চাই ডোরেমন কার্টুনের পোশাক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিশুরা বাস করে কল্পনার রাজ্যে। সারা দিন দেখা ডোরেমন কার্টুনের ‘সিজুকা’ বা যে পুতুলটি নিয়ে খেলে, সেই ‘বার্বি ডলের’ গোলাপি ঝালরের পোশাকটি চাই তাদের ঈদে। আবার ব্যাটম্যান, সুপারম্যানের মতো সাজতেও মন চায়।মা-খালাদের মতো সালোয়ার-কামিজ ও শাড়ি, বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া বড় বোনের মতো লং স্কার্ট বা টপসও চাই শিশুদের। ঈদ বলে কথা। তাই শিশুদের মুখে হাসি ফোটাতে তাদের বায়না এক-আধটু মেটাতেই হয়। গত শনিবার সরকারি ছুটির দিনসহ গতকাল সোমবার পর্যন্ত নগরের বিভিন্ন শপিং মল ও মার্কেটে অভিভাবকদের সঙ্গে ছিল খুদে ক্রেতাদের ভিড়। ঈদবাজারে খুদে এই ক্রেতাদের কথা মাথায় রেখে আয়োজনেরও কমতি নেই। বিক্রেতারাও খুশি। কেননা, শিশুদের পোশাকের দাম বেশি হলেও বিক্রি হবে। তবে চড়া দামের পোশাক কিনে সন্তানের বায়না মেটানো অভিভাবকদের জন্য বেশ কঠিনই হয়ে যাচ্ছে।বয়স কম, কিন্তু শিশুদের ফাঁকি দেওয়ার জো নেই। যারা একটু লেখাপড়া শিখেছে, তারা বিভিন্ন পত্রিকার ঈদ ফ্যাশনের পাতা নিয়ে মা-বাবার কাছে নির্দিষ্ট নকশার পোশাকটির বায়না ধরছে।ধানমন্ডির বাসিন্দা বিলকিস বানু প্রথম আলোকে বলেন, ‘মেয়ে সারা দিন ডোরেমন কার্টুন দেখে। ঈদে পোশাক কেনার সময়ও বায়না, কার্টুনের সিজুকার মতো পোশাক কিনে দিতে হবে।’অন্যদিকে অভিভাবকেরা কিশোর-কিশোরী বয়সের সন্তানকে নিয়ে বেশি হিমশিম খাচ্ছেন। এই বয়সী সন্তানেরা যেটা পছন্দ করে. মা-বাবার মন তাতে খুব একটা সায় দেয় না। ফলে মার্কেটে এসে মা-মেয়ে বা বাবা-ছেলের মধ্যে চলে মান-অভিমান।ছোট্ট সাহির টি-শার্ট কিনেছে, তবে যেই-সেই শার্ট নয়। এটি গায়ে দিলে আলো জ্বলে। তার এখন বায়না বেন টেনের জুতা। তার বোন লামিয়ার ঝকমক পোশাক একদমই পছন্দ নয়। ওদের মা শিমু বলেন, ‘ছেলের বায়না মেটাতে যেতে হয়েছে এলিফ্যান্ট রোডে। আর মেয়ের জন্য গজ কাপড় কিনে সালোয়ার-কামিজ বানিয়েছি। বুটিক শপ থেকে কিনে দিয়েছি জামা। তবে এবার দামটা অনেক বেশি। গতবারের চেয়ে প্রায় দ্বিগুণ বাজেট লাগছে।’নগরের বসুন্ধরা সিটির বিক্রয়কর্মীরা ‘ডিংকাচিকা’, ছেলেদের জন্য রাজস্থানের ‘দাবাং’সহ বিভিন্ন নাম দিয়ে ক্রেতাদের কাছে পোশাক বিক্রি করছিলেন। তবে ছোটদের পোশাকের দোকান লি পিংক প্লাসের মালিক সাখাওয়াত হোসেন প্রথম আলোকে বলেন, ‘পোশাকের এ ধরনের নাম নেই। জনপ্রিয় হিন্দি ছবির নাম দিয়ে বিক্রি বাড়ানোর জন্য বিক্রয়কর্মীরা এ ধরনের নাম দিয়ে থাকেন। ক্রেতারাও অনেক সময় এসে ‘পাগলু’, ‘মুন্নী বদনাম হুয়ী’ ইত্যাদি নামের পোশাক দেখাতে বলেন।’ এ দোকানের একজন বিক্রয়কর্মীকে ডিংকাচিকা নামের পোশাকটি দেখাতে বললে হেসে বলেন, ‘যখন যেটা সামনে পাই, সেটাই এই নাম দিয়ে চালিয়ে দিই।’বসুন্ধরা মার্কেটে টম অ্যান্ড জেরি নামের দোকানটিতে পুতুলের পরনের পরির পাখাওয়ালা ধবধবে সাদা ও গোলাপি ফ্রকগুলো ছোটদের প্রায় মোহগ্রস্ত করে তুলেছিল। তারা বায়না করছিল ওই পোশাকগুলোর জন্য। মোহাম্মদপুরের রহিমা তিন মেয়েকে নিয়ে এসেছিলেন এ মার্কেটে। পার্টি ফ্রকগুলো পাঁচ হাজার টাকার বেশি দাম। রহিমা বলেন, ‘তিন মেয়ের জন্য বাজেট তিন থেকে সাড়ে তিন হাজার টাকা করে। ফলে পছন্দ হলেও কেনা হচ্ছে না।’নগরের বিভিন্ন মার্কেটে ভারতের অর্চনা ব্র্যান্ডের পার্টি ফ্রক, ছেলেদের আইস বাইক সেট, এভার স্মার্ট টি-শার্ট, টাইটানিক ব্লেজার, ভারতের টয়েস কোম্পানির পোশাক, মেয়েদের জন্য কুর্তি, আনারকলি, জিপসি, মাসাককালিসহ বিভিন্ন ব্র্যান্ড ও নামের পোশাক বিক্রি হচ্ছে। তবে দেশের বুটিক শপগুলো গতানুগতিকভাবে শিশুদের জন্য স্বস্তিদায়ক হয় এমন পোশাক তৈরি করেছে। পাঞ্জাবি, ফতুয়া, সালোয়ার-কামিজ, লেহেঙ্গাতে উ ৎ সবের আমেজ আনার জন্য চুমকি, বোতাম ও উজ্জ্বল রং ব্যবহার করা হয়েছে। এসব জায়গায় দামটাও ক্রেতাদের হাতের নাগালে আছে।