চাঁপাইনবাবগঞ্জ ও সিরাজগঞ্জে বজ্রপাতে ৪ জনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জ ও চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতের ঘটনায় চারজন নিহত হয়েছেন।আজ মঙ্গলবার সকালে সিরাজগঞ্জের উল্লাপাড়ার চয়ড়া গ্রামে বরাত আলী (৩৬) ও তমেজউদ্দিন (৪৫) নামের দুজন ব্যক্তি বজ্রপাতে নিহত হন। এর আগে গতকাল সোমবার গভীর রাতে চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতের ঘটনায় নিহত হন শিমুলতলা গ্রামের আব্দুস সবুর (৬০) ও জিন্নুর রহমান (৩৭)।সিরাজগঞ্জ: প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আজ সকাল নয়টার দিকে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার চয়ড়া গ্রামে বরাত ও তমেজ বন্যার পানিতে বাঁশের তৈরি এক ধরনের জাল দিয়ে মাছ ধরছিলেন। এ সময় বজ্রপাত হলে ঘটনাস্থলেই বরাত ও তমেজ নিহত হন।চাঁপাইনবাবগঞ্জ: বালিয়াডাঙ্গা ইউনিয়নের চেয়ারম্যান আবদুল হাই জানান, গতকাল রাত দেড়টার দিকে আমবাগানের একটি কুঁড়েঘরে শুয়ে থাকার সময় বজ্রপাত হলে আবদুস সবুর ও জিন্নুর রহমান ঘটনাস্থলেই মারা যান। তাঁরা দুজনই আমবাগানের পাহারাদার হিসেবে নিয়োজিত ছিলেন। বজ্রপাতে তাঁদের সঙ্গে থাকা দুই শিশু জলিল (৮) ও সোহাগ (১০) গুরুতর আহত হয়। পরে আহত শিশুদের রাতেই সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।