চাঁপাইনবাবগঞ্জে কবে বিদ্যুৎ যাবে জানেন না প্রতিমন্ত্রী
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ১৫ ইউনিয়নের মানুষ এখনো অন্ধকারে দিন কাটাচ্ছে। গত ২৮ ফেব্রুয়ারি মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াতের নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর ফাঁসির রায় ঘোষণার পরপরই কানসাট বিদ্যুৎ উপকেন্দ্রে আগুন দেয় জামায়াত-শিবির। ২৮ ফেব্রুয়ারি ও ১ মার্চ শিবগঞ্জ উপজেলার কানসাট ও আশপাশের গ্রামে চলে জামায়াত-শিবিরের তাণ্ডব, লুটপাট। ঘটনার ১০ দিন পরও পুড়ে যাওয়া বিদ্যুেকন্দ্রটির মেরামতকাজ শুরু হয়নি। কবে শুরু হতে পারে, সে ব্যাপারে কোনো নিশ্চয়তা দিতে পারেননি বিদ্যুৎ প্রতিমন্ত্রী মোহাম্মদ এনামুল হকও।বিদ্যুত্ প্রতিমন্ত্রী আজ রোববার কানসাট পল্লীবিদ্যুৎ সমিতির উপকেন্দ্র পরিদর্শন করেন। পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বিদ্যুৎ প্রতিমন্ত্রী জানান, ‘মেরামতের জন্য যন্ত্রপাতি সংগ্রহ এখনো শেষ হয়নি। এখানকার বাজারে সবকিছু পাওয়া যায় না। অনেক জিনিস বিদেশ থেকে আনতে হবে। অর্থের সংস্থান হতে হবে। তারপর কাজ হবে।’ বিদ্যুত্ উপকেন্দ্রে আগুন দেওয়ার ১০ দিন পরে কেন এলেন—জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন, ‘আমি তখন বিদেশে ছিলাম। তারপর জাতীয় সংসদের অধিবেশন চলছিল। তা ছাড়া এখানে তো শুধু না, আমাদের দেশের ব্যাপারটা দেখতে হয়।’ বিদ্যুৎ প্রতিমন্ত্রীর কাছে এ সময় বিভিন্ন অভিযোগ ও অসুবিধার কথা তুলে ধরেন ক্ষতিগ্রস্ত এলাকাবাসী। তাঁরা বলেন, গত ১০ দিনে কানসাট পল্লীবিদ্যুৎ ছাড়াও সোনামসজিদ পর্যটন মোটেলে অগ্নিসংযোগ, শিবগঞ্জের বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের কর্মী-সমর্থকদের মারধর, বাড়িঘরে হামলা, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এর পরও আওয়ামী লীগের কোনো তত্পরতা বা উদ্যোগ দেখা যায়নি। আওয়ামী লীগের উদ্যোগ না থাকার ব্যাপারে বিদ্যুৎ প্রতিমন্ত্রী কাছে জানতে চাইলে তিনি বলেন, তারা এখন সংগঠিত হচ্ছে। জামায়াত-শিবিরের তাণ্ডবের শিকার পল্লীবিদ্যুত্ কেন্দ্রের আবাসিক ভবনের বাসিন্দারা বিদ্যুৎ প্রতিমন্ত্রীর কাছে অভিযোগ করেন, দুর্বৃত্তদের অগ্নিসংযোগ, ভাঙচুর ও লুটপাট চলার সময় তাঁরা সম্পূর্ণ অরক্ষিত ছিলেন। ছয়-সাত ঘণ্টা বাধাহীনভাবে তাণ্ডব চালিয়েছে দুর্বৃত্তরা। ঘটনাস্থলে দমকল বাহিনী গেছে সাত ঘণ্টা পর। এরপর দুদিনে আগুন নিভিয়েছে। শিবগঞ্জ পৌরসভার প্রধান বাজারের