চাঁপাইনবাবগঞ্জে মুখোমুখি বিএনপি-জামায়াত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পৌর নির্বাচনকে কেন্দ্র করে চাঁপাইনবাবগঞ্জে চারদলীয় জোটের প্রধান দুই শরিক দল বিএনপি ও জামায়াত এখন মুখোমুখি।এই জেলার চার পৌরসভার তিনটিতেই মেয়র পদে বিএনপির প্রার্থীর প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী। অপরটিতে জামায়াত প্রার্থী দেয়নি। তবে সমর্থন দিয়েছে বিএনপি-সমর্থিত প্রার্থীর প্রতিদ্বন্দ্বীকে।জানতে চাইলে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ প্রথম আলোকে বলেন, চাঁপাইনবাবগঞ্জে বিএনপি ও জামায়াতের মধ্যে সম্পর্ক সব সময়ই বৈরী। জামায়াত কখনোই বিএনপির পক্ষে কাজ করতে চায় না। এবারের পৌরসভা নির্বাচনেও এমনটি ঘটেছে।স্থানীয় সূত্রগুলো জানায়, ২০০১ সালে সারা দেশে বিএনপির সঙ্গে জামায়াতে ইসলামীর জোট হলেও চাঁপাইনবাবগঞ্জে এই জোট কার্যকর ছিল না। ২০০১ সালের সংসদ নির্বাচনে জেলার তিনটি আসনেই বিএনপির প্রার্থীর বিপক্ষে স্বতন্ত্র নির্বাচন করেন জামায়াতের তিন নেতা। ২০০৮ সালের সংসদ নির্বাচনেও চাঁপাইনবাবগঞ্জ সদর আসনে বিএনপির বিরুদ্ধে প্রার্থী দেয় জামায়াত। এবারের পৌর নির্বাচনে দুই দলের এই বৈরী সম্পর্ক আরও বেড়েছে।জামায়াতের জেলা আমির রফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘এখানে বিএনপি ও জামায়াত দুই দলই নিজেদের শক্তিশালী মনে করে। তাই কেউ কাউকে ছাড় দিতে রাজি নয়। তা ছাড়া বিএনপির জেলা কমিটি নেই। কার সঙ্গে বসব?’সদরের বৈরী চিত্র: চাঁপাইনবাবগঞ্জ সদর পৌরসভায় মেয়র পদে বিএনপি স্থানীয় মসজিদের ইমাম মাওলানা মো. আবদুল মতিনকে সমর্থন দিয়েছে। কওমি মাদ্রাসায় পড়াশোনা করা মাওলানা মতিনকে জামায়াত ‘অশিক্ষিত’ ও পৌরসভা চালানোর অযোগ্য বলে প্রচার করছে।মাওলানা মতিন প্রথম আলোকে বলেন, ‘আমি মুক্তিযুদ্ধের পক্ষের লোক। তাদের (জামায়াত) বিরুদ্ধে কথা বলি। এ জন্য তারা আমাকে সহ্য করতে পারে না। একবার আমাকে তারা হত্যার চেষ্টা করেছিল। ধারালো অস্ত্র দিয়ে মেরে মহাডাঙ্গা রেল সেতু থেকে ফেলে দিয়েছিল। পরে আল্লাহর রহমতে বেঁচে গেছি।’ তিনি বলেন, ‘এখন নির্বাচনে দাঁড়ানোয় তারা আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। বলছে, আমি অশিক্ষিত, পৌরসভা চালাতে পারব না। এমনকি আমার মাকে নিয়েও অপপ্রচার চালাচ্ছে।’আবদুল মতিনের অভিযোগ, জামায়াত-সমর্থিত প্রার্থী লতিফুর রহমান তাঁর হলফনামায় অনেক তথ্য গোপন করেছেন। শহরে তাঁর একটি হোটেল ও চায়নিজ রেস্টুরেন্ট থাকলেও তা হলফনামায় উল্লেখ করেননি।এ ব্যাপারে লতিফুর রহমান বলেন, ‘সে (বিএনপির প্রার্থী) একটা মূর্খ, গবেট লোক। আমার আয়কর রিটার্ন জমা দিয়েছি। তাতে সবকিছুর উল্লেখ আছে। সে আয়কর রিটার্ন কী জিনিস সেটা বোঝে?’আবদুল মতিন তাঁর শিক্ষাগত যোগ্যতার ঘরে ‘শাহাদাত এ কুল্লিয়াহ্’ সনদধারী হিসেবে উল্লেখ করেছেন। তবে জামায়াত-সমর্থিত প্রার্থী লতিফুর রহমান প্রথম আলোকে বলেন, এটা স্বীকৃত কোনো সনদ নয়। আবদুল মতিন কোনো শিক্ষিত লোক নন।