চাই ধৈর্য, সহমর্মিতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্রমাগত হারের জ্বালা চোখের ভেতরে আর বুকের গভীরে চেপে রেখে দেখি ইংল্যান্ডের সঙ্গে চলতি ক্রিকেট-প্রবাহটা নানামাত্রিক ক্রিকেটচর্চার রসদ জোগাচ্ছে। বাংলাদেশ দল খেলছে, দলে আশরাফুল নেই, মাশরাফি নেই। এ এক আকস্মিক দৃশ্যচ্যুতি। এ দুই সাবেক অধিনায়কের অন্তর্ধান, সে অন্তর্ধানজনিত দৃশ্যপট, সে দৃশ্যপটের পিছু পিছু রকিবুল হাসানের মেঘহীন বজ্রপাতের অবয়বে হঠাত্ অবসর, অবসর থেকে ফিরে আসার বাসনা, এসব মিলিয়ে একটি অন্য রকম সময়ের বিবরে আমাদের সাময়িক ক্রিকেট অবস্থান। ধারাবাহিক হারের মধ্যে ন্যূনতম প্রত্যাশার বিপরীত চিত্র অবলোকন করতে করতে আমাদের কণ্ঠক্রিকেট অনুশীলনও অন্য রকম মাত্রা পাচ্ছে। ঘটনা ঘটছে প্রতিক্রিয়ায়-প্রতি প্রতিক্রিয়ায়, কাম্য-অকাম্য মন্তব্য আসছে। ব্যাট-বলের পারফরমেন্সের বাইরে জবানি ক্রিকেটও আকর্ষণ অর্জন করছে। এটাকে মন্দ বলব না। বেশ একটা জমাট ভাব অনুভূত হচ্ছে। উচ্চতর মাত্রার ক্রিকেটে এও এক স্বাভাবিক অনুষঙ্গ। ক্রিকেট-জনতা এখন মাঠের বাইরের ক্রিকেট নিয়েও উৎসুক। জাতীয় দলের সামান্য সাফল্যে যে জনতা আনন্দে ভেসে যায়, জাতীয় দলের সার্বিক গতি-প্রকৃতি নিয়ে তাদের আন্তরিক কৌতূহলও স্বাভাবিক। তাই কোনো সূত্রে জাতীয় দলের সাজঘরে অস্বাভাবিকতার আভাস পেলে সেটাকে দলীয় ফলাফলের কার্যকারণের সঙ্গে মিলিয়ে দেখতে চায়। নেতিবাচক সময়ে নীতিনির্ধারণী ব্যাপার-স্যাপারকেও আলোচনায়-সমালোচনায় টেনে আনে, সমস্যা সমাধানের উপায় তালাশ করে। আমাদের ক্রিকেটের সবচেয়ে বড় মানসিক পৃষ্ঠপোষক আমজনতা খুব দ্রুত তাদের ক্রিকেট প্রত্যাশার কাছে, স্বপ্নের কাছে ফিরে যেতে চায়। অগোছালো মুহূর্ত তাই ঠাট্টায়-বিদ্রূপে মুখর হয়, তর্ক-বিতর্কে জড়ায়, উদ্দেশ্য দ্রুত স্থিতিশীল-গতিশীল অবস্থানে যাওয়া। গণমাধ্যম সেই আমজনতার নাড়ির স্পন্দনকে দৃশ্যমান করে, আলোচনা উসকে দেয়। গোছালো পরিশ্রমে আমাদের ক্রিকেটকে ক্রমোন্নতির ধারায় ফেরাতে ভূমিকা রাখে। তাই যখন আমরা চট্টগ্রাম টেস্টটিকে পঞ্চম দিনে টেনে নিয়ে যাই, চতুর্থ দিনের শেষ বেলায় এবং পঞ্চম দিনের প্রথম পালায় ধ্বংসস্তূপের মধ্য থেকে স্বপ্ন জাগানিয়া ব্যাটিং করি, তখন মনে হয় আমাদের সামগ্রিক ক্রিকেট বিতর্ক এবং কলমি ক্রিকেটের একটা ইতিবাচক ফলপ্রসূ প্রভাব অবশ্যই পড়ে আমাদের ক্রিকেটারদের অনুপ্রাণিত করার ক্ষেত্রে। বর্তমান সফরে ইংল্যান্ড দল বাংলাদেশে আসার পর আমরা নানা অনুষঙ্গে আমাদের ক্রিকেট নিয়ে যে চর্চামুখর সময় কাটাচ্ছি, তাকে একটি নৈর্ব্যক্তিক অবস্থান থেকে উপকারীই বলব।