চাঁপা রানী ভৌমিকের আদ্যশ্রাদ্ধ, খুনিদের শাস্তি নিয়ে সন্দেহ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কলাগাছের বাকল কেটে তৈরি করা ছোট ছোট ১০টি ডোঙা। তাতে সাজানো তিল, তুলসী, হরীতকী, বাতাসা, একটি করে পাকা কলা, খানিকটা ঘি আর দুধ। একে বলে ‘পুরক পিণ্ড’। বাড়ির খানিক দূরে বিশাল দিঘি। মায়ের আত্মার শান্তির জন্য পুরক পিণ্ড পানিতে ভাসিয়ে দিচ্ছিল চাঁপা রানী ভৌমিকের ছোট মেয়ে। পাশে মন্ত্র পাঠ করছিলেন পুরোহিত। বাবা স্বপন কুমার বিশ্বাস আর তার অন্য তিন বোন দিঘির পাড়ে সজল চোখে দেখে আদ্য-শ্রাদ্ধের পিণ্ডি ভাসান। তখন মধ্যদুপুর।এভাবে গতকাল শুক্রবার আদ্যশ্রাদ্ধ সম্পন্ন হলো ফরিদপুরের মধুখালী উপজেলার নিহত চাঁপা রানীর। চাঁপা-স্বপন দম্পতির ছেলে না থাকায় শ্রাদ্ধের কাজে অংশ নিতে হলো মেয়েদেরই। এই মেয়েদের উত্ত্যক্ত (ইভ টিজিং) করার প্রতিকার চাওয়ায় গত মঙ্গলবার বখাটেরা মোটরসাইকেল চাপা দিয়ে হত্যা করে চাঁপা রানীকে।দেবাশীষের চাচাসহ পাঁচজন আটক: চাঁপা রানী হত্যাকাণ্ডের আসামি বখাটে দেবাশীষ সাহা ওরফে রনিকে পুলিশ গতকাল সন্ধ্যা পর্যন্ত গ্রেপ্তার করতে পারেনি। তবে তার এক চাচা গোপাল সাহা (৫৮) ও চার সহযোগীকে আটক করেছে পুলিশ। ওই চার সহযোগী হলো উপজেলার পূর্ব গাড়াখোলা পাড়ার আবুল হাসান (২২), সাইফুল ইসলাম (২০), মধুখালীর শ্যামল কুমার সাহা (২১) ও শোভন চন্দ্র ভট্টাচার্য (২৩)। রনির বাবা রতন চন্দ্র সাহাও পলাতক।মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মোহসিনুল হক জানান, রনির অবস্থান সম্পর্কে বেশ কিছু তথ্য তাঁদের হাতে এসেছে। শিগগির রনিকে গ্রেপ্তার করা হবে।খুনিদের শাস্তি হওয়া নিয়ে সন্দেহ: চাঁপা রানীর খুনিদের শাস্তি হবে কি না, তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন স্থানীয় অনেক সাধারণ মানুষ। রনির বাবার বিপুল অর্থবিত্ত ও বিভিন্ন মহলে যোগাযোগ থাকায় মামলাটিকে একসময় অন্য খাতে ঘুরিয়ে ফেলা হবে—এই সন্দেহও জানালেন কেউ কেউ। গতকাল স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বললে তাঁরা এসব সন্দেহের কথা জানান। আইনজীবী ও ইভ টিজিং প্রতিরোধ কমিটির সদস্য মানিক মজুমদার বলেন, ‘আমার সন্দেহ, শেষ পর্যন্ত এই খুনের মামলা সড়ক দুর্ঘটনার মামলায় পরিণত হতে পারে। এখন মামলার এজাহারে ৩০২ ধারার উল্লেখ করা হলেও পরে হয়তো দেখা যাবে এমন কিছু সাক্ষীর সাক্ষ্য নেওয়া হবে, যাতে মামলাটি চলে যাবে ৩০৪(খ) ধারায়, সড়ক দুর্ঘটনার মামলা হিসেবে। তবে ইতিবাচক দিক হলো, যে মোটরসাইকেল হত্যার কাজে ব্যবহার করা হয়েছে, সেটির রেজিস্ট্রেশন নেই, চালক রনির ড্রাইভিং লাইসেন্সও নেই। এই দিকটি মামলা পরিচালনার সময় যথাযথ গুরুত্বের সঙ্গে উপস্থাপন করতে হবে।’ তিনি জানান, প্রশাসন ও গণমাধ্যম যদি এখনকার মতো সক্রিয় থাকে, তবে অপরাধীকে সাজা দেওয়া সহজ হবে।