চাঁপাইনবাবগঞ্জে গুলিবিদ্ধ হয়ে স্কুলছাত্র নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার উপরাজারামপুরে আজ বুধবার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সঙ্গে হরতালের সমর্থকদের সংঘর্ষের সময় গুলিবিদ্ধ হয়ে একজন স্কুলছাত্র নিহত হয়েছে। আজ বুধবার উপরাজারামপুরের চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী মহাসড়কে এ ঘটনা ঘটে। নিহত স্কুলছাত্রের নাম আসগর আলী ওরফে লিমন। সে সদর উপজেলার রাজারামপুর হামিদুল্লাহ উচ্চবিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্র ছিল। শিয়ালা গ্রামের লোকমান হোসেনের ছেলে লিমন।প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বেলা ১১টার দিকে উপরাজারামপুরে হরতালের সমর্থকেরা চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী মহাসড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি করে যান চলাচল বন্ধ করে দেয়। পরে র‌্যাব, পুলিশ ও বিজিবির সদস্যরা ওই বাধা সরাতে গেলে তাদের সঙ্গে পিকেটারদের সংঘর্ষ শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা গুলি ছোড়েন। এ সময় গুলিবিদ্ধ হয় লিমন। পরে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসা কর্মকর্তা তাকে মৃত ঘোষণা করেন। ওই সংঘর্ষের ঘটনায় নির্বাহী ম্যাজিস্ট্রেট মির্জা মুরাদ হাসান বেগসহ পুলিশের দুজন সদস্য আহত হন। লিমনের ভগনিপতি মোহাম্মদ জিলহাজ জানান, আজ সকালে লিমন ওই সড়কের পাশের একটি আমবাগানে খেলছিল। এ সময় র‌্যাব, পুলিশ ও বিজিবির সঙ্গে হরতালের সমর্থকদের সংঘর্ষ শুরু হলে লিমন গুলিবিদ্ধ হয়। লিমনের গলার ডান দিকে গুলি লাগে। চাঁপাইনবাবগঞ্জ আধুনিক সদর হাসপাতালের আবাসিক চিকিত্সা কর্মকর্তা শফিকুল ইসলাম জানান, গুলিবিদ্ধ অবস্থায় লিমনকে তার স্বজনেরা হাসপাতালে নিয়ে আসেন। জরুরি বিভাগে নেওয়ার আগেই তার মৃত্যু হয়। পরে স্বজনেরা তার লাশ নিয়ে যান।এ ব্যাপারে চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার বশির আহম্মেদের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের গুলি ও ছাত্র নিহত হওয়ার ঘটনার ব্যাপারে তিনি কিছু জানেন না। এর আগে সকাল সাড়ে সাতটার দিকে চাঁপাইনবাবগঞ্জের পৌর এলাকার উপরাজারামপুর মোড়ে র‌্যাবের একটি টহল গাড়ি লক্ষ্য করে তিনটি ককটেলের বিস্ফোরণ ঘটায় পিকেটাররা। এ ঘটনায় র‌্যাবের দুজন সদস্য আহত হন। পরে পুলিশ ও র‌্যাবের সঙ্গে হরতালের সমর্থকদের ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। পিকেটাররা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের লক্ষ্য করে ইটপাটকেল ছুড়লে পুলিশ ও র‌্যাব পাল্টা রাবার বুলেট ও কাঁদানে গ্যাসের শেল ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।