চাঁপা রানীকে চাপা দেওয়ার কথা স্বীকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরের মধুখালীর চাঁপা রানী ভৌমিকের হত্যা মামলার আসামি দেবাশীষ সাহা ওরফে রনিকে (২২) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার সকাল সাড়ে ১০টার দিকে ঝিনাইদহ জেলার আরবপুর এলাকার পুরাতন বাসস্ট্যান্ডের কাছে একটি গ্যারেজ থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।চাঁপা রানীকে মোটরসাইকেল দিয়ে চাপা দেওয়ার কথা স্বীকার করলেও দেবাশীষ দাবি করেছেন, তিনি ইচ্ছে করে চাপা দেননি। দেবাশীষকে গ্রেপ্তারের খবর শুনে মধুখালীর জনমনে আনন্দ ও স্বস্তির ভাব দেখা গেছে। এত দিন যারা চাঁপা রানীর হত্যাকারীকে গ্রেপ্তারের দাবিতে আন্দোলন করছিল, তারা এখন হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার ও হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করে মানববন্ধন, মৌন মিছিল ও সমাবেশ করতে শুরু করেছে।এদিকে গতকাল বিকেল সাড়ে পাঁচটার দিকে দেবাশীষের বাবা মদ বিক্রেতা রতন সাহাকে (৪৫) মধুখালী উপজেলা বাজারে নিজ বাড়ি থেকে আটক করেন র্যা পিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যা ব) সদস্যরা। এ খবর শুনে রতনের স্ত্রী প্রমিতা সাহা সন্ধ্যা পৌনে ছয়টার দিকে হূদরোগে আক্রান্ত হন। তাঁকে ফরিদপুর শহরের একটি বেসরকারি ক্লিনিকে ভর্তি করা হয়েছে। র্যা ব-৮ ফরিদপুর ক্যাম্পের সহকারী উপ-অধিনায়ক ক্যাপ্টেন মো. সিরাজুল হক প্রথম আলোকে জানান, রতন সাহার নাম চাঁপা রানী ভৌমিক হত্যা মামলায় নেই বলে পুলিশ সুপার জানিয়েছেন। তা ছাড়া তাঁর স্ত্রী অসুস্থ হয়ে পড়ায় মধুখালী ইউনিয়ন পরিষদের এক সদস্যের জিম্মায় রাত আটটার দিকে তাঁকে ছেড়ে দেওয়া হয়।ফরিদপুরের পুলিশ সুপার মো. আওলাদ ফকির প্রথম আলোকে বলেন, আজ সোমবার দেবাশীষকে জেলার মুখ্য বিচারিক হাকিম আদালতে পাঠিয়ে ১০ দিনের রিমান্ডের আবেদন করা হবে। এর আগে তাঁকে ফরিদপুর কোতোয়ালি থানায় রেখেই জিজ্ঞাসাবাদ করা হবে।পাঁচ দিনের মধ্যে দেবাশীষ গ্রেপ্তার: মেয়েকে উত্ত্যক্তের (ইভ টিজিং) প্রতিকার চাওয়ায় বখাটে দেবাশীষ গত মঙ্গলবার বিকেলে মোটরসাইকেলে চাপা দিয়ে ফরিদপুর চিনিকলের করণিক চাঁপা রানীকে হত্যা করেন। মধুখালী উপজেলার পশ্চিম গাড়াখোলা এলাকার খাদ্যগুদামের সামনে এ ঘটনার পর পালিয়ে যান দেবাশীষ ও তাঁর দুই সহযোগী। এ ঘটনায় পুলিশ দেবাশীষের ছয় স্বজন, প্রতিবেশী ও বন্ধুকে গ্রেপ্তার করতে পারলেও মূল অভিযুক্ত দেবাশীষ ছিলেন ধরাছোঁয়ার বাইরে। গতকাল ঝিনাইদহ থেকে দেবাশীষকে গ্রেপ্তারের পর পর নিয়ে আসা হয় ফরিদপুরে পুলিশ সুপারের কার্যালয়ে।