মাঠের খেলার বিনোদনের বাইরে পত্রিকায় পত্রিকায় যে ক্রিকেট বিবরণ বিশ্লেষণের প্রতিযোগিতা উপভোগ করা যাচ্ছে তা দিন দিন উজ্জ্বলতার দিকে ধাবমান। বাংলাদেশের ক্রিকেটকে উপজীব্য করে, চলমান খেলাকে বিধৃত করে, প্রতিদিন যেসব ক্রিকেটীয় সুপেয় তরল পরিবেশিত হচ্ছে, তা পান করে পরম তৃপ্তি পাচ্ছি আমি এবং আমার মতো অভাজনেরা। গণমাধ্যমের আয়নায় আমার শক্তি ও দুর্বলতা উভয়ই পরস্পর দেখতে পেলে নিজেকে আরও বলীয়ান করার সূত্র খুঁজে পাই। আর খুঁজে পাই অগ্রযাত্রার সহমর্মী-সাথিদের। বর্তমান সময়ের পত্রিকা-নির্বিশেষে ক্রিকেটের প্রতিবেদক, মন্তব্য প্রতিবেদকদের দারুণ দারুণ ইনিংস এবং সুচারু স্পেল দারুণ উপভোগ করছি। তাঁদের সবাইকে সাধুবাদ জানাই।আশরাফুল-মাশরাফিদের কথা দিয়ে এ লেখাটা শুরু করেছিলাম। কে না বোঝে, চূড়ান্ত ফর্মে থাকা আশরাফুল বা মাশরাফির কতটা প্রয়োজন আমাদের জাতীয় দলে। কিন্তু ওই ফর্মের তুঙ্গে না হোক, আশপাশেও দীর্ঘ সময় না থাকলে দলকে তো আর দুর্বলতর অবস্থায় ফেলে রাখা যাবে না। ওদের ফর্মে ফেরার জন্য সময় দিতে হবে। ফেরানোর প্রচেষ্টায় প্রক্রিয়াগত ব্যবস্থা নিতে হবে। ওই মানের ক্রিকেটার হরহামেশা পাওয়া যায় না। প্রতিভা ও অভিজ্ঞতার মিশেলে ওরা যে অবস্থানে পৌঁছেছে সাময়িক ফর্মহীনতার কারণে ওই অবস্থান থেকে ওদের হারিয়ে দেওয়া যাবে না, ফেরাতে হবে। জৌলুশময় প্রত্যাবর্তনের জন্যই ক্ষণিক বিরাম নিলে ক্ষতি কী। ক্ষতি নেই, লাভ আছে। রবীন্দ্রনাথ যে বলেছেন ‘ভালোমন্দ যাহাই আসে/সত্যরে লও সহজে।’ সেটা নিতে পারলে জীবনের চলার পথ অনেক মসৃণ হয়ে যায়, আশরাফুল-মাশরাফির বিষয়টি এভাবেই নিতে হবে। আশরাফুল অনেকটা সহজেই নিয়েছেন। আশা করি তিনি প্রত্যাবর্তন উদ্যাপন করবেন অচিরেই, সে ক্ষমতা তাঁর আছে। মাশরাফি যে বাস্তবতাটাকে খুব স্বাভাবিকভাবে নিলেন না, তাতে কিছু লোককে দলীয় সংহতির প্রশ্নে বিন্দুতে অহেতুক সিন্ধু দেখার সুযোগ দেওয়া ছাড়া আর কোনো লাভ হলো না। সংশ্লিষ্ট লোকজনের প্রাসঙ্গিক মন্তব্য সন্দেহের শিখাকে আরেকটু প্রজ্জ্বলিত করল। দেশের ক্রিকেট কিছু তীর্যক মন্তব্য শুনল। সফরকারী দলের সঙ্গে খেলার