শহুরে জীবনে একজন সাহায্যকারী ছাড়া সংসার ভাবা যায় না। এই সাহায্যকারী বা গৃহকর্মীর সঙ্গে বাড়ির সদস্যদের সম্পর্কে কখনো কখনো অনাস্থা-অবিশ্বাস ভর করে। শুরু হয় টানাপোড়েন। কিন্তু পারস্পরিক বোঝাপড়া ও শ্রদ্ধাবোধ, বিশেষ করে উভয় পক্ষের মধ্যে পেশাদারি মনোভাব থাকলে দ্বিধা-দ্বন্দ্ব, টানাপোড়েনসহ অনেক সমস্যাই কমে যাবে। কেননা, গৃহকর্মী কিংবা গৃহমালিক যে-ই হোন না কেন নিজেদের প্রয়োজনেই একে অপরকে সহযোগিতা করা উচিত। পেশাদারি মনোভাব তৈরির জন্য কী ধরনের কাজ করতে হবে, আইন কী বলে—এসব নিয়ে এই প্রতিবেদনসম্প্রতি পত্রিকার পাতায় খবর হয়ে এসেছে মেয়েটি। ঢাকার ধানমন্ডির একটি বাসায় গৃহকর্মী হিসেবে কাজ করত সে। অভিযোগ এসেছে, নির্যাতিত হয়ে মেয়েটি মারা গেছে। তার মৃত্যুতে প্রতিবাদ জানিয়ে মানববন্ধন করে ‘গৃহশ্রমিক অধিকার প্রতিষ্ঠা নেটওয়ার্ক’। এটি বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজের (বিল্স) একটি প্রকল্প। গৃহশ্রমিকদের সব ধরনের অধিকার প্রতিষ্ঠায় কাজ করে থাকে তারা। এই নেটওয়ার্কের সদস্যসচিব নাজমা ইয়াসমীন জানান, ২০০৪ সালে বিল্স গৃহকর্মীদের ওপর একটি জরিপ চালায়। তারা কতটা দুর্বিষহ পরিস্থিতিতে আছে, তা সেই জরিপ থেকে জানা যায়। এরপর ‘বাংলাদেশ শ্রম আইন-২০০৬’-এ দেখা গেল, গৃহকর্মীদের শ্রম আইনের অন্তর্ভুক্ত করা হয়নি। তাদের শ্রম আইনে অন্তর্ভুক্ত করতে ২০০৬ সালে বিল্স গৃহশ্রমিক অধিকার প্রতিষ্ঠা নেটওয়ার্ক গড়ে তোলে। এই নেটওয়ার্কের আওতায় রয়েছে বাংলাদেশের প্রায় ৩০টি মানবাধিকার সংস্থা ও শ্রমিক ফেডারেশন। গৃহকর্মীদের শ্রম আইনের অন্তর্ভুক্ত করা হলে অনেক ধরনের সমস্যা কমে যাবে।সরকারের কাছে ‘গৃহকর্মী সুরক্ষা ও কল্যাণ নীতিমালা-২০১০’ খসড়ার ওপর প্রস্তাবনা দেওয়া হয়েছে। এটি অনুমোদনের অপেক্ষায় আছে। এই নীতিমালা গৃহকর্মী, নিয়োগকারী ও তাঁর পরিবারের সদস্য, দেশের সব ব্যক্তি, সংস্থা, প্রতিষ্ঠান ও আইনশৃঙ্খলা রক্ষাকারী প্রতিষ্ঠানের সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিদের জন্য প্রযোজ্য। এখানে তার নিয়োগের নিয়ম, ছুটি, নিয়োগকারীর দায়িত্ব, অভিভাবকের সঙ্গে চুক্তি, মজুরি, শিক্ষা, প্রশিক্ষণ, দুর্ঘটনায় ক্ষতিপূরণ, চিকিৎসা, শ্রমিকের দায়িত্ব, সরকারের দায়িত্বসহ আরও নানা বিষয় এখানে উঠে এসেছে। যদি এই নীতিমালা কার্যকর করা যায়, তাহলে গৃহকর্মী ও গৃহমালিক উভয়ের মধ্যে পেশাদারি মনোভাব তৈরি হবে।