চাঁপাইনবাবগঞ্জে সংঘর্ষে যুবলীগের কর্মী নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের ডাকা ঢিলেঢালা হরতালে গতকাল বৃহস্পতিবার দেশের বিভিন্ন স্থানে বিক্ষিপ্ত সহিংসতা, ভাঙচুর, গুলি, অগ্নিসংযোগ ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলায় জামায়াত-বিএনপির সঙ্গে আওয়ামী লীগের নেতা-কর্মীদের সংঘর্ষে যুবলীগের একজন কর্মী নিহত হয়েছেন।হরতাল-সমর্থকেরা সড়ক কেটে এবং বিভিন্ন স্থানে গাছের গুঁড়ি ফেলে সড়ক অবরোধ করে। আগুন দেওয়া হয় রেললাইনে। দেশের ১৮ জেলায় বিএনপি-জামায়াতের সঙ্গে আওয়ামী লীগ ও পুলিশের সংঘর্ষে পুলিশসহ অন্তত ৮২ জন আহত হয়। গ্রেপ্তার করা হয় ৯০ জনকে।ঢাকার বাইরে নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর: চাঁপাইনবাবগঞ্জ: ভোলাহাটের পোল্লাডাঙ্গা বাজারে জামায়াত-বিএনপির সঙ্গে ও আওয়ামী লীগের সংঘর্ষে আবদুর রহমান নিহত হন। এ সময় অন্তত পাঁচটি দোকান ভাঙচুর এবং একটি দোকানে আগুন দেওয়া হয়। ভোলাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদ সোহরাওয়ার্দী জানান, সকাল সাড়ে ১০টার দিকে জামায়াত-বিএনপি বাজারে হরতালের সমর্থনে মিছিল বের করে। এ সময় দোকান খোলা নিয়ে ওই বাজারের ব্যবসায়ী যুবলীগের কর্মী আবদুর রহমানের সঙ্গে হরতাল-সমর্থকদের বাগিবতণ্ডা শুরু হয়। একপর্যায়ে আবদুর রহমানের সমর্থনে এগিয়ে আসেন আওয়ামী লীগ ও যুবলীগের কয়েকজন কর্মী। তাঁরাও হরতাল-সমর্থকদের সঙ্গে বিতর্কে জড়িয়ে পড়েন। এর পরই দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষে গুরুতর আহত আবদুর রহমানকে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।দুই পক্ষের সংঘর্ষের সময় দোকানপাটে ব্যাপক ভাঙচুর চালিয়ে আগুন দেওয়া হয়। চাঁপাইনবাবগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের উপসহকারী পরিচালক ওহিদুল ইসলাম জানান, দোকানপাটে আগুন দেওয়ার খবর পেয়ে একটি ইউনিট ঘটনাস্থলের দিকে পাঠানো হয়। পথে মুশরিভূজা এলাকায় ওই ইউনিটে আগুন দেয় হরতাল-সমর্থকেরা। ভোলাহাট উপজেলা ছাত্রলীগের সভাপতি তোফায়েল আহমেদ জানান, বিএনপি-জামায়াতের কর্মীদের ধারালো অস্ত্রের কোপে আবদুর রহমান নিহত হন। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইয়াসমিন আক্তার জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) মোতায়েন করা হয়েছে। রাজশাহী: সকালে হরতালের সমর্থনে বিএনপির নেতা-কর্মীদের মিছিলে পেছন থেকে রাবার বুলেট ছোড়ে পুলিশ। এতে মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়। এ সময় অন্তত ১০ জন আহত হয়। নগরের কাদিরগঞ্জ মসজিদ মোড় এলাকায় হরতালের সমর্থনে রাস্তায় টায়ার জ্বালিয়ে পিকেটিং করেন শিবিরের