চাঁপা রানীর হিরা-মুক্তা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘খুশি কতটা হওয়া যায়, তা মাকে না দেখলে বোঝা যায় না। পঞ্চম ও অষ্টম শ্রেণীতে আমরা দুই বোনই বৃত্তি পেয়েছি। বৃত্তি পেয়ে আমরা যতটা না খুশি হয়েছি, তার চেয়ে অনেক বেশি খুশি হয়েছেন মা। মিষ্টির প্যাকেট নিয়ে পাগলের মতো ছুটে গেছেন স্কুলে, শিক্ষকদের বাড়িতে, আশপাশের প্রতিবেশীদের বাসায়।’ কথাগুলো চাঁপা রানী ভৌমিকের মেয়ে হিরা বিশ্বাসের। হিরা ও তার যমজ সহদোরা মুক্তা এ বছর এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে।চাঁপা রানী ভৌমিক স্বামী-সন্তানদের নিয়ে বসবাস করতেন ফরিদপুরের মধুখালী উপজেলার পূর্ব গাড়াখোলা গ্রামে। ফরিদপুর চিনিকলের টাইপিস্ট কাম করণিক চাঁপা রানীকে প্রায় সাত মাস আগে গত অক্টোবরের ২৬ তারিখে মোটরসাইকেলের নিচে ফেলে হত্যা করে দেবাশিষ সাহা ওরফে রনি (২১)। মায়ের কথা বলতে গিয়ে মুক্তা বলে, ‘শুধু খুশি হওয়া নয়, ক্লাসের কোনো পরীক্ষায় আমরা যদি কোনো বিষয়ে খারাপ করতাম, তখন মায়ের আর চিন্তার শেষ থাকত না। মা ছুটে যেতেন সেই বিষয়ের শিক্ষকের বাড়িতে। জানতে চাইতেন, কোথায় আমাদের ভুল। কী করলে ভালো করা যাবে, পরামর্শ নিতেন। আমরা আরও ভালো কীভাবে করতে পারি, মায়ের ধ্যান-জ্ঞান ছিল তা।’হিরা-মুক্তা বলে, ‘আমরা দুই বোন এ বছর জিপিএ-৫ পেলাম। এর মধ্যে হিরা গোল্ডেন জিপিএ-৫ পেয়েছে। অথচ আজ মা নেই। আমরা যেন ভুলে গেছি কীভাবে আনন্দ-ফুর্তি আর উচ্ছ্বাস প্রকাশ করতে হয়। মায়ের আনন্দ প্রকাশের ভঙ্গিতে কখনো কখনো আমরা লজ্জা পেতাম। আমাদের মনে হতো, মা বাড়াবাড়ি করছেন, কিংবা করছেন পাগলামি। কিন্তু আজ মা নেই। তাই তাঁর অনুভূতি যেন আরও বেশি করে উপলব্ধি করতে পারছি। বুঝতে পারছি, মায়ের ওই উচ্ছ্বাস-উন্মাদনা, তা বাড়াবাড়িই হোক পাগলামি—সন্তানদের কাছে সেটাই মূল প্রেরণার।’ টেস্ট পরীক্ষার সময়টাতেই ঘটেছিল ভয়াবহ ওই ঘটনা। তার পরও এই দুই মেধাবীকে দমানো যায়নি। শত প্রতিবন্ধকতা আর বাধার প্রাচীর ডিঙিয়ে তারা সাফল্য দেখিয়েছে। ফরিদপুর চিনিকল উচ্চবিদ্যালয় থেকে এ বছর জিপিএ-৫ পেয়েছে ছয়জন। এর দুটিই ছিনিয়ে এনেছে মেধাবী এই দুই বোন।বাবা স্বপন বিশ্বাস জানান, ওর মা-ই ওদের পড়াশোনাসহ যাবতীয় সব খবর রাখত। ওর মায়ের হত্যাকাণ্ডের পর ওদের প্রতি দায়িত্ব পালন করতে গিয়ে বুঝেছি কতটা পরিশ্রম করত ওদের মা। ফরিদপুর চিনিকল উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আতিকুল ইসলাম বলেন, দুঃখের সাগরে নিমজ্জিত হয়েও হিরা-মুক্তা আমাদের দেখিয়ে দিল, কীভাবে আশা আর প্রত্যাশার প্রদীপ জ্বালিয়ে এগিয়ে যেতে হয়। ওরা সাফল্য অর্জনের একটি উদাহরণ।