বেলা দুইটা ৪০ মিনিটে পুলিশ সুপারের কার্যালয়ে জনাকীর্ণ সংবাদ সম্মেলনে দেবাশীষকে গ্রেপ্তারের আনুষ্ঠানিক ঘোষণা দেন ফরিদপুর-১ (আলফাডাঙ্গা, বোয়ালমারী ও মধুখালী) আসনের সাংসদ আবদুর রহমান। তিনি বলেন, ‘চাঁপা রানীর হত্যার ঘটনাটি সরকার হালকাভাবে নেয়নি বলেই একমাত্র আসামি গ্রেপ্তারের এই সাফল্য এসেছে।’ তিনি এ ব্যাপারে গণমাধ্যমের ভূমিকার ভূয়সী প্রশংসা করেন।পরে পুলিশ সুপার (এসপি) মো. আওলাদ আলী ফকির বলেন, আধুনিক প্রযুক্তি ব্যবহার করে ব্যাপক কর্মতৎপরতার মাধ্যমে ৭২ ঘণ্টার নিরলস চেষ্টায় অভিযান চালিয়ে সকাল সাড়ে ১০টায় অতিরিক্ত পুলিশ সুপার সুব্রত কুমার হালদার, চাঁপা রানী হত্যা মামলার তদন্ত কর্মকর্তা পরিদর্শক মোহাম্মদ আলী ও সহকারী উপপরিদর্শক (এএসআই) শেখ আবু বকরসহ গোয়েন্দা পুলিশের বিশেষ দলের মাধ্যমে ঝিনাইদহ শহরের আরবপুর পুরাতন বাসস্ট্যান্ড-সংলগ্ন একটি মোটর গ্যারেজে ছদ্মবেশে বসে থাকা অবস্থায় আসামি দেবাশীষকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে দেবাশীষ ঘটনা ঘটানোর কথা অকপটে স্বীকার করেছেন।সংবাদ সম্মেলনে জেলা প্রশাসক হেলালুদ্দীন আহমদ বলেন, ‘চাঁপা রানী হত্যার ঘটনা সরকার, গণমাধ্যমসহ সব মহল অত্যন্ত গুরুত্বের সঙ্গে নিয়েছে বলেই চার দিনের মধ্যে দেবাশীষকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে। তবে এখানেই আমাদের থেমে থাকলে চলবে না। আমাদের অনেক কাজ এখনো বাকি। এই হত্যা মামলাকে রায়ের পর্যায়ে নিয়ে যেতে হবে।’যেভাবে দেবাশীষ গ্রেপ্তার: দেবাশীষকে গ্রেপ্তারের জন্য প্রতিদিন পুলিশের তিন থেকে চারটি দল ফরিদপুর, রাজবাড়ী, ঢাকা, কুষ্টিয়া ও ঝিনাইদহে কাজ করেছে। এর মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার সুব্রত কুমার হালদারের নেতৃত্বাধীন দলটি দেবাশীষকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। গতকালের সংবাদ সম্মেলনে গ্রেপ্তারের সংক্ষিপ্ত বর্ণনা তুলে ধরেন পুলিশ কর্মকর্তা সুব্রত কুমার হালদার।সুব্রত বলেন, ‘আমি রাজবাড়ী ও কুষ্টিয়ায় অভিযান চালাই শুক্রবার রাতে। কিন্তু দেবাশীষ প্রতিনিয়ত তাঁর অবস্থান পরিবর্তন করছিল। কোনো জায়গায় সে পাঁচ-ছয় ঘণ্টার বেশি থাকেনি। মোবাইল ট্র্যাকিং করে শনিবার রাত ১২টায় দেবাশীষের অবস্থান ঝিনাইদহের কোর্ট চাঁদপুর এলাকায় দেখা যায়। সোয়া ১২টার মধ্যেই আমি দলের সদস্যদের নিয়ে বের হয়ে পড়ি।’ অতিরিক্ত পুলিশ সুপার বলেন, ‘কোটচাঁদপুরে সেখানকার কাউন্সিলর ফারুক হোসেনের সঙ্গে কথা বলি। তিনি আমাকে উপজেলা ছাত্রলীগের সভাপতি সোহেল আরমানের সঙ্গে কথা বলতে বলেন। সোহেল আমাকে যথেষ্ট সাহায্য করে। কিন্তু দেবাশীষ দ্রুত অবস্থান পাল্টাচ্ছিল। পরে কোটচাঁদপুর পৌরসভার মেয়র মো. সালাহ উদ্দীন বুলবুল সিডল আমাদের সাহায্য করেন। অবশেষে সকাল সাড়ে ১০টায় ঝিনাইদহের আরবপুর পুরাতন বাসস্ট্যান্ডের পাশে একটি গ্যারেজের সামনে থেকে দেবাশীষকে দেখা যায়।’