বিলেসর সহকারী নির্বাহী পরিচালক সৈয়দ সুলতান উদ্দিন আহম্মদ বলেন, ‘যখন কোনো কিছুর আইনগত ভিত্তি ও নীতিমালা থাকে, তখন পেশাদারিত্ব আপনাআপনি আসে। গত বছর আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) ১০০তম অধিবেশনে “গৃহশ্রমিকদের জন্য শোভন কাজ” শীর্ষক কনভেনশন (১৮৯) ও রিকমেন্ডেশন (২০১) গ্রহণ করেছে। এই কনভেনশন গ্রহণের মাধ্যমে আইএলওর সদস্যরাষ্ট্রগুলো গৃহশ্রমকে আনুষ্ঠানিকভাবে শ্রমের মর্যাদা ও তাদের শ্রমিক হিসেবে স্বীকৃতি প্রদান করে। বাংলাদেশের শ্রম আইনে এই শ্রমমানকে অন্তর্ভুক্ত করতে হবে। কেননা, যদি নীতিমালা থাকে তাহলে নিরাপত্তাকর্মী সরবরাহ করার জন্য যেমন সুনির্দিষ্ট প্রতিষ্ঠান রয়েছে, তেমনি গৃহকর্মী সরবরাহ করার জন্য নির্দিষ্ট প্রতিষ্ঠান গড়ে তোলা সম্ভব হবে। নিরাপত্তাকর্মীরা বাংলাদেশের শ্রম আইনের অন্তর্ভুক্ত। তাঁরা শুধু ট্রেড ইউনিয়ন গঠন করতে পারেন না। নীতিমালা কার্যকর হলে গৃহকর্মী ও বাড়ির সদস্যদের পরস্পরের আচরণ, কাজের মান ও দায়িত্ব—সব বিষয়ে স্বচ্ছতা থাকবে। এছাড়া গৃহকর্মীদের সচেতন করার জন্য ও তাদের সংগঠিত করার চেষ্টা করছি আমরা। আমাদের সহযোগী প্রতিষ্ঠানগুলো কাজ করছে।’‘জীবিকার তাগিদে গৃহকর্মীরা যেমন আমাদের ওপর নির্ভরশীল, আমরাও তাদের ছাড়া এক অর্থে অচল। কর্মজীবী নারী হলে তো কথাই নেই। হয় ছুটা বুয়া, না হয় সারাক্ষণ বাড়িতে থাকবে—এমন গৃহকর্মী প্রয়োজন। তাকে যখন নিয়োগ দেওয়া হবে, তখনই ভালোভাবে বুঝিয়ে দিতে হবে বাড়ির পরিবেশ। কাজের লোক হিসেবে না দেখে তাকে একজন মানুষ হিসেবে বিবেচনা করতে হবে। আপনার গৃহকর্মীও যেন নিজেকে পরিবারের একজন মনে করে, সেই পরিবেশ তৈরি করতে হবে।’ বলেন গার্হস্থ্য অর্থনীতি কলেজের সাবেক অধ্যক্ষ ফিরোজা সুলতানা। তিনি আরও বলেন, ‘সব সময় তার কাজের ভুল ধরলে সে ভীত ও বিরক্ত হয়ে উঠবে। তার কাজ আপনার পছন্দমতো না হলে ভালোভাব বুঝিয়ে বলুন। গুরুতর অন্যায় করলে তার অভিভাবককে ডেকে ছেলে বা মেয়ের অন্যায় বলে পাওনা পরিশোধ করে কাজ থেকে ছাড়িয়ে দিন। এর জন্য তাকে নির্যাতন করবেন না।’সবাই যে গৃহকর্মীকে নির্যাতন করে কিংবা সব গৃহকর্মীই যে অবাধ্য, অবিশ্বস্ত হয় তা নয়। নাজনীন আকতারের ঢাকার বাসাবোর বাসায় আট বছর ধরে কাজ করছে তাহেরা। ওকে ছাড়া নাজনীন আকতার একটি দিনও ভাবতে পারেন না। নাজনীন আকতার বলেন, ‘তাহেরা আমার সন্তানের মতোই। অসম্ভব ভালোবাসে আমাদের পরিবারকে। সব ধরনের সুযোগ-সুবিধা তাকে দিই আমরা, যেন সে নিজেকে বঞ্চিত মনে না করে। অফিসের কারণে অনেক সময় ঢাকার বাইরে যেতে হয়। ওর কাছে ছেলেমেয়েদের ও বাড়ির দায়িত্ব দিয়ে নিশ্চিন্তে যেতে পারি। ফলে মনে অবিশ্বাস জাগার সুযোগ নেই।’