চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে একদিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত ৩ এপ্রিল সকাল পৌনে ১০টায় চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালের শিশু ওয়ার্ডে ঢুকেই শোনা যায়, সদ্য মৃত ১৭ দিনের এক শিশুর মায়ের কান্না। পাশেই বাবার আহাজারি ও আত্মীয়স্বজনের ক্ষুব্ধ চিৎকার চেঁচামেচি। তাঁদের অভিযোগ, সময়মতো ডাক্তারের চিকিৎসার অভাবেই মারা গেছে শিশুটি।তখন পর্যন্ত শিশু ওয়ার্ডে দায়িত্বে থাকা শিশু বিশেষজ্ঞ চিকিৎসক আবুল কাশেম হাসপাতালে এসে পৌঁছাননি। খোঁজ নিয়ে জানা যায়, দুই দিন আগে মাসুদ রানা নামে শিশুটিকে শ্বাসকষ্টের সমস্যা হওয়ায় ভর্তি করা হয়। শিশুটির স্বাস্থ্য সহকারী চাচা মোহা. মামুন প্রথম আলোর কাছে অভিযোগ করেন, শিশুটির অবস্থার অবিনতি হলে তাকে অক্সিজেন দেওয়া হচ্ছিল। কিন্তু অল্পক্ষণ অক্সিজেন দেওয়ার পরই তা খুলে নেওয়া হয়। তারপরই মারা যায় শিশুটি। এর কিছুক্ষণ পর ওয়ার্ডে ঢোকেন আবুল কাশেম। ওয়ার্ডে কর্তব্যরত জ্যেষ্ঠ সেবিকা আয়েশা খাতুন জানান, অন্য একটি শিশুর অবস্থার অবনতি হলে মাসুদ রানাকে দেওয়া অক্সিজেনের ফ্লো মিটার খুলে ওই শিশুকে অক্সিজেন দেওয়া হয়। এরপর মাসুদ রানার অবস্থার অবনতি হলে হাসপাতালের আবাসিক চিকিৎসক ইউসুফ আলীকে ডেকে আনা হয় দ্রুতই। তিনি চিকিৎসা দেওয়ার সময় মারা যায় মাসুদ রানা। আয়েশা খাতুন জানান, অক্সিজেন সিলিন্ডার থেকে রোগীকে অক্সিজেন দেওয়ার জন্য প্রয়োজন হয় ফ্লো মিটারের। এ হাসপাতালে রয়েছে মাত্র একটি ফ্লো মিটার। একই সময় একাধিক রোগীর অক্সিজেনের প্রয়োজন হলে আর কোনো উপায় থাকে না। অবস্থা বিবেচনা করে একজনেরটা খুলে অন্যজনকে দিতে হয়। শিশু বিশেষজ্ঞ আবুল কাশেম জানান, এই মুহূর্তে এ ওয়ার্ডে ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে পাঁচ শিশু। যেকোনো মুহূর্তে একাধিক শিশুর দরকার হতে পারে অক্সিজেনের। কিন্তু একসঙ্গে একাধিক শিশুকে অক্সিজেন দেওয়ার কোনো উপায় নেই। সারা হাসপাতালেই রয়েছে মাত্র একটি ফ্লো মিটার। মৃত শিশুটি ছিল অপুষ্ট এবং আশঙ্কাজনক অবস্থায়। শিশুটির ভর্তির সময়কার কাগজপত্র বাবা নিয়ে চলে যাওয়ায় তিনি জানাতে পারলেন না, কোন রোগ নিয়ে শিশুটি হাসপাতালে ভর্তি হয়েছিল। দেরি করে আসার কারণ সম্পর্কে জিজ্ঞাসা করলে কাশেম বলেন, আমি হাসপাতালে এসেছি সকাল নয়টায়। ছিলাম হাসপাতালের অন্যখানে। এ হাসপাতালে আরও একজন শিশু বিশেষজ্ঞ আছেন। কিন্তু শিশু বিভাগের দায়িত্ব সুনির্দিষ্ট করে ভাগ করে দেননি হাসপাতালে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ।হাসপাতালে আবাসিক চিকিৎসক (আরএমও) ইউসুফ বলেন, ‘আবুল কাশেম প্রতিদিন রাজশাহী থেকে এসে ডিউটি করেন। আজ (৩ এপ্রিল) এসেছেন সকাল ১০টায়। ইতিমধ্যে তারে দেরিতে আসার কারণে সতর্ক করে দেওয়া হয়েছে।’ হাসপাতালের জরুরি প্রয়োজনীয় ফ্লো মিটার নেই কেন জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, ‘এই হাসপাতালে শুধু ফ্লো মিটারই নয়, এই নেই-এর তালিকা অনেক দীর্ঘ। তবে ফ্লো মিটারের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে অনেক আগেই। কিন্তু এখনো সাড়া পাওয়া যায়নি।’ হাসপাতালের তত্ত্বাবধায়ক ও সিভিল সার্জন মুক্তারা বেগম এ ব্যাপারে প্রথম আলোকে জানান, শিশুর মৃত্যু ফ্লো মিটার না থাকা ও সংশ্লিষ্ট চিকিৎসক সময়মতো উপস্থিত না থাকার কথা তিনি শুনেছেন। ঢাকার সেন্ট্রাল মেডিকেল স্টোর থেকে ফ্লো মিটার না আসা পর্যন্ত তিনি উপজেলা হাসপাতালে অতিরিক্ত থাকলে সেখান থেকে নিয়ে এসে কাজ চালানোর চেষ্টা করবেন এবং হাসপাতালে চিকিৎসকদের সময়মতো কর্তব্য পালন যেন নিশ্চিত হয়, সে ব্যবস্থাও নেবেন। খোঁজ নিয়ে জানা যায়, শুধু ফ্লো মিটার নয়, এ হাসপাতালে ‘নেই’-এর তালিকা দীর্ঘ। হাসপাতালের জেনারেটরটি অকেজো পড়ে রয়েছে দীর্ঘদিন থেকে। লোডশেডিংয়ের সময় রোগীদের বিদ্যুতের অভাবে দারুণ কষ্ট পেতে হয়। এমনকি অপারেশন থিয়েটারের জন্য আলাদা ছোট জেনারেটরটিও চলে না। অপারেশন করার সময় বিদ্যুৎ চলে গেলে টর্চলাইটের আলো দিয়ে কাজ করতে হয় বলে জানান সার্জারি চিকিৎসক নাদিম। এ ব্যাপারে আরএমও ইউসুফ জানান, কেবল জ্বালানির অভাবে জেনারেটরগুলো চালানো সম্ভব হয় না। কর্তৃপক্ষ জেনারেটর দিলেও জ্বালানি খরচ দেয় না। এ হাসপাতালে সুপেয় পানিরও কোনো ব্যবস্থা নেই। আর্সেনিক ও আয়রনমুক্ত পানির জন্য প্রায় চার বছর আগে স্থাপন করা হয় একটি ট্রিটমেন্ট প্লান্ট। স্থাপনের অল্প দিন পরেই তা অকেজো হয়ে যায় বলে জানান আরএমও। হাসপাতালের পুরুষ ওয়ার্ডের ৪ নম্বর বিছানার রোগী রইস উদ্দীন জানান, হাসপাতালের বাইরে রাস্তার ধারে পৌরসভার সরবরাহকৃত পানির কল থেকে লাইন দিয়ে পানি আনতে হয়। হাসপাতালের সরবরাহকৃত পানির রং এতই খারাপ যে পান করা তো দূরের কথা, হাত-মুখ ধুতেও ইচ্ছা করে না।হাসপাতালে সরবরাহকৃত পানি সম্পর্কে জানতে চাইলে সিভিল সার্জন বলেন, ‘এ পানি পান করে আমি নিজেই একদিন অসুস্থবোধ করেছিলাম।’ তিনি আরও বলেন, বাইরে থেকে পানি নিয়ে এসে তবু সমস্যার মোকাবিলা করছে রোগীরা। কিন্তু এই হাসপাতালের বড় সমস্যা হচ্ছে জনবল সংকট। ৫০ শয্যা থেকে উন্নীত ১০০ শয্যার হাসপাতালে রোগী ভর্তি থাকে প্রায় ২০০ জন। কিন্তু হাসপাতাল চলছে সেই আগের ৫০ শয্যার জনবলেরও কম জনবল দিয়ে। এই হাসপাতালে ১৫ বছর থেকে দন্ত চিকিৎসকের পদটি শূন্য রয়েছে। ডেন্টাল সার্জন ইসরাত জাহান প্রেষণে রাজশাহী ডেন্টাল কলেজে গেলে এই পদ শূন্য হয়ে যায়। নাক, কান ও গলা এবং স্ত্রীরোগ বিশেষজ্ঞ নেই দীর্ঘদিন থেকে। চক্ষু, সার্জারি, শিশুরোগ, মেডিসিন ও কার্ডিওলজি বিভাগের সিনিয়র কনসালট্যান্টও নেই দীর্ঘদিন ধরে। নেই প্রয়োজনীয় সংখ্যক সেবিকা, এমএলএসএস ও সুইপার। হাসপাতাল সূত্রে জানা গেছে, ১০০ শয্যার হাসপাতালের জন্য বিশেষজ্ঞ চিকিৎসক ১৯ জনের স্থলে রয়েছেন ছয়জন। জরুরি বিভাগের ছয়জনের স্থলে রয়েছেন তিনজন। চিকিৎসা কর্মকর্তা সাতজনের স্থলে রয়েছেন তিনজন। সেবিকাসহ তৃতীয় শ্রেণীর কর্মচারী ৬২ জনের স্থলে রয়েছেন পাঁচজন। আরএমও জানান, হাসপাতাল পরিচ্ছন্ন রাখার জন্য মাস্টাররোলে ১৩ জন সুইপারকে কাজে লাগানো হয়েছে। তিনি আরও জানান, অন্তর্বিভাগে ভর্তি প্রায় ২০০ রোগী এবং বহির্বিভাগে প্রায় ৫০০ রোগীকে চিকিৎসা দিতে প্রতিদিনই হিমশিম খেতে হয় আমাদের। রোগীদের সন্তুষ্টি অর্জন করা যায় না কোনোভাবেই।