প্রধানমন্ত্রীর পক্ষ থেকে এক লাখ টাকা: গতকাল সকালে চাঁপার বাড়িতে যান স্থানীয় সাংসদ আবদুর রহমান। স্বপন কুমারের হাতে এক লাখ টাকা তুলে দিয়ে তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে এই অর্থ দেওয়া হয়েছে। চাঁপা রানীই যেহেতু ছিলেন পরিবারের প্রধান উপার্জনক্ষম ব্যক্তি, সে কারণে তাঁর অবর্তমানে পরিবারের আর্থিক সংকট মেটাতে এই সাহায্য দেওয়া হলো। তিনি জানান, মা-হারা তিন বোনের পড়ালেখার খরচের বিষয়টিও তিনি প্রধানমন্ত্রীকে জানিয়েছেন এবং এ ব্যাপারে প্রধানমন্ত্রী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।সাংসদ বলেন, ‘আমরা সবাই মিলে এই এলাকায় বখাটে ও সন্ত্রাসীদের বিরুদ্ধে একটি প্রতিরোধ সংঘ গড়ে তুলব। অবশ্যই চাঁপা রানীর হত্যাকারীদের আইনগত শাস্তি দেওয়া হবে।’‘উত্ত্যক্তকারীরা দানব’: জাসদের সভাপতি সাংসদ হাসানুল হক ইনুও সকালে চাঁপার বাড়িতে যান। এ সময় তিনি বলেন, ‘ছাত্রীদের উত্ত্যক্তকারীরা হলো দানব। এদের কোনো বংশপরিচয়, কোনো রাজনৈতিক পরিচয় নেই। এদের দমন করতে হবে।’ তিনি বলেন, এটি একটি সুপরিকল্পিত হত্যাকাণ্ড। অবশ্যই এর বিচার হবে। প্রধানমন্ত্রী স্বয়ং বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে নিয়েছেন।সাংসদ ইনুর সঙ্গে ছিলেন জাতীয় নারী জোটের আহ্বায়ক আফরোজা হক। তাঁরা চাঁপা রানীর মেয়েদের সান্ত্বনা দেন ও স্বপন কুমারকে সমবেদনা জানান।এদিকে বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট) ফরিদপুর জেলা শাখার সমন্বয়কারী শিপ্রা গোস্বামী বলেন, তাঁরা চাঁপা রানী হত্যা মামলা পরিচালনায় সহায়তা দেবেন।বিএনপির সংবাদ সম্মেলন: চাঁপা রানী হত্যার ঘটনায় বিকেলে মধুখালী রেলগেটের কার্যালয়ে উপজেলা বিএনপি সংবাদ সম্মেলন করে। এতে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সাংসদ শাহ মোহাম্মদ আবু জাফর বলেন, নাটোরের মিজান, বড়াইগ্রামের সানাউল্লাহ নূর এবং সর্বশেষ মধুখালীর চাঁপা রানী হত্যার ঘটনায় প্রমাণিত হলো দেশে আইনশৃঙ্খলার চরম অবনতি হয়েছে। তিনি চাঁপার পরিবারকে শুধু কিছু অর্থসাহায্য না দিয়ে তাঁর অনাথ সন্তানদের শিক্ষার দায়িত্ব নিতে সরকারের প্রতি দাবি জানান।আজ শোকসভা, শিক্ষামন্ত্রী আসছেনচাঁপা রানীর মৃত্যুতে মধুখালীতে তিন দিনের শোক আজ শনিবার শেষ হচ্ছে। চাঁপার কর্মস্থল ফরিদপুর চিনিকল কর্তৃপক্ষ আজ সকালে মিলগেটে শোকসভার আয়োজন করেছে। কাল রোববার সকালে শোকসভা করবে স্থানীয় মহিলা পরিষদ।এদিকে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ আজ চাঁপা রানীর পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করতে মধুখালী আসছেন বলে জানা গেছে।১৪টি স্থানে বখাটেদের আড্ডা: এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা যায়, মধুখালীতে মুখচেনা কতিপয় বখাটে ছাত্রীদের উত্ত্যক্ত করে। ধনী পরিবারের এসব বখে যাওয়া সন্তানদের অনেকেই ফেনসিডিল, গাঁজায় আসক্ত। স্কুল-কলেজগুলোয় যাতায়াতের অন্তত ১৪টি স্থানে এরা নিয়মিত আড্ডা দেয়, ছাত্রীদের উত্ত্যক্ত করে। এই স্থানগুলো হলো—মধুখালী বাজারে চন্দনা নদীর সেতুর উভয় পাশ, থানার সামনে চন্দনা নদীর তীর, আলোছায়া সিনেমা হলের সামনের রাস্তা, রেলগেটের পাশের চায়ের দোকান, পূর্ব গাড়াখোলা পাইলট উচ্চবিদ্যালয়ের সামনের চায়ের দোকান, চিনিকল সড়কের মোড়, উপজেলা অফিসের সামনের যাত্রী ছাউনি, ডাকঘরের মোড়, মৌসুমী মাঠ, মেছড়দিয়া মোড়, মালেকা চক্ষু হাসপাতালের মোড়, শহীদ মিনার চত্বর, আড়পাড়া উচ্চবিদ্যালয়ের সামনের সড়ক, আখচাষি মহিলা কলেজের মোড়। এ ছাড়া এরা দল বেঁধে মোটরসাইকেলে করে মেয়েদের পিছু নেয়, পথে আটকে হেনস্তা করে।