চাঁদার দাবিতে শিক্ষকের ওপর হামলা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদার দাবিতে রাজশাহী নিউ গভ. ডিগ্রি কলেজের বাংলা বিভাগের শিক্ষক আজিজুর রহমানের ওপর হামলা চালিয়েছেন কলেজ শাখার ছাত্রমৈত্রীর নেতা-কর্মীরা। তাঁরা ওই শিক্ষককে চেয়ার দিয়ে আঘাত করেছেন বলে জানা গেছে।আজ সোমবার বেলা পৌনে একটার দিকে এ ঘটনা ঘটে।কলেজ সূত্রে জানা গেছে, আজ বেলা পৌনে একটার দিকে কলেজের বাংলা বিভাগের শিক্ষক আজিজুর রহমান কলেজের পরীক্ষা নিয়ন্ত্রণ কক্ষে সহকর্মীদের সঙ্গে কাজ করছিলেন। এ সময় ছাত্রমৈত্রীর নেতা কাওসার আলী ও অনীক এসে সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানের জন্য ওই শিক্ষকের কাছে ২০ হাজার টাকা চাঁদা চান। তিনি এই টাকা দিতে অপারগতা প্রকাশ করলে কথাকাটাকাটির একপর্যায়ের তাঁরা আজিজুর রহমানকে চেয়ার তুলে মারেন। পরে সহকর্মীরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন। আহত অবস্থায় শিক্ষক আজিজুর রহমান রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিত্সা নিয়েছেন।এ ঘটনার পর কলেজের অধ্যক্ষ আবদুল ওয়াহেদ সরকারসহ শিক্ষকেরা রাজশাহী পুলিশ কমিশনার এবং বিভাগীয় কমিশনারের সঙ্গে দেখা করে এই ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন। পরে আজিজুর রহমান বাদী হয়ে ওই দুই ছাত্রনেতাকে আসামি করে নগরের রাজপাড়া থানায় একটি অভিযোগ দায়ের করেন। ছাত্রমৈত্রীর রাজশাহী মহানগর শাখার সভাপতি মতিউর রহমান বলেন, ছাত্রমৈত্রীর সঙ্গে তাঁদের এখন আর কোনো সম্পর্ক নেই। তিনি এই হামলার তীব্র নিন্দা ও হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোকাররম হোসেন বিকেলে প্রথম আলোকে বলেন, তিনি এখনো কলেজেই আছেন। মামলার প্রস্তুতি চলছে।এর আগে গত ১২ নভেম্বর ছাত্রমৈত্রীর রাজশাহী নিউ গভ. ডিগ্রি কলেজ শাখার সভাপতি কাওসার আলীর নেতৃত্বে আট-দশজন নেতা-কর্মী কলেজ উপাধ্যক্ষের কক্ষে হামলা চালিয়েছিলেন।