চাঁপাইনবাবগঞ্জে পাউবো কার্যালয়ে ছাত্রলীগের ভাঙচুর
ছাত্রলীগের নেতা-কর্মীরা আজ বৃহস্পতিবার চাঁপাইনবাবগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ে নির্ধারিত সময়ের পর দরপত্রের সিডিউল দাখিল করতে না দেওয়ায় ভাঙচুর করেছেন।পাউবোর নির্বাহী প্রকৌশলী খলিলুর রহমান জানান, ‘পদ্মা নদীর বাম তীর সংরক্ষণ কাজের জন্য পাউবোর প্রায় ৩৫ কোটি টাকার দরপত্র দাখিলের শেষ দিন ছিল আজ বৃহস্পতিবার দুপুর একটা পর্যন্ত। কিন্তু বিকেল চারটার দিকে কয়েকজন যুবক এসে দুটি দরপত্র দাখিল করতে চান। এতে রাজি না হওয়ায় নিজেদের ছাত্রলীগের নেতা পরিচয় দিয়ে তাঁরা আমাকে মারতে তেড়ে আসেন এবং পরে টেবিলের কাচ ভাঙচুর করেন।’জেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি রাকিবুল হাসান বলেন, ‘সিডিউল জমা দেওয়ার নির্ধারিত সময়ের কিছু পরে ছাত্রলীগের কিছু নেতা-কর্মীরা পাউবো কার্যালয়ে গিয়েছিল এটা সত্য, তবে নির্বাহী প্রকৌশলী দুর্ব্যবহার করায় একটু বাগবিতণ্ডা হয়েছে। কাচ ভাঙচুরের অভিযোগ সত্য নয়।’ঘটনার সময় ওই কার্যালয়ে দায়িত্বরত সদর থানার উপপরিদর্শক (এসআই) জাহিদ হাসান বলেন, ‘কর্মকর্তাদের সঙ্গে বাগবিতণ্ডার মধ্যে কিছু বুঝে ওঠার আগেই হামলাকারীরা টেবিলের কাচ ভেঙে ফেলে। তবে আর কোনো ক্ষতি হয়নি।’