পুলিশ কর্মকর্তা সুব্রত বলেন, ‘আমরা দেখতে পাই, একটি নীল রঙের জিন্সের প্যান্ট ও গ্রামীণ চেকের সাদা-কালো রঙের ফুলহাতা শার্ট পরে একটি ছেলে বসে আসে। তাঁকে গ্যারেজের ছেলে বলে মনে হয়নি। আমি গিয়ে তাঁর হাত ধরে বলি, ‘তুমি রনি না?’ আমার প্রশ্ন শুনে তার মুখমণ্ডল ফ্যাকাসে ও কালো হয়ে যায়। পরে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ সুপারের কার্যালয়ে নিয়ে আসি।’দেবাশীষের দাবি: গতকাল সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে দেবাশীষ জানান, ‘আমার বন্ধু অপু বাগাটের মিষ্টি কিনবে বলে মঙ্গলবার বিকেলে আমাকে খবর দেয়। এ জন্য আমি প্রথমে মোটরসাইকেলে করে চিনিকল সড়কে খাদ্যগুদামের সামনে দিয়ে অপুর বাড়িতে যাই। পরে অপু ও আলমগীরকে নিয়ে বাগাটে যেতে ওই পথ দিয়ে মোটরসাইকেল চালাচ্ছিলাম। পথে খাদ্যগুদামের সামনে রাস্তার পূর্ব পাশে একটি মাইক্রোবাস ও ২৫-৩০ জন নারীকে দেখতে পাই। এ কারণে আমি মোটরসাইকেলটি রাস্তার পশ্চিম পাশে রাস্তাসংলগ্ন মাটির জায়গা দিয়ে চালাই। তখন মোটরসাইকেলের গতি ছিল ৩০ থেকে ৪০ কিলোমিটার। হঠাৎ মোটরসাইকেলের সামনে চারজন নারীকে দেখতে পাই। এর মধ্যে তিনজন দ্রুত সরে গেলেও একজন নারীকে নিয়ে আমি মোটরসাইকেলসহ রাস্তার ওপর পড়ে যাই।’দেবাশীষ দাবি করেন, ‘আমি চাঁপা রানীকে হত্যা করতে চাইনি। তিনি আমার মায়ের মতো। আমার নিজের মা নেই। একজন মায়ের মৃত্যু হওয়ায় আমি অনুতপ্ত।’চাঁপা রানীর এক মেয়েকে উত্ত্যক্ত করা প্রসঙ্গে দেবাশীষের বক্তব্য হলো, ‘দশম শ্রেণীতে পড়ুয়া চাঁপা রানীর দুই মেয়ের একজনকে পছন্দ করতাম। কিন্তু সে আমাকে পছন্দ করত না। তার পরও আমি তার পেছনে ঘুরতাম।’এবার সুষ্ঠু বিচারের দাবি: চাঁপা রানী হত্যার প্রতিবাদে মধুখালী উপজেলা পরিষদের উদ্যোগে গতকাল বিকেলে মধুখালী ইউনিয়ন পরিষদ চত্বরে সমাবেশের আয়োজন করা হয়। উপজেলা চেয়ারম্যান মফিজুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে স্থানীয় সাংসদ আবদুর রহমান ঘোষণা দেন, ‘মধুখালী আজ থেকে মাদক ও ইভ টিজারমুক্ত। এই পরিবেশ কেউ ব্যাহত করতে চাইলে তাকে সমূলে উৎপাটন করা হবে।’অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ এম মোস্তাফিজুর রহমান, ইউপি চেয়ারম্যান সাহাবুদ্দীন আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মনিরুজ্জামান, সাংগঠনিক সম্পাদক মীর্জা গোলাম ফারুক।