চাঁপাইনবাবগঞ্জে মা-মেয়ের লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার উপররাজারামপুর মহল্লা থেকে গতকাল বৃহস্পতিবার রাতে নাসিমা খাতুন (২৫) নামের এক গৃহবধূ ও তাঁর মেয়ে নীলার (৪) লাশ উদ্ধার করেছে পুলিশ। নাসিমা সৌদিপ্রবাসী নাসিরুদ্দিনের স্ত্রী। পুলিশের ভাষ্যমতে, নাসিমাকে ধারালো অস্ত্র দিয়ে জবাই আর নীলাকে গলা টিপে হত্যা করা হয়েছে। পুলিশ ও গৃহবধূর স্বজনেরা জানান, গতকাল সন্ধ্যায় নাসিমা তাঁর মেয়ে নীলাকে নিয়ে বাবার বাড়ি থেকে নিজের বাড়ির দিকে রওনা হন। এর পর থেকে তাঁদের খোঁজ পাওয়া যায়নি। মুঠোফোনে যোগাযোগের অনেক চেষ্টা করেও কোনো খবর না পেয়ে নাসিমার বাবা মেয়ের বাড়িতে যান। কিন্তু বাড়ির দরজা বন্ধ থাকায় তিনি ভেতরে ঢুকতে পারেননি। পরে কয়েকজন প্রতিবেশীর সহায়তা নিয়ে দেয়াল টপকে বাড়ির ভেতরে ঢুকে তিনি মেয়ে ও নাতনির লাশ দেখতে পান। খবর পেয়ে রাত ১০টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। নাসিমার মায়ের অভিযোগ, বাড়ির পাশের চার কাঠা জমি নিয়ে নাসিমার সঙ্গে ভাশুর মজিবুর ও তাঁর ছেলে হুমায়ুনের দীর্ঘদিন থেকে বিরোধ চলছিল। তাঁরা প্রায়ই নাসিমাকে হুমকি দিতেন। ওই বিরোধের জের ধরে এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে।ঘটনার সত্যতা নিশ্চিত করে চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার গোলাম মর্তুজা প্রথম আলো ডটকমকে বলেন, এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে আটক করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।