কর্মীরা। খবর পেয়ে সেখানে পুলিশ যাওয়ার আগে তাঁরা পালিয়ে যান। সীতাকুণ্ড (চট্টগ্রাম): সীতাকুণ্ডের বাড়বকুণ্ড বাজারের কাছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ করে হরতাল-সমর্থকেরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে র‌্যাব গুলি ছোড়ে। এতে যুবদলের তিনজন নেতা-কর্মী গুলিবিদ্ধ হন। ফরিদপুর: জেলা সদরের ধুলদি এলাকায় বুধবার রাত পৌনে নয়টার দিকে চট্টগ্রামগামী একটি যাত্রীবাহী বাসে গান পাউডার ছিটিয়ে আগুন দেয় হরতাল-সমর্থকেরা। বাসের চালক মো. শাহীন জানান, সড়কে গাছের গুঁড়ি ফেলে বাস থামাতে বাধ্য করা হয়। এরপর বাসে ভাঙচুর চালিয়ে আগুন দেওয়া হয়। এতে অন্তত ১৫ যাত্রী আহত হন। বরগুনা: হরতাল-সমর্থকেরা বুধবার গভীর রাতে বরগুনা-পুরাকাটা-বরিশাল সড়কের কাঠেরপুল এলাকায় সড়ক কেটে এবং বিভিন্ন স্থানে গাছের গুঁড়ি ফেলে অবরোধ সৃষ্টি করে। পুলিশের উদ্যোগে সকালে সড়ক মেরামত ও গাছের গুঁড়ি অপসারণ করা হয়। সকালে শহরের লঞ্চঘাট এলাকায় জেলা বিএনপির কার্যালয় থেকে মিছিল বের করতে চাইলে পুলিশ কার্যালয়টি ঘিরে রাখে। জেলার বিভিন্ন স্থান থেকে ১৫ জনকে আটক করা হয়েছে। সিরাজগঞ্জ: শহরের পাঁচটি স্থানে বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হন। উল্লাপাড়া উপজেলায় আওয়ামী লীগ ও জামায়াত-বিএনপির নেতা-কর্মীদের সংঘর্ষে আহত হন ১৫ জন। পুলিশ ১৮০টি রাবার বুলেট ও কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ছাড়া বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ সড়কে পিকেটাররা ১০টি বাস ও ট্রাক ভাঙচুর করে। পুলিশ পাঁচজনকে আটক করেছে।নারায়ণগঞ্জ: শহরের কালীরবাজার এলাকায় হরতালের সমর্থনে যুবদলের নেতা-কর্মীরা মিছিল বের করলে পুলিশ লাঠিপেটা করে। এতে অন্তত পাঁচজন আহত হন। এ ছাড়া ফতুল্লার কাশিপুর ও রূপগঞ্জের ভুলতায় পিকেটাররা ১০টি গাড়ি ভাঙচুর করে। বুধবার দিবাগত রাত তিনটার দিকে জেলা বিএনপির সভাপতি তৈমুর আলম খন্দকারের বাড়িতে তল্লাশি চালিয়ে নগর যুবদলের আহ্বায়ক ও নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের কাউন্সিলর মাকসুদুল আলম খন্দকারসহ জেলার বিভিন্ন স্থান থেকে ১৫ জনকে আটক করে পুলিশ। কুষ্টিয়া: কুষ্টিয়ায় বিএনপি ও জামায়াত-শিবিরের আটজন নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ। এর আগে বুধবার দিবাগত রাত পৌনে ১১টার দিকে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ৩ নম্বর ফটকের সামনে একদল মুখোশধারী একটি ট্রাকে পেট্রল ঢেলে আগুন দেয়। নাটোর: সিংড়া উপজেলার শেরকোল এলাকায় হরতাল-সমর্থকদের সঙ্গে বিরোধীদের সংঘর্ষে পাঁচজন আহত হন। