চাঁপা রানী হত্যাকাণ্ড: বখাটে দেবাশীষ ৩ দিনের রিমান্ডে
ফরিদপুরের মধুখালীতে চাঁপা রানী ভৌমিক হত্যা মামলার আসামি দেবাশীষ সাহা ওরফে রনিকে (২২) তিন দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। দেবাশীষকে আদালতে হাজির করে মামলার তদন্তকারী কর্মকর্তা মোহাম্মদ আলী ১০ দিন রিমান্ডে নেওয়ার আবেদন জানান। ফরিদপুরের জ্যেষ্ঠ বিচারিক হাকিম মমিনুল হাসান তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।গতকাল রোববার সকাল সাড়ে ১০টার দিকে ঝিনাইদহের আরবপুর এলাকার পুরাতন বাসস্ট্যান্ডের কাছে একটি গ্যারেজ থেকে দেবাশীষকে গ্রেপ্তার করা হয়।গতকাল বিকেল সাড়ে পাঁচটার দিকে দেবাশীষের বাবা মদ বিক্রেতা রতন সাহাকে (৪৫) মধুখালী উপজেলা বাজারে নিজ বাড়ি থেকে আটক করা হয়। প্রসঙ্গত, মেয়েকে উত্ত্যক্তের (ইভ টিজিং) প্রতিকার চাওয়ায় বখাটে দেবাশীষ গত মঙ্গলবার বিকেলে মোটরসাইকেলে চাপা দিয়ে ফরিদপুর চিনিকলের করণিক চাঁপা রানী ভৌমিককে হত্যা করে। মধুখালী উপজেলার পশ্চিম গাড়াখোলা এলাকার খাদ্যগুদামের সামনে এ ঘটনার পর দেবাশীষ ও তাঁর দুই সহযোগী পালিয়ে যান।