চাই দারুণ প্রস্তুতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামীকাল৩১ জানুয়ারি সাধারণ ও কারিগরি উভয় ক্যাডারের বাংলা প্রথম পত্র পরীক্ষার মধ্য দিয়ে শুরু হতে যাচ্ছে ২৯তম বিসিএসের লিখিত পরীক্ষা। প্রিলিমিনারি পরীক্ষায় যাঁরা উত্তীর্ণ হয়েছেন তাঁরাই শুধু এ পরীক্ষায় অংশ নিতে পারবেন। প্রিলিমিনারি পরীক্ষায় যাঁরা নিজেদের যোগ্যতার প্রমাণ দিয়েছেন, এবার তাঁরা লিখিত পরীক্ষায় যোগ্যতা প্রমাণের চেষ্টা করবেন। এই পরীক্ষায় টিকতে পারলেই কেবল বিসিএসের পরবর্তী ধাপ মৌখিক পরীক্ষায় অংশ নেওয়া যাবে। আর বলতে গেলে পরীক্ষার্থীর জন্য এটি হলো ক্যাডার নির্ধারণী পরীক্ষা। কারণ, এই পরীক্ষার ফলাফলের ওপরই নির্ভর করে মূলত আপনি কোন ক্যাডার হওয়ার যোগ্য। তাই এই পরীক্ষায় ভালো করার কোনো বিকল্প নেই। পরীক্ষার ঠিক আগের মুহূর্ত পর্যন্ত চাই দারুণ প্রস্তুতি। বাংলাদেশ সরকারি কর্মকমিশনের (পিএসসি) সাবেক সদস্য মোহম্মদ মোহাব্বত খান বললেন, ‘লিখিত পরীক্ষা একটি কঠিন এবং সুদূরপ্রসারী প্রস্তুতির পরীক্ষা। তবে মৌলিক জ্ঞান যাঁর যত ভালো পরীক্ষায় ভালো করার সম্ভাবনা তাঁর তত বেশি। একটু পরিকল্পিত উপায়ে এগোলে পরীক্ষায় টেকা কঠিন কোনো বিষয় নয়।’সব বিষয়ের জন্য সমান প্রস্তুতি: লিখিত পরীক্ষায় বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান, গাণিতিক যুক্তি ও মানসিক দক্ষতা প্রভৃতি বিষয়ে সাধারণ ও পেশাজীবী (প্রফেশনাল) উভয় ক্যাডারের জন্যই থাকে। এ ছাড়া সাধারণ ক্যাডারে সাধারণ বিজ্ঞান ও প্রযুক্তি এবং কারিগরি ক্যাডারে সংশ্লিষ্ট পদের জন্য প্রাসঙ্গিক বিষয়ে পরীক্ষা দিতে হয়। ২৭তম বিসিএস পরীক্ষায় প্রশাসন ক্যাডারে প্রথম স্থান অর্জনকারী মো. রেজাউল করিম বললেন, ‘লিখিত পরীক্ষায় চূড়ান্তভাবে টিকতে চাইলে প্রতিটি বিষয়ে সমান গুরুত্ব দিতে হবে। লিখিত পরীক্ষায় কোনো বিষয়ে খারাপ করলে এটি মৌখিক পরীক্ষার মাধ্যমে কাটিয়ে ওঠা কঠিন। কোনো বিষয়ে এক নম্বর কম পাওয়ার অর্থ হলো প্রতিযোগিতায় অনেক পিছিয়ে পড়া।’মোটামুটি ধারণা প্রতিটি বিষয়েই: বিসিএস লিখিত পরীক্ষার জন্য সবকিছু মুখস্থ করে যেতে হবে এমন নয়। তবে সব বিষয়ে মোটামুটি লেখার মতো একটি ধারণা নিয়ে যেতে হবে। এ বিষয়ে ২৭তম বিসিএসে প্রশাসন ক্যাডারে চতুর্থ স্থান অধিকারী রাজীব সরকার বলেন, ‘প্রতিটি বিষয়েই মোটামুটি ধারণা থাকতে হবে। যেমন ধরা যাক—‘কোপ-১৫’ সম্মেলন নিয়ে প্রশ্ন এল। সেটি মুখস্থ না করে যদি ‘কোপ-১৫’ সম্পর্কে বিস্তারিত পড়ে যান তাহলেই কিন্তু পরীক্ষার খাতায় আপনার মতো করে সাজিয়ে লিখে আসতে পারবেন। আর আপনাকে অনেক বেশি আত্মবিশ্বাসী হতে হবে যে, ‘আমি পারব’। বাংলা ব্যাকরণ ও সাহিত্য: লিখিত পরীক্ষায় সাধারণ ক্যাডারের জন্য