চাঁপা রানী ভৌমিক হত্যার ঘটনায় ৫ জন আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরের মধুখালীতে চাঁপা রানী ভৌমিক (৪৮) হত্যার ঘটনায় আজ শুক্রবার সকালে পাঁচজনকে আটক করা হয়েছে। এঁরা হলেন—পূর্ব গাড়াখালা গ্রামের আবুল হাসান (২২) ও সাইফুল ইসলাম রাজু (২০), মধুখালী বাজার এলাকার শ্যামল কুমার সরকার (২১), শোভন চন্দ্র ভট্টাচার্য (২৩) এবং মামলার মূল আসামি দেবাশীষ সাহা ওরফে রনির কাকা গোপাল চন্দ্র সাহা (৫৮)। এদিকে আজ সকালে নিহত চাঁপা রানী ভৌমিকের বাড়িতে যান জাসদ নেতা ও সাংসদ হাসানুল হক ইনু, তাঁর স্ত্রী জাতীয় নারী জোটের সভানেত্রী আফরোজা হক, সরকারদলীয় স্থানীয় সাংসদ আবদুর রহমান। স্থানীয় সাংসদ নিহতের স্বামী স্বপন কুমারের হাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া এক লাখ টাকা তুলে দেন। তিনি জানান, দুই মেয়ের লেখাপড়া চালিয়ে নেওয়ার ব্যাপারে সরকারের পক্ষ থেকে সব ধরনের সহায়তা দেওয়া হবে বলে প্রধানমন্ত্রী জানিয়েছেন।প্রসঙ্গত, মেয়েকে উত্ত্যক্ত করার (ইভ টিজিং) প্রতিকার চাওয়ায় স্থানীয় দেবাশীষ সাহা ওরফে রনির (২২) নেতৃত্বে বখাটেরা গত মঙ্গলবার চাঁপা রানী ভৌমিককে রাস্তায় মোটরসাইকেল চাপা দিয়ে হত্যা করে।