দীর্ঘদিন ধরে ইভ টিজিংয়ের কথা শুনে আসছে জনগণ, তবে কিছুদিন ধরে তা অসহনীয় পর্যায়ে পৌঁঁছে গেছে। জনসচেতনতা, প্রশাসনের সর্বোচ্চ সতর্ক দৃষ্টি যতই বাড়ছে, ততই যেন উচ্ছৃঙ্খল হয়ে পড়ছে বখাটেরা। এ প্রসঙ্গে একটি কথা বলা প্রয়োজন, প্রকাশ্যে ধূমপানের বিরুদ্ধে যখন ৫০ টাকা জরিমানা ধার্য করা হলো, তখন একদল অবিবেচক লোকের প্রকাশ্যে ধূমপানের মাত্রা বেড়ে গেল। ভাবখানা এমন যে ধূমপান করলে কী আর হবে! খুব বেশি হলে মাত্র ৫০ টাকা খেসারত দিতে হবে। জরিমানা অনেকটা ফ্যাশনে পরিণত হয়েছিল। এর কারণ অন্য কিছুই নয়, শাস্তিটা ছিল লঘু। আমি বিশ্বাস করি, আইনের কঠিন শাসন নিশ্চিত করতে না পারলে তা রোধ করা কঠিন হয়ে পড়বে। জনগণের মধ্যে দারুণ সচেতনতা, সামাজিক প্রতিরোধ, মানববন্ধন, প্রশাসনিক তৎপরতা, পুলিশের অভিযান—এত কিছুর পরও বখাটেরা ইভ টিজিংসহ নারী নির্যাতনে কীভাবে সাহস পায়, আমি তা ভেবেই চিন্তিত ও অস্থির। কাদের আশ্রয়-প্রশ্রয়ে এরা এই দুঃসাহস দেখাচ্ছে? নাকি পরিবার থেকে কুশিক্ষায় শিক্ষিত হয়ে এই ব্যভিচার করে বেড়াচ্ছে? এ প্রসঙ্গে আমি একটি ঘটনা উল্লেখ করতে চাই, আমাদের গ্রামের একটি ছেলে আমার ছোট বোনকে উত্ত্যক্ত করত। পাড়ার মুরব্বিসহ গ্রামের অনেককেই বিষয়টি জানানো হলেও সবার কথার সারমর্ম ছিল নন্দন ছেলেমানুষ, এতটুকু দুষ্টুমি করলে কী এমন ক্ষতি! অন্যদিকে, আমার বোনটি দারুণ মেধাবী (এসএসসি, এইচএসসিতে মেধাতালিকায় স্থানপ্রাপ্ত)। অথচ নন্দনের অত্যাচারে বোনটির পড়াশোনা বন্ধের উপক্রম হয়েছিল। কারও সহযোগিতা না পেয়ে অবশেষে আমার ঘনিষ্ঠ বন্ধুদের সমষ্টিগত বিচারে নন্দন চিরতরে ভালো মানুষ হয়ে গিয়েছিল। অর্থাৎ আমি বলতে চাইছি, শাস্তি নিশ্চিত করলে এর ফল আসবেই। প্রচলিত আইনের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলছি, ইভ টিজিংয়ের মতো স্পর্শকাতর বিষয়কে দ্রুত বিচার কিংবা সর্বোচ্চ অপরাধ হিসেবে চিহ্নিত করে এর সুবিচার নিশ্চিত করা হোক। এ ধরনের উচ্ছৃঙ্খল সন্তানদের বিচারে যদি সংশ্লিষ্ট পরিবারগুলো সচেতন না হয়, তাহলে ওই পরিবারগুলোর বিরুদ্ধেও শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। আমি ‘অসম্ভব’ বলতে কিছু বিশ্বাস করি না। শিক্ষক মিজানুর রহমানের মৃত্যু এবং চাঁপা রানী ভৌমিক হত্যার পর আর বোধ হয় শান্ত থাকা শোভা পায় না। দেশের বড় বড় উন্নয়নমূলক কার্যক্রমকে স্থবির করে এ ধরনের বখাটের পেছনে প্রশাসনকে বেশি মনোযোগী হতে হচ্ছে! এই বখাটেরা দেশের কোনো কাজে আসবে না। এত কিছুর পরও যেহেতু তারা আইনের প্রতি শ্রদ্ধাশীল নয়, তাই তাদের দিয়ে ভালো কিছু আশা করা অনুচিত। প্রশাসন চাইলে এই অপরাধীদের সর্বোচ্চ সাজা দিতে পারে। পত্রিকার মাধ্যমে জানতে পারলাম, ইভ টিজিংয়ের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত নামছেন। আশা করব, এই আদালত কোনো প্রকার জটিলতা ছাড়া স্বাধীনভাবে অপরাধীদের বিচার করবে। আর কোনো মেয়েকে যেন ইভ টিজিংয়ের ভয়ে ঘরের দরজা বন্ধ করে রাখতে না হয়, আর যেন কোনো মাকে বখাটেদের প্রতিবাদ করার অপরাধে (!) দুর্বৃত্তের মোটরসাইকেলের চাকায় পিষ্ট হতে না হয়, এই হোক আমাদের দৃপ্ত অঙ্গীকার! চাই আইনের সর্বোচ্চ প্রয়োগ।