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। হরতাল-সমর্থকেরা নাটোর শহরের ফুলবাগান, কাফুরিয়া ও বড়াইগ্রামের আহমঞ্চদপুরে অন্তত পাঁচটি ট্রাক ও অটোরিকশা ভাঙচুর করে। ফুলবাগান থেকে বিএনপির তিনজন কর্মীকে আটক করে পুলিশ।যশোর: সদর উপজেলার বসুন্দিয়া এলাকায় জামায়াত-শিবিরের কর্মীদের সঙ্গে সংঘর্ষে পুলিশের চার সদস্যসহ অন্তত সাতজন আহত হন। এর আগে জামায়াতের মিছিল থেকে স্থানীয় আওয়ামী লীগের কার্যালয় ও কয়েকটি দোকান ভাঙচুর করা হয়। ফেনী: ফেনী পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে হরতাল-সমর্থকেরা দুটি মোটরসাইকেলে অগ্নিসংযোগ ও একটি বেসরকারি ক্লিনিকের অ্যাম্বুলেন্স ভাঙচুর করে। ঝিনাইদহ: জেলার বিভিন্ন স্থান থেকে পুলিশ ১১ জামায়াত-শিবির ও বিএনপির নেতা-কর্মীকে আটক করেছে। পুলিশ বলছে, নাশকতা ঠেকাতে এঁদের আটক করা হয়েছে।সাতক্ষীরা: পিকেটিংয়ের সময় টায়ার ও ১০ লিটার পেট্রলসহ শিবিরের একজন কর্মীকে গ্রেপ্তার করে পুলিশ। পিকেটাররা জেলা সদরের প্রবেশমুখে বিভিন্ন স্থানে বিদ্যুতের খুঁটি ফেলে ও গাছ কেটে অবরোধ সৃষ্টির চেষ্টা করে। মুন্সিগঞ্জ: শ্রীনগর উপজেলার বেজগাঁও এলাকায় একটি বাসে আগুন দেয় হরতাল-সমর্থকেরা। গতকাল জেলার বিভিন্ন স্থান থেবে বিএনপি ও জামায়াত-শিবিরের নয়জন নেতা-কর্মীকে গ্রেপ্তার করে পুলিশ। ব্রাহ্মণবাড়িয়া: হরতাল-সমর্থকেরা জেলার নবীনগর উপজেলার নবীনগর-কোম্পানীগঞ্জ সড়কে টায়ার জ্বালিয়ে আগুন দেয়। তারা গাছের গুঁড়ি ফেলে ওই সড়ক অবরোধ করে। জেলার বিভিন্ন স্থান থেকে বিএনপির ১২ নেতা-কর্মীকে আটক করে পুলিশ। চাঁদপুর: জেলার গুরুত্বপূর্ণ সড়কে গাছ ফেলে ও টায়ারে আগুন ধরিয়ে দেওয়া হয়। এতে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়ক, চাঁদপুর-মতলব-পেন্নাই সড়ক ও চাঁদপুর-লক্ষ্মীপুর সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। লাকসাম (কুমিল্লা): লাকসাম-নোয়াখালী রেলপথের দৌলতগঞ্জ স্টেশনের দক্ষিণে রেললাইনে আগুন ধরিয়ে দেয় হরতাল-সমর্থকেরা। ফলে নোয়াখালী থেকে ছেড়ে আসা ঢাকাগামী উপকূল এক্সপ্রেস নাথেরপেটুয়া স্টেশনে আটকা পড়ে। ওই পথে প্রায় দুই ঘণ্টা রেল চলাচল বন্ধ থাকে। পরে সকাল সাড়ে নয়টায় ট্রেন চলাচল স্বাভাবিক হয়। নরসিংদী: সকাল ছয়টার দিকে নরসিংদী আদালতের যুগ্ম জেলা দায়রা জজ-১ মাফরুজা খানম ব্যক্তিগত গাড়িতে ঢাকা থেকে নিজ কর্মস্থলে ফেরার পথে মাধবদী বাসস্ট্যান্ড এলাকায় পিকেটাররা তাঁর গাড়ি ভাঙচুর করে। দুপুর সাড়ে ১২টার দিকে শহরের বাসাইল এলাকায় রেললাইনের স্লিপারে আগুন দেয় হরতাল-সমর্থকেরা। শেরপুর: জেলা শহরের রঘুনাথ বাজার ও চকপাঠক এলাকাসহ বিভিন্ন স্থানে ছয়টি যানবাহন ভাঙচুর করা হয়। এসব ঘটনায় জড়িত থাকার অভিযোগে ১২ জনকে গ্রেপ্তার করে পুলিশ।