বাংলা প্রথম ও দ্বিতীয়পত্রে মোট ২০০ নম্বরের প্রশ্ন থাকবে। প্রফেশনাল ক্যাডারের জন্য থাকবে শুধু প্রথমপত্র অর্থাত্ ১০০ নম্বর। প্রথমপত্রে বাগধারা, প্রবাদ প্রবচন, বাক্য পরিবর্তন, শূন্যস্থান পূরণ, পারিবারিক শব্দ, ভাবসম্প্রসারণ, সারাংশ এবং ভাষা ও সাহিত্য থেকে প্রশ্ন আসে। আর দ্বিতীয়পত্রে দুটি রচনা লিখতে হবে। এ ছাড়া থাকবে পত্রলিখন। ২৮তম বিসিএসের মৌখিক পরীক্ষায় অংশ নেওয়া মো. আশরাফুল ইসলাম বললেন, ‘বাংলা সাহিত্য ও ব্যাকরণ বিষয়ে ভালো প্রস্তুতি থাকলে বাংলায় ভালো নম্বর পাওয়া সম্ভব।’ হতে হবে ইংরেজিতে দক্ষ: ইংরেজি বিষয়ে ২০০ নম্বরের পরীক্ষায় অংশ নিতে হবে। প্রথমপত্রে ইংরেজি থেকে বাংলা এবং বাংলা থেকে ইংরেজিতে অনুবাদ, সাবসটেন্স রাইটিং এবং গ্রামার থেকে প্রশ্ন হবে। দ্বিতীয়পত্রে দুটি ইংরেজি রচনা, অবজেকটিভ রিপোর্টিং, লেটার রাইটিং থাকে। মো. রেজাউল করিম জানালেন, ইংরেজিতে দক্ষতা যার যত বেশি পরীক্ষায় ভালো করার সম্ভাবনা তার তত বেশি। পরীক্ষার আগের সময়গুলোয় ফ্রি হ্যান্ড রাইটিংয়ের অভ্যাস করতে হবে। আর গ্রামার অংশে যেসব বিষয়ে প্রশ্ন আসে, সেসব বিষয় শেষ সময়ে ঝালিয়ে নিন। মৌলিক ধারণা প্রয়োজন সাধারণ জ্ঞানের জন্যরাজীব সরকার বললেন, ‘পরীক্ষার আগের কয়েক দিনে পড়া বিষয়গুলোকে একঝলক দেখে নিতে পারেন এ অল্প সময়ে। সাধারণ জ্ঞান বিষয়ে বাংলাদেশ প্রসঙ্গ থেকে ২০০ নম্বরের প্রশ্ন এবং আন্তর্জাতিক প্রসঙ্গে থাকবে ১০০ নম্বরের প্রশ্ন।’ গণিতের চর্চা বারবার : গাণিতিক যুক্তি বিষয়ে ৫০ ও মানসিক দক্ষতা বিষয়ে ৫০ নম্বরের প্রশ্ন থাকবে। গাণিতিক যুক্তি অংশে পাটিগণিত, বীজগণিত ও জ্যামিতি—এ তিনটি বিষয়ে প্রশ্ন থাকে। মানসিক দক্ষতা, পরীক্ষায় প্রার্থীর মানসিকতা, বুদ্ধিমত্তা, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা—এসব বিষয় যাচাই করা হয়। মো. রেজাউল করিম বললেন, ‘এ ক্ষেত্রে দুটি বিষয় জরুরি, একটি হলো আমি অঙ্ক পারি কি না, আরেকটি হলো অঙ্ক কত দ্রুত করতে পারি। আর এর জন্য চাই চর্চা। আর একটি অঙ্ক অনেক নিয়মে করা যায়। জটিল কোনো নিয়মে না গিয়ে সংক্ষিপ্ত ও সুষ্ঠু নিয়মে অঙ্ক করা শিখতে হবে।’বিজ্ঞান ও প্রযুক্তি: সাধারণ বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ে সাধারণ ক্যাডারের লিখিত পরীক্ষায় ১০০ নম্বর থাকতে হবে। এতে দৈনন্দিন বিজ্ঞান, আলোর প্রকৃতি, তরঙ্গ দৈর্ঘ্য, শব্দ, চুম্বক ও মেরু, রোগব্যাধি, স্বাস্থ্য, বায়ুমণ্ডল, পানি ও শব্দদূষণসহ সাধারণ বিজ্ঞানের বিভিন্ন বিষয় থেকে প্রশ্ন আসতে পারে। প্রযুক্তি অংশে কম্পিউটার প্রযুক্তি, তথ্য প্রযুক্তি, বৈদ্যুতিক প্রযুক্তি, ইলেক্ট্রনিক প্রযুক্তি—এসব বিষয়ে প্রশ্ন থাকবে। বিজ্ঞান ও প্রযুক্তির এসব পড়া বিষয় বারবার