা খোকা মাঠের আশপাশের দোকান থেকে নিয়মিত চাঁদাবাজি করে। নজরুল কিশোর-তরুণদের দিয়ে চাঁদার টাকা তোলেন। তাঁদের অভিযোগ, এর পেছনে স্থানীয় এক সাংসদের হাত আছে।ব্যবসায়ী আবু মিয়া অভিযোগ করেন, চাঁদা না দেওয়ায় নজরুলের লোকজন সেখানকার দোকানপাট ভাঙচুর করত। কখনো কখনো তারা দোকানের তালায় সুপার গ্লু ও বালু ঢুকিয়ে নষ্ট করে দিত। তিনি জানান, এসব ঘটনার পর গত মঙ্গলবার রাতে ব্যবসায়ীরা বৈঠক করে নজরুল ও তাঁর লোকদের প্রতিহত করার সিদ্ধান্ত নেন। আরেক ব্যবসায়ী অভিযোগ করেন, নজরুল নিজে পিস্তল সঙ্গে নিয়ে এলাকায় ঘুরে বেড়ান। এ কারণে ব্যবসায়ীরা তাঁকে ভয় পান।গেন্ডারিয়া থানা সূত্র জানায়, নজরুলের বিরুদ্ধে চাঁদাবাজি ও মাদকদ্রব্য আইনে গেন্ডারিয়া থানায় একাধিক মামলা আছে। তাঁর বিরুদ্ধে তিনটি গ্রেপ্তারি পরোয়ানা আছে।সূত্র জানায়, গতকাল ঘটনার পর খোকা মাঠের ব্যবসায়ী এনায়েতউল্লাহ গেন্ডারিয়া থানায় একটি চাঁদাবাজির মামলা করেন।গেন্ডারিয়া থানার কর্তব্যরত উপপরিদর্শক (এসআই) জিয়ারত হোসেন জানান, ওই মামলায় নজরুল ও তাঁর কয়েকজন সহযোগীর নাম উল্লেখ করা হয়েছে।জানতে চাইলে পুলিশের ওয়ারী বিভাগের উপকমিশনার মো. ইলিয়াছ শরীফ প্রথম আলোকে বলেন, এর আগে সন্ত্রাসী নজরুল একবার গ্রেপ্তার হয়েছিলেন, পরে জামিনে বেরিয়ে আসেন। পুলিশ তাঁদের গ্রেপ্তারে তৎপরতা শুরু করেছে। তিনি জানান, পুলিশের বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে, তা তদন্তে কমিটি গঠন করা হয়েছে।