শিবগঞ্জে বিএনপির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ: শিবগঞ্জ পৌরসভায় জামায়াতের প্রার্থীর নির্বাচনী প্রচারণায় বলা হচ্ছে, বিগত জোট সরকার আমলে বিএনপি সেখানে কোনো উন্নয়ন করেনি। সে সময় নানা দুর্নীতি হয়েছে।জামায়াত-সমর্থিত মেয়র পদপ্রার্থী জাফর আলী প্রথম আলোকে বলেন, শিবগঞ্জে জোট সরকারের আমলে পাঁচ বছরে কোনো উল্লেখযোগ্য রাস্তা বা অন্য কোনো উন্নয়ন হয়নি। বিএনপির সাবেক মেয়র বিভিন্ন মসজিদে টাইলস লাগিয়েছেন, একটিতে শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রও লাগিয়েছেন। কিন্তু এসব কাজে কোনো দরপত্র আহ্বান করা হয়নি। এ ছাড়া গরুর হাটের ইজারা থেকে গত বছর এক কোটি ৭২ লাখ টাকা আয় হলেও এই টাকায় কোনো উন্নয়ন হয়নি। এই টাকা কী হয়েছে, তা আপনারাই বোঝেন।’বিএনপির প্রার্থী সাবেক মেয়র শামীম কবির বলেন, ‘জামায়াতের চরিত্রই হলো মিথ্যা কথা বলা। আমি সব ওয়ার্ডে পাকা রাস্তা করেছি। মসজিদ-মাদ্রাসা-শ্মশানঘাটের উন্নয়ন করেছি। তারা বলে, এসব করে কী হবে? আর সব উন্নয়নকাজ দরপত্র আহ্বান করেই করা হয়েছে।’রহনপুরে ‘ফাঁকতালে’ জিততে চায় জামায়াত: রহনপুর পৌরসভায় মেয়র পদে আওয়ামী লীগ ও বিএনপি থেকে দুজন করে নেতা প্রার্থী হয়েছেন। তবে আনুষ্ঠনিকভাবে আওয়ামী লীগ জালালউদ্দিন আকবর এবং বিএনপি তারেক আহমেদকে সমর্থন দিয়েছে। এখানে জামায়াতের প্রার্থী মফিজউদ্দিন।জামায়াতের জেলা আমির রফিকুল ইসলাম বলেন, ‘রহনপুরে আওয়ামী লীগ ও বিএনপি বিভক্ত। আমরা সুযোগের অপেক্ষায় আছি। যদি ফাঁকতালে জিতে যাই। এ জন্য এখানে বিএনপির সঙ্গে সমঝোতার চেষ্টা করিনি।’নাচোলে বিএনপির বিদ্রোহী প্রার্থীর পক্ষে জামায়াত: নাচোল পৌরসভায় এবার প্রথমবারের মতো নির্বাচন হচ্ছে। এখানে বিএনপি থেকেই প্রার্থী পাঁচজন। তাঁদের মধ্যে মজিদুল হককে বিএনপি আনুষ্ঠানিকভাবে সমর্থন দিয়েছে। বাকি চারজন প্রার্থী হলেন শফিকুল ইসলাম, কামরুজ্জামান, আমানউল্লাহ আল মাসুদ ও নূর কামাল। জামায়াতে ইসলামী এখানে সমর্থন দিয়েছেন বিএনপির বিদ্রোহী প্রার্থী নূর কামালকে। জামায়াতের জেলা আমির বলেন, ‘ওখানে বিএনপি বিভক্ত। যার জিতে যাওয়ার সম্ভাবনা আছে, তাঁকে আমরা সমর্থন দিতে বলেছি।’প্রকাশিত সংবাদের প্রতিবাদ: ‘জামায়াতের প্রার্থী মুক্তিযোদ্ধা হত্যার আসামি’ শিরোনামে গতকাল সোমবার প্রথম আলোয় প্রকাশিত খবরের প্রতিবাদ করেছেন চাঁপাইনবাবগঞ্জ জেলা জামায়াতের আমির মো. রফিকুল ইসলাম ও সেক্রেটারি আবুজার গিফারী। প্রতিবাদপত্রে বলা হয়, সম্পূর্ণ কাল্পনিক, বানোয়াট ও হীন উদ্দেশ্যপ্রণোদিত। প্রতিবাদে বলা হয়, কোনো মামলার আসামি হলেই কাউকে অপরাধী বলা যায় না। কথিত মামলাটি রাজনৈতিক, এখন আদালতে বিচারাধীন।প্রতিবেদকের বক্তব্য: প্রথম আলোর সংবাদটি যে কাল্পনিক বা বানোয়াট নয়, তা জামায়াতের প্রতিবাদপত্র পড়লেই পরিষ্কার হয়। তা ছাড়া জামায়াতের প্রার্থী লতিফুর রহমানের জমা দেওয়া হলফনামায়ই এই মামলার কথা উল্লেখ আছে। প্রথম আলোয় শুধু সেই তথ্য এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য তুলে ধরা হয়েছে।