চাঁপাইনবাবগঞ্জে জলাশয়ের আশপাশে ১৪৪ ধারা জারি
চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার চন্দনা এলাকায় আজ রোববার একটি জলাশয় দখলকে কেন্দ্র করে দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ১৫ জন আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ওই জলাশয়ের আশপাশের এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে।নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরামুল হক জানান, চন্দনা গ্রামের প্রায় সাড়ে তিন একরের একটি সরকারি (খাস) জলাশয় দখলকে কেন্দ্র করে সকালে সংঘর্ষের সূত্রপাত হয়।নাচোলের বহিপাড়া ও চন্দনা গ্রামের বাসিন্দাদের মধ্যে এ সংঘর্ষে ধারালো অস্ত্র ও লাঠির আঘাতে উভয় পক্ষের ১৫ জন আহত হন। আহত ব্যক্তিদের নাচোল ও গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে নাচোল ও গোমস্তাপুর থানার পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকায় প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে এ ঘটনায় কোনো মামলা হয়নি।নাচোল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তৌফিক ইমাম জানান, উভয় পক্ষ মুখোমুখি অবস্থানে থাকায় এবং এলাকায় ব্যাপক উত্তেজনা থাকায় জলাশয়ের আশপাশে ১৪৪ ধারা জারি করা হয়েছে। ইউএনও জানান, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ১৪৪ ধারা বলবত্ থাকবে। তবে জলাশয়ের পানি যারা দৈনন্দিন কাজে ব্যবহার করে, তাদের জন্য ১৪৪ ধারা শিথিলযোগ্য।