চাঁপাইনবাবগঞ্জে চার দিন পর বাস ধর্মঘট প্রত্যাহার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁপাইনবাবগঞ্জে টানা চার দিন ধরে চলা বাস ধর্মঘট আজ শুক্রবার প্রত্যাহার করা হয়েছে। জেলা প্রশাসনের সঙ্গে বৈঠক শেষে মালিক-শ্রমিক নেতারা দুপুর সাড়ে ১২টার দিকে ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেন। এরপর থেকেই সব রুটে স্বাভাবিকভাবে যান চলাচল শুরু হয়। গাড়ির কাগজপত্র নবায়ন না করায় মিনিবাসের এক চালককে চার হাজার টাকা জরিমানা এবং ওই চালকের হাতে হাতকড়া লাগানোর প্রতিবাদে গত সোমবার থেকে আন্তজেলা ও অভ্যন্তরীণ সব রুটে যান চলাচল বন্ধ করে দেন বাসমালিক ও শ্রমিকেরা। পরে ওই দাবির সঙ্গে অবৈধ যানবাহন নসিমন-করিমন বন্ধের দাবি জানিয়ে বাস ধর্মঘট অব্যাহত রেখেছিলেন তাঁরা। আজ স্থানীয় সার্কিট হাউসে প্রায় দেড় ঘণ্টা ধরে চলা বৈঠকে জেলা প্রশাসক কে এম আলী আজম, সদর উপজেলা চেয়ারম্যান রুহুল আমীন, বাস মালিক সমিতির সভাপতি লুত্ফর রহমান, সাধারণ সম্পাদক এহিয়া বিশ্বাস, শ্রমিকনেতা আবদুল খালেকসহ আরও অনেকে উপস্থিত ছিলেন। বৈঠক শেষে এহিয়া বিশ্বাস জানান, আলোচনা ফলপ্রসূ হওয়ায় তাঁরা ধর্মঘট প্রত্যাহার করেছেন। অবৈধ যানবাহন চলাচল বন্ধ করা নিয়ে আগামী রোববার আরেকটি বৈঠক হবে। ওই বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ীই প্রশাসন পদক্ষেপ নেবে।