পড়তে হবে, ঝালিয়ে নিতে হবে। নিজের বিষয়ের প্রস্তুতি: পেশাজীবী বা কারিগরি ক্যাডারে সংশ্লিষ্ট পদের জন্য প্রাসঙ্গিক বিষয়ে ২০০ নম্বরের পরীক্ষা দিতে হবে। যে যে বিষয়ে পড়াশোনা করেছেন, সে বিষয়ে ভালো ধারণা থাকলে এ ক্ষেত্রে ভালো করা কঠিন নয়। পাঠক্রম অনুসারে আগের পড়া বিষয়গুলো বারবার ঝালিয়ে নিলে এ পরীক্ষায় ভালো করা আপনার জন্য অনেকটাই সহজ হবে। পরীক্ষায় বসার প্রস্তুতি: প্রিলিমিনারি পরীক্ষার সময় দেওয়া প্রবেশপত্রই লিখিত পরীক্ষার প্রবেশপত্র হিসেবে ব্যবহার করতে হবে। আর পরীক্ষার হলে যাওয়ার আগে অবশ্যই প্রবেশপত্র নিয়ে যেতে হবে। অন্যথায় পরীক্ষায় অংশ নিতে দেওয়া হবে না। হলে কলম, বল পয়েন্ট পেন, ক্যালকুলেটরসহ (সায়েন্টিফিক নয়) প্রয়োজনীয় পরীক্ষার সরঞ্জাম নিতে হবে। তবে বইপুস্তক, ব্যাগ, মোবাইল ফোন প্রভৃতি নিয়ে প্রবেশ করা যাবে না। আর লিখিত পরীক্ষা শুরুর ১৫ মিনিট পর কোনো পরীক্ষার্থীকে পরীক্ষার কক্ষে প্রবেশ করতে দেওয়া হবে না। প্রয়োজনীয় তথ্য প্রদান ও বৃত্ত ভরাট: ২৯তম বিসিএসের লিখিত পরীক্ষার খাতায় প্রথম পৃষ্ঠায় লিথো কোডের একটি কম্পিউটার ফরম যুক্ত থাকবে। ফরমের ওপর প্রার্থী কর্তৃক পূরণীয় অংশে নামের ঘরে প্রবেশপত্র অনুযায়ী নাম লিখতে হবে ও স্বাক্ষরের ঘরে স্বাক্ষর করতে হবে। বিষয়ের ঘরে ‘২৯তম বিসিএস লিখিত পরীক্ষা’ লিখতে হবে। এ ছাড়া পরীক্ষার কেন্দ্র, নিবন্ধন নম্বর, বিষয় কোড প্রভৃতি লিখে সংশ্লিষ্ট বৃত্ত ভরাট করতে হবে। আর পরীক্ষার হলে উত্তরপত্রে নির্দেশাবলি ভালোভাবে পড়ে নিতে হবে। প্রশ্ন নির্বাচন ও উত্তর প্রদান: প্রশ্ন পাওয়ার পর কমপক্ষে দুবার পুরো প্রশ্ন পড়ে নিতে হবে। মনে মনে ঠিক করে নিতে হবে, কোন প্রশ্নের উত্তর আগে দেবেন। প্রশ্ন নির্বাচনের বিষয়েও আপনাকে কৌশলী হতে হবে। এ বিষয়ে রাজীব সরকার বলেন, ‘প্রথম পাঁচ মিনিটেই প্রশ্ন বাছাই করে নিতে হবে।’সময় নিয়ন্ত্রণ: লিখিত পরীক্ষার জন্য নির্ধারিত তিন ঘণ্টা সময় খুবই গুরুত্বপূর্ণ। মোহাম্মদ মোহাব্বত খান বলেন, ‘মান বজায় রেখে প্রতিটি প্রশ্নের উত্তর সুনির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করতে হবে। কোনো প্রশ্নের উত্তর ১০ পাতা আর কোনো প্রশ্নের উত্তর তিন পাতা না হয়ে মোটামুটি কাছাকাছি হওয়া ভালো। এর জন্য আগে থেকেই প্রতিটি প্রশ্নের জন্য সময় নির্ধারণ করে নিতে হবে। পরীক্ষার হলে অনেকেই দেরি করে যান, এটি ক্ষতিকর। হলে ফরম পূরণ ও লেখার জন্য যে সময় দেওয়া হয়, তা যদি প্রশ্নপত্র দেওয়ার পরও আপনাকে করতে হয়, তাহলে কিন্তু পরীক্ষার হলে পিছিয়ে পড়লেন। ভালো প্রস্তুতির পাশাপাশিপরীক্ষার হলেসব বুঝে-শুনে উত্তর লিখলে বিসিএস লিখিত পরীক্ষার বৈতরণী পার হওয়া অনেকটাই সহজ হয়ে যাবে।