রাস্তাঘাটে চলার পথে, স্কুলে আসা-যাওয়াসহ নানা উৎসব ও অনুষ্ঠানে হরহামেশাই আমাদের ইভ টিজিংয়ের শিকার হতে হয়। বিষয়গুলো সহ্য করতে না পারলে ইভ টিজিংকারীকে নয়, আমাদেরই এর মাশুল দিতে হয়। আমাদের অনেক বন্ধুই ইভ টিজিংয়ের কারণে পড়ালেখা ছেড়ে দিয়েছে। তাদের বিয়ে দিয়ে দিয়েছে পরিবারের সদস্যরা। ফলে সমাজে বাল্যবিবাহের সংখ্যা বাড়ছে।ইভ টিজিংয়ের শিকার কয়েকজন বন্ধু সম্পর্কে জানাল কালামপুর আমাতন নেসা বালিকা উচ্চবিদ্যালয়ের ছাত্রী ময়না আক্তার, কাজী সুলতানা, ইশরাত জাহান, শারমীন আক্তার, প্রিয়াংকা ঘোষসহ আরও অনেকে। সারা বছর ইভ টিজিংয়ের ভয়াবহতা দেখে গত শনিবার ঢাকার ধামরাই উপজেলার কালামপুর আমাতন নেসা বালিকা উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে সিটিব্যাংক এনএ তাদের গ্লোবাল কমিউনিটি দিবসে ‘আগামী প্রজন্মের ছাত্রীদের ক্ষমতায়ন’ স্লোগানে উদ্বুদ্ধ হয়ে ইভ টিজিং প্রতিরোধে গণসচেতনতা বৃদ্ধিসংক্রান্ত আলোচনা সভার আয়োজন করে। সভায় স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন, বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রধান অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ, তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা গীতি আরা সাফিয়া চৌধুরী, সাবেক রাষ্ট্রদূত নাসিম ফেরদৌস, ধামরাইয়ের সাংসদ বেনজীর আহামেদ, সাভারের সাংসদ তালুকদার তৌহিদ জং মুরাদ, সিটিব্যাংক এনএর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মামুন রশীদ ও ধামরাইয়ের উপজেলা নির্বাহী কর্মকর্তা খাদিজা নাজনিন, পারসোনার কর্ণধার কানিজ আলমাস, শারমিন লাকি, ইমন, শহীদুল ইসলাম সাচ্চু, আবদুল কাদের উপস্থিত ছিলেন। সভা শেষে সিটিব্যাংকের সহায়তায় বিদ্যালয়টিতে ইন্টারনেট-সংযোগসহ অত্যাধুনিক কম্পিউটার ও বিভিন্ন ধরনের এক হাজার বই-সংবলিত একটি ‘সিটি নলেজ সেন্টারেরও’ উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে গিয়ে জানা যায়, ইভ টিজিংয়ের হাত থেকে অন্যান্য স্কুল-কলেজের ছাত্রীদের মতো ওই স্কুলের ছাত্রীরা নির্যাতিত হচ্ছে। নবম শ্রেণীর ছাত্রী ময়না আক্তার, কাজী সুলতানা, ইশরাত জাহান, শারমীন আক্তার, প্রিয়াংকা ঘোষ—সবার এক চাওয়া, বন্ধ হোক ইভ টিজিং। তাদের বন্ধুদের মধ্যে তিন জনের বিয়ে হয়ে গেছে ইভ টিজিংয়ের কারণে। স্কুলে আসা-যাওয়ার পথে বখাটে ছেলেরা উত্ত্যক্ত করায় তাদের স্কুলের পাট চুকিয়ে দিয়ে বিয়ের পিঁড়িতে বসিয়ে দেওয়াটাই নিরাপদ মনে করেছেন তাদের অভিভাবকেরা। তা ছাড়া অনুষ্ঠানের দিনও শুধু ইভ টিজিংয়ের ভয়ে তাদের এক সহপাঠী স্কুলে আসতে পারেনি। ছাত্রীদের মতে, পরিবারের লোকজনকে ইভ টিজিংয়ের বিষয়টি জানালেই বরং বিপদে পড়তে হয় বেশি। অধিকাংশ সময়ে বাবা-মা