চাঁদাবাজির মামলায় হুদা দম্পতির জামিন
সাবেক যোগাযোগমন্ত্রী নাজমুল হুদা ও তাঁর স্ত্রী সিগমা হুদা চাঁদাবাজির একটি মামলায় জামিন পেয়েছেন।আজ সোমবার ঢাকার পঞ্চম যুগ্ম মহানগর দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক মনির কামাল এই জামিন আবেদন মঞ্জুর করেন।আজ নাজমুল হুদা ও তাঁর স্ত্রী আইনজীবীর মাধ্যমে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। আদালত শুনানি শেষে একজন আইনজীবীর জিম্মায় জামিনের আদেশ দেন। ১৮ জানুয়ারি এ মামলায় আসামির উপস্থিতির দিন ধার্য ছিল। কিন্তু এই দুজনের পক্ষে কোনো পদক্ষেপ না নেওয়ায় আদালত জামিন বাতিল করে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।দুই কোটি টাকা চাঁদা দাবির অভিযোগে ২০০৭ সালের ১৯ জুলাই কোরিয়া-ভিত্তিক হাং প্যাকেজিং কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক কিয়াং ওহ মতিঝিল থানায় এই মামলা করেন। মামলায় কিয়াং ওহর সাবেক স্বামী বোন সান পার্ক, হুদা দম্পতি, মনির হোসেনকে আসামি করা হয়। ওই বছরের ৪ ডিসেম্বর সিআইডির পরিদর্শক মোবারক হোসেন অভিযোগপত্র দেন।