কর্মজীবী নারীর নির্বাহী পরিচালক রোকেয়া রফিক বলেন, ‘গৃহকর্মী ও বাড়ির মালিকদের মধ্যে এই টানাপোড়েন দূর করতে রাষ্ট্রীয় সহায়তা প্রয়োজন। শুধু আইন করে এটি দূর করা সম্ভব নয়। উভয়ের জন্য এটি ঝুঁকিপূর্ণ। কেমন লোক নিয়োগ দিচ্ছি, সেটি যেমন জানতে পারি না, আবার কোন পরিবারে কাজ করতে আসছে, সেটিও গৃহকর্মী ঠিকভাবে জানতে পারে না। সরকারের সহায়তায় প্রতিটি ওয়ার্ডে এমন প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে, যেখান থেকে গৃহকর্মী নিয়োগ দেওয়া হবে। তাদের যথাযথ প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। এ ধরনের মানবসম্পদ প্রতিষ্ঠান বাড়ির মালিক ও গৃহকর্মীর মধ্যে সমঝোতা করে দেবে। বেতন-ভাতা, কর্মঘণ্টা, নিরাপত্তা যেমন নিশ্চিত করবে, আবার নিয়োগ পাওয়া বাড়িতে ঠিকমতো কাজ করল কি না, সেটিও দেখবে তারা। অর্থাৎ উভয় পক্ষ থেকে কোনো অভিযোগ এলে সেসব খতিয়ে দেখবে—এ রকম প্রতিষ্ঠান থাকা এখন জরুরি হয়ে পড়েছে। এ ছাড়া আচরণ সংযত করা, পারস্পরিক সম্মান দেখানো ও মূল্যবোধের পরিবর্তন আনতে হবে।’ এত কিছুর পরও গৃহকর্মীর ওপর নির্যাতন নেমে আসে। তারাও কোনো কোনো সময় অপরাধের সঙ্গে যুক্ত থাকে। সে সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর করণীয় কী? এই প্রশ্নের উত্তরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপপুলিশ কমিশনার মাসুদুর রহমান বলেন, ‘গৃহকর্মী নিয়োগ করার সময় গৃহমালিককে স্থানীয় থানায় জানাতে হবে। এতে করে পরবর্তী সময়ে সে হারিয়ে গেলে, পালিয়ে গেলে বা কোনো অপরাধ করলে তাকে শনাক্ত করা সহজ হবে। এ ছাড়া থানায় নিবন্ধন করানোর সময় স্থায়ী ঠিকানার প্রয়োজন হয়। ফলে সেটিও আমাদের কাছে লিপিবদ্ধ থাকছে। গৃহকর্মীও বুঝতে পারবে যে, সে কোনো অন্যায় করলে পুলিশ ধরে ফেলবে। এ ছাড়া বাড়িতে নতুন গৃহকর্মী নিয়োগ দিলে শুরুতেই তার অভিভাবকের সঙ্গে ছবি তুলে রাখুন। স্থায়ী ঠিকানা, বাবা-মায়ের নাম—সব একটি আলাদা খাতায় লিখে রাখবেন। ব্যক্তিগত নিরাপত্তা ও গৃহকর্মীকে শৃঙ্খলার মধ্যে রাখার জন্য এসব করা উচিত। এই নিয়মকানুন মানলে ধীরে ধীরে গৃহকর্মীদের সঙ্গে বাড়ির মালিকদের সম্পর্কে পেশাদারি মনোভাব তৈরি হবে। আমাদের পক্ষ থেকে চেষ্টা করি, এসব নির্যাতনকারীকে যত দ্রুত সম্ভব আইনের আওতায় আনার।’