সহযোগিতার হাত না বাড়িয়ে বরং তাদের পড়ালেখা বন্ধ করে দেন। তবে বাবা-মা যে এটি ইচ্ছে করে করেন, এমনটিও মনে করছে না অনেকে। সন্তানের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েই তাঁদের এ পথ বেছে নিতে হচ্ছে বলে মনে করছে তারা। স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন বললেন, বখাটেদের ইভ টিজিংয়ের কারণে অনেক সময় কোমলমতি মেয়েরা স্কুল-কলেজে যাওয়া বন্ধ করে দেয়। অনেকে আবার বেছে নেয় আত্মহননের পথ। ইভ টিজিং যারা করে, তারা আমাদেরই সন্তান। তাই তাদের সুপথে ফিরিয়ে আনতে আমাদের কাজ করতে হবে। ইভ টিজিং রোধে সমাজের সর্বস্তরের মানুষকে এগিয়ে আসতে হবে। ইভ টিজিং বন্ধে নারী নির্যাতন আইন সংস্কার করার চিন্তাভাবনা করা হচ্ছে। ইতিমধ্যেই জেলা প্রশাসক ও আইন প্রয়োগকারী সংস্থাকে এ ব্যাপারে কার্যকর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া স্কুল-কলেজের আশপাশে গোয়েন্দা নজরদারিও বাড়ানো হয়েছে। শুধু মন্ত্রী ও আইন প্রয়োগকারী সংস্থার পক্ষে এদের প্রতিরোধ করা সম্ভব নয়। সমাজের সর্বস্তর থেকে এদের প্রতিরোধ করতে হবে।তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা গীতি আরা সাফিয়া চৌধুরী বললেন, ‘সাহসই লক্ষ্মী’—ইভ টিজিং রোধে আমাদের মেয়েদের সাহসী হতে হবে। যারা ইভ টিজিং করে, অনেক সময় তারা মজা হিসেবেই বিষয়টিকে গ্রহণ করে। তাদের বোঝাতে হবে ইভ টিজিংয়ের শিকার মেয়েটি তার বোন হতে পারত। আর এ ক্ষেত্রে বাবা-মাকেই বিশেষ ভূমিকা পালন করতে হবে। তাঁর সন্তানদের নীতিবিরোধী এসব কর্মকাণ্ডের কুফল সম্পর্কে ধারণা দিতে হবে। সাবেক রাষ্ট্রদূত নাসিম ফেরদৌস বললেন, শিক্ষা ও দীক্ষা—এই দুইয়ের সমন্বয়ে নারীদের সামনে এগিয়ে যেতে হবে। তাদের মধ্যে নেতৃত্ব দেওয়ার প্রবণতা জাগিয়ে তুলতে হবে। আর এর মধ্য দিয়েই নারীরা ইভ টিজিংয়ের প্রতিবাদ করার সাহস পাবে। ইভ টিজিং অতীতেও ছিল, তবে তখন ছিল বিষয়টি খুবই অল্প পরিসরে। শিক্ষা ও কর্মক্ষেত্রে নারীদের অংশগ্রহণ বৃদ্ধির সঙ্গে সঙ্গে ইভ টিজিং বৃদ্ধি পাচ্ছে। আমাদের দেশের অর্থনীতিতে নারীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। কিন্তু নানা কারণে আজ তাদের নির্যাতনের শিকার হতে হচ্ছে। আমাদের নারীদের সম্মান করতে শিখতে হবে। জনপ্রিয়মুখ শারমিন লাকি বললেন, শহর কিংবা গ্রাম সব স্থানেই নারীরা ইভ টিজিংয়ের শিকার হচ্ছে। তবে শহরে বসবাসকারীরা গ্রামে বসবাসকারীদের তুলনায় বেশি সচেতন। তাই ইভ টিজিং প্রতিরোধে আমাদের গ্রামীণ পর্যায় থেকে আন্দোলন শুরু করতে হবে। সভা, সেমিনারের মধ্য দিয়ে ইভ টিজিং সম্পর্কে সবাইকে অবহিত করতে হবে। যেহেতু স্কুল-কলেজের ছাত্রীদের ক্ষেত্রে ঘটনাটি প্রকট আকার ধারণ করেছে, তাই তাদের দিকে দৃষ্টি দিতে হবে সবার আগে।