‘বখাটেদের স্বর্গরাজ্য’: মধুখালী অনেক দিন থেকেই বখাটেদের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে। চাঁপা রানী হত্যার ঘটনায় এখানকার ইভ টিজিংয়ের সমস্যাটি সবার সামনে বড় হয়ে উঠেছে—কথাগুলো বলেন স্থানীয় মহিলা পরিষদের সহসভানেত্রী মোমেনা মাহফুজ, সাংগঠনিক সম্পাদক শামসুন নাহার, প্রচার সম্পাদক স্বপ্না আমিনসহ পরিষদের নেত্রীরা। তাঁরা গতকাল গিয়েছিলেন চাঁপা রানীর বাড়িতে।নাম প্রকাশে অনিচ্ছুক চিনিকলের বেশ কয়েকজন কর্মচারী এবং স্থানীয় কয়েকজন জানান, বছর তিনেক থেকে বখাটেদের উৎপাত বেড়েছে। বখাটেদের যন্ত্রণায় কয়েকজন ছাত্রী পড়ালেখাও ছেড়েছে। উপায়ান্তর না দেখে স্কুলপড়ুয়া মেয়েকেই বিয়ে দিয়েছেন কোনো কোনো অভিভাবক।কয়েকটি ঘটনার উদাহরণ দিয়ে তাঁরা জানান, তিন মাস আগে আড়তপাড়া স্কুলের এক ছাত্রীকে (নাম প্রকাশ করা হলো না) উত্ত্যক্ত করায় সালিস করে এক বখাটেকে কান ধরে ওঠবস করানো হয়েছে। পরে ওই বখাটে বেপরোয়া হয়ে ওঠায় মেয়েটির স্কুলে যাওয়াই বন্ধ হয়ে গেছে। মধুখালী পাইলট স্কুলের ছাত্রী দুই বোনকে তাদের বাবা অন্য এক জেলায় রেখে পড়াচ্ছেন। চিনিকলের এক কর্মচারী বখাটেদের উৎপাতে অতিষ্ঠ হয়ে চার মাস আগে তাঁর নবম শ্রেণীতে পড়ুয়া মেয়েকে বিয়ে দিয়েছেন। বখাটের কবল থেকে রক্ষা করতে শ্রীপুরের এক মেয়েকে এসএসসি পরীক্ষার পর বিয়ে দেওয়া হয়েছিল। পরে তাকে বখাটেরা অপহরণ করেছে। মেয়েটি এখনো নিখোঁজ। এ ব্যাপারে মামলাও হয়েছে। একই রকম ঘটনা ঘটেছে কামারখালী গ্রামে। এ ধরনের অনেক ঘটনা ঘটছে মধুখালীতে। সর্বশেষ বখাটেদের হাতে প্রাণ দিলেন ফরিদপুর চিনিকলের করণিক চাঁপা রানী ভৌমিক।ইভ টিজিং প্রতিরোধে চিনিকলের সাবেক সিবিএ নেতা সমরেন্দ্র নাথ বসুকে সভাপতি ও এ টি এম মাসুদকে সাধারণ সম্পাদক করে কমিটিও করা হয়েছিল। কমিটি বেশ কিছু সভাও করেছে। কিন্তু বখাটেদের তৎপরতা কমেনি। কমিটির এক কর্মকর্তা বলেন, ‘বখাটেদের বেশির ভাগই মধুখালীতে পরিবারভিত্তিক ও রাজনৈতিকভাবে প্রভাবশালী। প্রতিরোধ কমিটিতে আছে একেবারেই সাধারণ লোক। তাঁদের কথা কে শুনবে? তা ছাড়া বিশেষ মহল থেকে নির্দেশ না এলে থানায় অভিযোগ করেও কোনো ফল হয় না।’তবে এ ব্যাপারে থানার ওসি বলেন, ‘ইভ টিজিংয়ের অভিযোগ থানায় এলে অবশ্যই আমরা ব্যবস্থা নিই। কিন্তু অভিযোগ না এলে আমরা কী করব।’ এ প্রসঙ্গে মহিলা পরিষদের আহ্বায়ক আফরোজা হক বলেন, ‘সাধারণ লোক তাদের মেয়ের নিরাপত্তা নিয়ে ভয় পায়। এ কারণে থানায় অভিযোগ করেন না। পুলিশকেই বাদী হয়ে বখাটেদের বিরুদ্ধে মামলা করতে হবে। নিজ উদ্যোগে বখাটেদের গ্রেপ্তার করতে হবে। তা না হলে সমাজ থেকে এই উৎপাত সহজে দূর হবে না।’