চাঁপাইনবাবগঞ্জে বিডিআর বিদ্রোহে জড়িত থাকার অভিযোগে ২১ জওয়ানের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। আজ রোববার সকালে চাঁপাইনবাবগঞ্জে বিজিবি ৩৯ ব্যাটালিয়ন সদর দপ্তরে স্থাপিত বিশেষ আদালত ১২-তে এ অভিযোগ গঠন করা হয়। বিশেষ আদালতে সভাপতিত্ব করেন বিজিবি, রাজশাহী সেক্টর কমান্ডার কর্নেল এহিয়া আজম খাঁন। প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন ৩৯ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আবু বকর আবু। সকালে বিচারিক কার্যক্রমের শুরুতেই আসামিদের বিরুদ্ধে আনীত অভিযোগ পড়ে শোনানো হয়। এ সময় হাবিলদার পঞ্চানন দাস ও সিপাহি আবদুর রহিম দোষ স্বীকার করে আদালতের কাছে ক্ষমা প্রার্থনা করেন। প্রসঙ্গত, ২০০৯ সালের ২৬ ফেব্রুয়ারি ঢাকার বিডিআর সদর দপ্তরে বিদ্রোহের সঙ্গে একাত্মতা প্রকাশ করে চাঁপাইনবাবগঞ্জে ৩৯ ব্যাটালিয়নের জওয়ানরা বিদ্রোহ করেন। ওই ঘটনায় একই বছরের ১৯ মে ৩০ জওয়ানের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ এনে মামলা দায়ের করেন চাঁপাইনবাবগঞ্জ সদর থানার তত্কালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা আহসানুল হক।