চাঁপাইনবাবগঞ্জে হরতালে পুলিশের গাড়ি লক্ষ্য করে ককটেল
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুলিতে তিনজন নিহত হওয়ার ঘটনার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে আজ রোববার ১৮ দলের সকাল-সন্ধ্যা হরতাল চলছে।সকাল থেকে শহরের বিভিন্ন স্থানে বিক্ষিপ্তভাবে পিকেটিং করছে হরতাল-সমর্থকেরা। শহরের শিবতলা মোড় এলাকায় সকালে টহল পুলিশের গাড়ি লক্ষ্য করে একটি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। এ সময় পুলিশ পাল্টা রাবারের গুলি ও কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে। তবে এতে কেউ আহত হয়নি।সকাল নয়টার দিকে টোলঘর এলাকায় পুলিশের একটি পিকআপ ভ্যানে ককটেল ছোড়ে পিকেটাররা। এতে পিকআপ ভ্যানের সামনের কাচ ফেটে যায়। এ সময় পাল্টা রাবারের বুলেট ও কাঁদানে গ্যাসের শেল ছোড়ে পুলিশ। ঘটনাস্থল থেকে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং এদের ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত উদ্দীন। এলাকার বিভিন্ন অলিগলি থেকে বিক্ষিপ্তভাবে জামায়াত-শিবিরের কর্মীরা পিকেটিং করার চেষ্টা করছেন। তাঁরা ককটেল বিস্ফোরণও ঘটাচ্ছেন। শিবগঞ্জ উপজেলায় চাঁপাইনবাবগঞ্জ সোনামসজিদ সড়কের পাইলিং মোড়ে বিদ্যুতের খুঁটি ও গাছের গুঁড়ি ফেলে অবরোধ সৃষ্টি করা হয়েছে। কানসাট মোড় এলাকায় ১৪৪ ধারা ভেঙে পিকেটিং করেছে হরতাল-সমর্থকেরা। এ ছাড়া সাঁজোয়া যান নিয়ে শহরের বিভিন্ন সড়কে টহল দিচ্ছে পুলিশ। পাশাপাশি বিভিন্ন স্থানে র্যাব ও বিজিবির সদস্য মোতায়েন করা হয়েছে।কানসাট পল্লীবিদ্যুত্ সমিতিতে হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় করা মামলায় গত বৃহস্পতিবার দিবাগত রাত তিনটার দিকে আসামি ধরতে যান যৌথ বাহিনীর সদস্যরা। এ সময় জামায়াত-শিবিরের কর্মীরা চারদিক থেকে ঘিরে যৌথ বাহিনীর সদস্যদের অবরুদ্ধ করে ফেলেন। এ সময় আত্মরক্ষার্থে গুলি চালালে তিনজন নিহত হন। এর প্রতিবাদে আজ জেলায় সকাল-সন্ধ্যা হরতাল ডাকে জামায়াত।