রাজধানী ঢাকার প্রায় সব সরকারি বিশ্ববিদ্যালয় কলেজেই নিজস্ব পরিবহনের জন্য বাস রয়েছে। ইডেন কলেজে পাঁচটি হল থাকার পরও পাঁচটি দোতলা বাস দেওয়া হয়েছে। ঢাকা কলেজে সাতটি হল থাকার পরও দুটি বড় বাস রয়েছে। তিতুমীর কলেজে তিনটি হল থাকার পরও ছোট ও দোতলা চারটি বাস রয়েছে। আর বাঙলা কলেজে ২০ হাজারের বেশি ছাত্রছাত্রীর জন্য একটি মাত্র হল থাকলেও কোনো বাস নেই। অথচ মিরপুরের এই সর্ববৃহৎ উচ্চশিক্ষাপ্রতিষ্ঠানে রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে শিক্ষার্থীরা আসে। অতিরিক্ত ভাড়া নিয়ে প্রায়ই বাসশ্রমিকদের সঙ্গে ছাত্রছাত্রীদের কথাকাটাকাটি হয়। এ অবস্থায় প্রধানমন্ত্রীসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আবেদন, বাঙলা কলেজে শিগগিরই অন্তত পাঁচটি বাসের ব্যবস্থা করুন। কলেজে হল নির্মাণের জন্য পর্যাপ্ত জায়গা রয়েছে। সেখানে সম্ভব হলে নতুন হল নির্মাণ করুন।মো. বাকিব উদ্দিনদ্বিতীয় বর্ষ, হিসাববিজ্ঞান বিভাগ, সরকারি বাঙলা কলেজ, ঢাকা। সরকারি বাঙলা কলেজের অধ্যক্ষ দিলারা হাফিজ জানান, আরও হলের প্রয়োজনীয়তা জানিয়ে শিক্ষা মন্ত্রণালয়ে চাহিদাপত্র দেওয়া হয়েছে। সেখান থেকে এখনো উত্তর পাওয়া যায়নি। শিক্ষার্থীদের বাসের জন্য যোগাযোগ মন্ত্রণালয়ে যোগাযোগ করা হয়েছে। ভবিষ্যতে তারা বাস দেওয়ার আশ্বাস দিয়েছে বলে তিনি জানান।