ব্যবসায়ীরা বিদ্যুৎ প্রতিমন্ত্রীর কাছে অভিযোগ করে জানান, ‘তাঁরা এখনো ভয় ও আতঙ্কের মধ্যে আছেন। অনেকে দোকান থেকে মালামাল সরিয়ে রেখেছেন। জামায়াত-শিবিরের সন্ত্রাসীরা এখনো আওয়ামী লীগের সমর্থক কোনো কোনো ব্যবসায়ীকে হুমকি দিচ্ছে। চার দিন আগে এই বাজারেই জামায়াত-শিবিরের সন্ত্রাসীরা পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও আওয়ামী লীগের সম্পাদক একরামুল হককে কুপিয়ে মারাত্মকভাবে আহত করে। এর পর থেকে ব্যবসায়ীদের মধ্যে আরো ভয়ভীতি কাজ করছে। আওয়ামী লীগের স্থানীয় নেতা-কর্মীরাও আতঙ্কের কথা স্বীকার করেন। ধ্বংসযজ্ঞের প্রত্যক্ষদর্শীদের জামায়াত-শিবির হুমকি দিচ্ছে বলেও বিদ্যুৎ প্রতিমন্ত্রীকে জানানো হয়। ক্ষতিগ্রস্তরা তাঁর কাছে এ ব্যাপারে পদক্ষেপ নেওয়ার দাবি জানান। প্রতিমন্ত্রী আলীডাঙ্গাসহ বিভিন্ন এলাকায় হামলার শিকার কর্মী-সমর্থকদের বাড়ি গিয়ে তাঁদের সান্ত্বনা দেন ও আর্থিক সাহায্য করেন। তিনি সোনামসজিদ পর্যটন মোটেলও পরিদর্শন করেন। দেলাওয়ার হোসাইন সাঈদীর ফাঁসির রায়ের দিন ওই পর্যটন মোটেলের তিন তলার ছাদ থেকে ফেলে দিয়ে তৌহিদুল ইসলাম নামে একজন নির্বাহী প্রকৌশলীকে হত্যা করা হয়। একাত্তরের মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধ করার দায়ে জামায়াতের নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর ফাঁসির রায় হওয়ার পর গত ২৮ ফেব্রুয়ারি ও ১ মার্চ জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা ওই এলাকায় তাণ্ডব চালান। পুড়িয়ে দেওয়া হয় কানসাটে অবস্থিত চাঁপাইনবাবগঞ্জ পল্লীবিদ্যুতের সদর দপ্তর, বিদ্যুত্ উপকেন্দ্র ও সংলগ্ন আবাসিক এলাকা। চালানো হয় ব্যাপক লুটপাট। শিবগঞ্জ উপজেলার আরও কয়েকটি গ্রামে বেশ কিছু দোকান ও বাড়ি লুট করেন তাঁরা। আতঙ্কে ২ মার্চ দোকান থেকে মালামাল সরিয়ে নেন শিবগঞ্জ বাজারের ব্যবসায়ীরা। এলাকায় ছড়ানো হয় নানা গুজব। চাঁপাইনবাবগঞ্জ থেকে শিবগঞ্জ-কানসাট-সোনামসজিদ যাওয়ার রাস্তার কয়েক জায়গায় গাছের গুঁড়ি ফেলে, রাস্তা কেটে অবরোধ তৈরি করেছেন জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা। যার কারণে জেলা সদর থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন রয়েছে শিবগঞ্জ। তা ছাড়া বিদ্যুৎ উপকেন্দ্র পুড়িয়ে দেওয়ায় বিদ্যুত্হীন রয়েছে শিবগঞ্জ পৌর এলাকার বাইরের ১৫টি ইউনিয়নের মানুষ। সেচ বিঘ্নিত হওয়ায় সাড়ে তিন হাজার হেক্টর জমির বোরো ফসল নষ্ট হওয়ার উপক্রম হয়েছে।