কায়মনোবাক্যে কামনা করছিলাম চেন্নাইয়ে যেন দক্ষিণ আফ্রিকা জেতে। জিতলে বিশ্বকাপ নিয়ে আমাদের আশাবাদী মনটা একটু সহজতর সমীকরণের গণ্ডিতে থাকত। কোয়ার্টার ফাইনালের হাতছানি কষ্টেসৃষ্টে কল্পনায় ধরে রাখার লোভটা তো ছিলই। রোববার সে ম্যাচটি ইংল্যান্ড শেষ প্রহরে ক্রিস ব্রড তনয়ের ভদ্রসদ্র পেস বোলিংয়ে ছিনতাই করে নেওয়ায় সে লোভের জায়গা থেকে অনেকটাই সরে আসতে হচ্ছে। ইংল্যান্ড হেরে গেলেই আমাদের কোয়ার্টার ফাইনালের পথ প্রশস্ত হয়ে যেত এমন নয়। পর পর দুটো ম্যাচ হারা ইংল্যান্ডকে পরের খেলায় প্রতিপক্ষ হিসেবে পেলে ১১ মার্চ চট্টগ্রামে দুই দুর্দশাগ্রস্ত দলের লড়াইটা ভিন্ন অর্থে জমজমাট হতো বলে ভাববার অবকাশ থাকত। থাকত স্বাগতিক সুবিধা নিয়ে মানসিকভাবে ঘুরে দাঁড়ানোর তাড়নায় একটুখানি এগিয়ে থাকার সুযোগ। তবে ওই যে কথায় বলে না শকুনের দোয়ায় গরু মরে না। আমার নেতিবাচক কামনা ফলপ্রসূ হলো না, ইংল্যান্ড জিতে গেল দক্ষিণ আফ্রিকার সঙ্গে। ইংরেজরা ওদের বিশ্বকাপের অধরা স্বপ্নের পথে আবার দারুণভাবে ঘুরে দাঁড়াল। এখন একটু ফুরফুরে চাপমুক্ত মেজাজ নিয়েই ওরা আমাদের সঙ্গে খেলবে। তবে এ নিয়ে আক্ষেপ নেই, বরং ইংল্যান্ডের এ জয় থেকে অনুপ্রেরণা নেওয়ার আছে। প্রায় অসম্ভবকে সম্ভব করে অ্যান্ড্রু স্ট্রাউসের দল দিনটা তাদের করে তুলেছে। লো স্কোরিং ম্যাচ অনেক চমকপ্রদ ক্রিকেট নাটকের জন্ম দিয়েছে। ক্রিকেটের চিরন্তনী চরিত্রের মধ্যে এটা আছে। তাই ১৭১ রানেও কিছু পাওয়ার থাকতে পারে, এ বিশ্বাস ইংরেজ শিবিরের ছিল। চরম দুঃসময়ে তারা হাল ছাড়েনি। বোলারদের কাছে, উইকেটের কাছে সর্বক্ষণ কিছু আশা করেছে। ওদের দেহভাষ্যে সে প্রত্যাশার প্রকাশ দেখেছি। শেষাবধি করতলগত করেছে এক অবিশ্বাস্য জয়। এখনো নিষ্ঠুর ক্রিকেটের, নাটকীয় ক্রিকেটের, বিস্ময় উদ্ভাবনী ক্রিকেটের সূত্রেই এ মুহূর্তের অবিশ্বাস্য, জটিল সব সমীকরণকে সম্ভবের আওতায় নিয়ে আসতেই পারি। আর সেটা সম্ভব না হলেই বা কী, আমরা সে সম্ভবের পথে হাঁটার জমজমাট লড়াইটা দৃষ্টিগ্রাহ্য করে তুলতে চাই। আমাদের এ মুহূর্তে প্রয়োজন বিশ্বাসে ফেরা।সামনে তিনটি ম্যাচ আছে, ক্রিকেটে সবই সম্ভব। তাই তিনটি ম্যাচেই জয় সম্ভব। হাস্যকর শোনাচ্ছে, মানতে পারছেন না, ও রকম হলে তো হেঁটে হেঁটে কোয়ার্টার ফাইনাল। ভাবা কষ্ট। তবে দুটি জয়ের কথাই ভাবুন, নিদেনপক্ষে একটি, তিন, দুই বা এক, যে কটা জয়ের সম্ভাবনাকেই অনুমোদন দিন, সব কটা বাকি ম্যাচে ভালো খেলার, জমজমাট লড়াই উপস্থিত করার সম্ভাবনাকে অনুমোদন দিতেই হবে। একটা দিন খারাপ গেছে, যেতেই পারে মেনে নিয়ে আসুন সবাই মিলে ঘুরে দাঁড়াই, দলের পাশে দাঁড়াই, কোয়ার্টার ফাইনালের চিন্তা আপাতত তুলে রেখে প্রতিটি ম্যাচ ভালো খেলি। জয়-পরাজয়ের হিসাবে না গিয়ে উপভোগ্য ক্রিকেট খেলি। বিশ্বকাপের শেষে যেন বলতে পারি জ্বলে উঠতে একটু দেরি হলো, আরেকটু ভালো খেলতে পারতাম। খবর আসছে, আমাদের দলে চলছে ঘুরে দাঁড়ানোর প্রবল প্রস্তুতি। সে প্রস্তুতির সাফল্য কামনা করি।