চাঁপাইনবাবগঞ্জে সংঘর্ষের ঘটনায় দুটি মামলা
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শ্যামপুরে পুলিশ, র্যাব ও বিজিবির সমন্বয়ে গঠিত যৌথ বাহিনীর সঙ্গে জামায়াত-শিবিরের সংঘর্ষের ঘটনায় দুটি মামলা করেছে পুলিশ। গতকাল শুক্রবার রাতে শিবগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) দীপক কুমার শিকদার এবং উপপরিদর্শক (এসআই) শহীদুল ইসলাম বাদী হয়ে মামলা দুটি করেন। শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান প্রথম আলো ডটকমকে বলেন, পুলিশের ওপর হামলা, সরকারি কাজে বাধা ও বিশৃঙ্খলার মাধ্যমে জননিরাপত্তা বিঘ্নিত করার অভিযোগে মামলা দুটি করা হয়েছে। এসআই দীপকের দায়ের করা মামলায় ১৩ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৪০০-৫০০ জনকে আসামি করা হয়েছে। এসআই শহীদুলের মামলায় নয়জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৪০০-৫০০ জনকে আসামি করা হয়েছে। তবে নিহত লোকজনের পরিবারের পক্ষ থেকে এখনো কোনো মামলা করা হয়নি বলে ওসি জানিয়েছেন।কানসাট পল্লীবিদ্যুত্ সমিতিতে হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় করা মামলায় গত বৃহস্পতিবার দিবাগত রাত তিনটার দিকে আসামি ধরতে যান যৌথ বাহিনীর সদস্যরা। এ সময় জামায়াত-শিবিরের কর্মীরা চারদিক থেকে ঘিরে যৌথ বাহিনীর সদস্যদের অবরুদ্ধ করে ফেলেন। এ সময় আত্মরক্ষার্থে গুলি চালালে তিনজন নিহত হন। এর প্রতিবাদে আগামীকাল রোববার জেলায় সকাল-সন্ধ্যা হরতাল পালন করবে জামায়াত।