চাঁপা রানীর ওপর ইচ্ছাকৃতভাবে মোটর সাইকেল তুলে দিই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁপা রানীর ওপর ইচ্ছাকৃতভাবে মোটর-সাইকেল তুলে দেওয়ার কথা স্বীকার করেছেন বখাটে দেবাশীষ সাহা ওরফে রনি। রিমান্ডে দ্বিতীয় দিনের জিজ্ঞাসাবাদে গত মঙ্গলবার রাতে দেবাশীষ এ কথা স্বীকার করেন।এদিকে শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া গতকাল বুধবার দুপুরে ফরিদপুরের মধুখালীতে নিহত চাঁপা রানীর বাড়ি পরিদর্শন করেন। মেয়েকে উত্ত্যক্ত করার প্রতিকার চাওয়ায় গত ২৬ অক্টোবর চাঁপা রানী ভৌমিককে মোটরসাইকেলে চাপা দেন দেবাশীষ। ওই দিন বিকেলে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে তাঁর মৃত্যু হয়।জিজ্ঞাসাবাদে দেবাশীষ: ফরিদপুর চিনিকলের কর্মচারী চাঁপা রানী হত্যা মামলার তদন্ত কর্মকর্তা পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ আলী গতকাল প্রথম আলোকে জানান, হঠাৎ মোটরসাইকেল লেগে গেছে বলে এর আগে দাবি করলেও রিমান্ডের দ্বিতীয় দিন মঙ্গলবার রাতে জিজ্ঞাবাদে দেবাশীষ স্বীকার করেন, তিনি (দেবাশীষ) ইচ্ছাকৃতভাবে চাঁপা রানীর ওপর মোটরসাইকেল তুলে দিয়েছিলেন। তবে এতে চাঁপা রানীর মৃত্যু হবে, তা তিনি বুঝতে পারেননি।চাঁপা রানীর এক মেয়েকে পছন্দ করেন দেবাশীষ। বিষয়টি উল্লেখ করে রিমান্ডে তিনি দাবি করেন, মেয়েটির সঙ্গে তাঁর সম্পর্ক হয়েছিল। চার-পাঁচ মাস আগেও তিনি চাঁপা রানী ও তাঁর স্বামীর মুঠোফোনে মেয়েটির সঙ্গে কথা বলতেন। একপর্যায়ে তাঁদের সম্পর্কের পথে বাধা হয়ে দাঁড়ান চাঁপা রানী।তদন্ত কর্মকর্তা জানান, দেবাশীষের বক্তব্যের যথার্থতা যাচাইয়ের জন্য চাঁপা রানী ও তাঁর স্বামী স্বপন বিশ্বাসের মুঠোফোনের কল তালিকা সংগ্রহ করা হচ্ছে।ফের রিমান্ডে নেওয়া হবে: তদন্ত কর্মকর্তা মোহাম্মদ আলী প্রথম আলোকে জানান, দেবাশীষের তিন দিনের রিমান্ড বুধবার দিবাগত রাতে শেষ হয়েছে। আজ বৃহস্পতিবার তাঁকে জেলার মুখ্য বিচারিক হাকিমের আদালতে হাজির করে আবারও পাঁচ দিনের রিমান্ডের আবেদন করা হবে। তদন্ত কর্মকর্তা বলেন, দেবাশীষ কেবল মুখ খুলতে শুরু করেছেন। পুরো ঘটনা জানার জন্য আরও জিজ্ঞাসাবাদের প্রয়োজন। তাই পুনরায় রিমান্ডের আবেদন করা হবে।চাঁপা রানীর বাড়িতে শিল্পমন্ত্রীশিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া গতকাল দুপুরে মধুখালীতে নিহত চাঁপা রানী ভৌমিকের বাড়িতে যান। তিনি চাঁপা রানীর সমাধীতে পুষ্পার্ঘ অর্পণ করেন এবং এক মিনিট নীরবতা পালন করেন। এ সময় শিল্পমন্ত্রী বলেন, ‘গত ৪০ বছরের মধ্যে মাত্র ১০ বছর স্বাধীনতার পক্ষের শক্তি রাষ্ট্রক্ষমতায় ছিল। অবশিষ্ট ৩০ বছর যে শক্তি ক্ষমতায় ছিল, তারা দেশের যুবসমাজকে ধ্বংস করতে নানা ফন্দি এঁটে গেছেন। ফলে সমাজ কলুষিত হয়েছে। এই কলুষিত সমাজের বহিঃপ্রকাশ ইভ টিজিং।’ইভ টিজিংকে সামাজিক ব্যাধি হিসেবে উল্লেখ করে দিলীপ বড়ুয়া বলেন, এ প্রবণতা এক দিনে নির্মূল করা যাবে না। এর জন্য সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।অনুদান: শিল্পমন্ত্রী গতকাল তাঁর মন্ত্রণালয়ের পক্ষ থেকে চাঁপা রানীর পরিবারকে এক লাখ টাকার চেক দেন। এ ছাড়া নাম প্রকাশে অনিচ্ছুক লন্ডনপ্রবাসী এক বাংলাদেশির দেওয়া ৫০ হাজার টাকা চাঁপা রানীর স্বামীর হাতে তুলে দেন শিল্পমন্ত্রী। এ সময় বাংলাদেশ হোমিওপ্যাথিক বোর্ডের চেয়ারম্যান দিলীপ কুমার রায় ১০ হাজার ও রাজবাড়ী-২ আসনের সাংসদ জিল্লুর হাকিমের পক্ষে নগদ পাঁচ হাজার টাকা চাঁপা রানীর পরিবারকে দেওয়া হয়।চাকরি পেতে পারেন বিপ্লব: চাঁপা রানীর বাকপ্রতিবন্ধী বড় মেয়ের স্বামী বিপ্লব দেকে ফরিদপুর চিনিকলে চাকরি দেওয়ার প্রস্তাব বিবেচনা করা হবে। শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে বিপ্লবকে কোনো পদে চাকরি দেওয়া যায় কি না, তা অবিলম্বে খতিয়ে দেখে ব্যবস্থা নিতে গতকাল শিল্পমন্ত্রী তাঁর সঙ্গে থাকা বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের চেয়ারম্যান রণজিত বিশ্বাস ও ফরিদপুর চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক কমল কান্তি সরকারকে নির্দেশ দেন। এ সময় অন্যদের মধ্যে ফরিদপুরের জেলা প্রশাসক হেলালুদ্দীন আহমদ ও পুলিশ সুপার মো. আওলাদ আলী ফকির উপস্থিত ছিলেন।