পূর্বমুহূর্তে জাতীয় দলের আবহাওয়ায় এমন একটি গুমোট ভাব নির্মিত না হলেই ভালো হতো। রকিবুলের সময়ের সঙ্গে একেবারেই মানানসই নয়, এমন একটা অবসরের সিদ্ধান্ত স্বাভাবিকভাবে নেওয়ার কোনো উপায় ছিল না। চরম আবেগাক্রান্ত তাঁর এ সিদ্ধান্ত বাংলাদেশ দলের ব্যবস্থাপনা ও পরিচালনা নিয়ে অহেতুক কিছু নেতিবাচক কল্পদৃশ্যের জন্ম দিয়েছে। দলীয় পরিকল্পনা একটা মৃদু ধাক্কা খেয়েছে। প্রথম টেস্ট শেষে তাঁর সিদ্ধান্ত বদল অবশ্য ক্রিকেটাঙ্গনে কিছুটা সুবাতাস এনে দিয়েছে। প্রত্যাবর্তনের লজ্জাটা ভবিষ্যত্ তারকাদের জন্য সাবধানী দৃষ্টান্ত হয়ে থাকবে। এত সব জানা কথার পুনরাবৃত্তি করছি শুধু এ কথাটি বলার জন্য যে চট্টগ্রামে প্রথম টেস্টের প্রাক্কালে আমাদের দলটি নানা ঘাত-প্রতিঘাতে আদর্শ মানসিক অবস্থানে ছিল না। তার ওপর যাত্রাকালের টস বিতর্ক পায়ের তলার মাটি আরেকটু আলগা করে দিয়েছিল। কিন্তু তার পরও দলটা একেবারে নড়বড়ে হয়ে যায়নি। টসজনিত সিদ্ধান্তের ভুলকে স্বীকার করে ঘুরে দাঁড়িয়েছে। ম্যাচটিকে পঞ্চম দিনে টেনে নিয়েছে। ইংল্যান্ডের মতো দলের সঙ্গে ঐতিহ্যের অসম লড়াইয়ে ওই পঞ্চম দিনে ম্যাচটি টেনে নিয়ে যাওয়া দু-দিন আগেও আমাদের আরাধ্য ছিল। ম্যাচটা আমরা বাঁচাতেও পারতাম। না, যদি আর কিন্তুর বেসাতি খুলে বসব না। আমি বলছি আমাদের খেলোয়াড়দের বিশ্বাসের কথা, যা তাঁরা উপলব্ধি করেছেন এবং উচ্চারণও করছেন। আরও বড় কথা দ্বিতীয় পালায় ব্যাটিং করার আগে তাঁরা জয়ের কথাও বলেছিলেন। ব্যাটিংবান্ধব উইকেটে জয়টাও অসম্ভব ছিল না বলেই মনে হয়েছে, যাঁরা কাজটা করবেন, তাঁদের কাছে। এই যে সাহসের উচ্চমাত্রায় উত্তরণ, এই যে স্বপ্নের বিস্তৃতি। এটা অনেক বড় পাওয়া। আমাদের মনীষীরা বলেন, মানুষ তার স্বপ্নের চেয়েও বড়। আজ তামিমরা যেভাবে ক্রিকেটকে দেখছেন, যেভাবে নিজেদের পরিমাপ করছেন, আমি নিশ্চিত খুব শিগগিরই এটাকে আমরা হাসি-তামাশার বিষয় মনে করব না। চলমান দ্বিতীয় টেস্টেই আশা করি বাংলাদেশের আরেকটু উন্নততর লড়াকু চেহারা আমরা দেখতে পাব। আসন্ন আগামীতে অবশ্য দেখব। দলে আসা অতি সাম্প্রতিক মুখগুলো ভরসা জোগাচ্ছে যে দলে যুক্ত হচ্ছে বলিষ্ঠতর উপকরণ। সাকিব-তামিমরা অভিজ্ঞতর হচ্ছে চওড়া বুকে নেতৃত্ব দেওয়ার। ধারাবাহিক সুবাতাস ওরা অবশ্যই বহাবে আমাদের ক্রিকেটাঙ্গনে। সংশ্লিষ্ট সকল মহলকে জোগান দিতে হবে সামান্য ধৈর্য ও সহমর্মিতা।