চাঁদের দেখা মেলেনি, ঈদ সোমবার
দেশের কোথাও আজ শনিবার শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। এ জন্য কাল রোববার পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে না। ঈদ হবে আগামী সোমবার।আজ সন্ধ্যায় বায়তুল মোকাররম মসজিদে ইসলামিক ফাউন্ডেশনের কার্যালয়ে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ধর্ম প্রতিমন্ত্রী শাহজাহান মিয়া। সভা শেষে তিনি জানান, দেশের ৬৪টি জেলার কোথাও আজ শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। তাই কাল রোববার রমজান ৩০ দিন পূর্ণ হবে। সারা দেশে ঈদুল ফিতর পালিত হবে সোমবার।সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, জর্ডান, মিসর, ইয়েমেন ও লিবিয়ায় ঈদ পালিত হবে কাল রোববার। সৌদি আরবের সঙ্গে মিলিয়ে একই দিন বাংলাদেশেও কয়েকটি স্থানে প্রতিবছর ঈদ পালিত হয়ে থাকে।প্রিয়জনের সঙ্গে ঈদ করতে আজও বিপুলসংখ্যক মানুষ রাজধানী ছেড়েছে। এবারের ঈদের ছুটি দীর্ঘ হওয়ায় শেষ মুহূর্তে বাস টার্মিনালে তেমন ভিড় নেই। ফেরিঘাট ফাঁকা রয়েছে। মহাসড়কে যানজট তেমন নেই। রাজধানীর বিপণিবিতানগুলোয়ও আজ তেমন ভিড় নেই। বেশির ভাগ মানুষ আগেভাগে ঢাকা ছেড়ে যাওয়ায় মোটামুটি ফাঁকা শহরে বাসিন্দারা ঘুরেফিরে কেনাকাটা করছে।