চাই সাহস, চাই উদ্যোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় শ্রীকান্ত পাঠদানকালে অধ্যাপক প্রশ্ন রেখেছিলেন ‘অন্নদা দিদি লম্পট-দুশ্চরিত্র-ধর্মত্যাগী স্বামীর কাছে লুকিয়ে ফিরে গিয়েছিল সে কি কেবল স্বামী বলেই? নাকি আরও কোনো গভীর কারণে? ভালোবেসে?’ কেউ জবাব দিয়েছিল, লম্পটের প্রতি ভালোবাসা থাকে কী করে? কেউ বলেছিল, অন্নদা দিদিকে স্বামীঅন্তঃপ্রাণ বাঙালি নারীর প্রতীক হিসেবে তুলে ধরা হয়েছে, যাতে স্বামী যত খারাপই হোক না কেন নারী যেন স্বামীকে দেবতাজ্ঞানে পুজো করে। তখন যে প্রশ্নটি মনে জাগেনি, তা হলো বিশেষ করে তখনকার দিনে হিন্দু নারীদের ক্ষেত্রে দ্বিতীয় বিয়ের কোনো সুযোগ ছিল না। উচ্চবিত্ত আর নিম্নবিত্তের মধ্যে সমাজের প্রচলিত প্রথা-বিশ্বাসকে মানা বা তোয়াক্কা করায় খানিক শিথিলতা আছে। যত জ্বালা মধ্যবিত্তের। মধ্যবিত্ত নারীর। রুমানা মনজুরকে মধ্যবিত্ত বলা যায় কি না জানি না, তবে তাঁর যে উপলব্ধি তা মধ্যবিত্তের। তিনি সমাজের মুখ চেয়ে, সন্তানের কথা ভেবে নির্যাতক নিষ্কর্মা কূপমণ্ডূক পরগাছা স্বামীকে ত্যাগ করতে পারেননি। বিবাহিত জীবনের প্রথম থেকেই তাঁর স্বামীর আচরণে তিনি কষ্ট পেয়ে আসছিলেন। তিনি সুশিক্ষিত, সুশ্রী, মর্যাদাসম্পন্ন। আজকের এ ঘটনা ঘটার সুযোগ কেন তিনি করে দেবেন? যাদের পায়ের নিচে মাটি নেই, সেসব নারী অপারগ হয়ে স্বামীর নির্যাতন মুখ বুঝে সহ্য করেন, তালাকের বলি হন, হত্যার শিকার হন, আত্মহত্যার পথ খুঁজে নেন। নারীর ক্ষমতায়ন আজ বিশ্বের অন্যতম চাহিদা। শিক্ষা ও স্বনির্ভরতার হারও দিন দিন বাড়ছে। শিক্ষা ও স্বনির্ভরতার হাত ধরেই ক্ষমতায়নের অগ্রযাত্রার কথা থাকলেও এ দেশের নারীরা এখনো সমাজ ও সন্তানের কথা চিন্তা করে পড়ে পড়ে মার খাচ্ছেন। রুমানা, আপনি দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠের শিক্ষক, উচ্চশিক্ষিত, ক্ষমতায়িত। শিক্ষার্থীদের মধ্যে ক্ষমতায়নের বীজ বুনে দেওয়ার জন্য আপনাদের মতো নারীরাই অগ্রপথিক। সেই আপনাকেই কেন অন্ধত্বের সঙ্গে লড়তে হচ্ছে আজ? তবে এ কথাও সত্যি, নারীরা দেয়ালে পিঠ ঠেকে যাওয়ার আগ পর্যন্ত অপেক্ষা করেন। কিন্তু মৃত্যুর হুমকিকে তুচ্ছ করার মতো বোকামি কেন তাঁর শিক্ষিত মননে প্রশ্রয় পেল? পরশ্রীকাতরতা মানুষকে হীনম্মন্য করে, হীনম্মন্যতা মানুষকে হিংস্র করে, সমাজবিজ্ঞান শৃঙ্খলার ছাত্রী হয়েও তিনি কেন তা বোঝেননি? একজন অসুস্থ মানুষ অন্যের সুস্থতাকে ঈর্ষা করে—এটাও না জানার কোনো কারণ তাঁর ছিল না। আর ভালোবাসা? দীর্ঘদিনের ভালোবাসা-উত্তর বিয়ে বলেই তা চিরকালীন সুখের নিগড়ে বাঁধা থাকবে—এ ভাবনা নির্ভুল নয়। সাহিত্যিক আবদুল্লাহ আবু সায়ীদের ‘প্রেম’ বিষয়ক একটি লেখায় তিনি এ রকম বলেছিলেন, ‘যোগ্যতাই ভালোবাসার ভিত্তি।’ তাহলে কি শুধু নারীর ক্ষমতায়নই যথেষ্ট নয়? পাশাপাশি পুরুষকেও পরিপূরক হিসেবে নারীর ক্ষমতায়নকে হাত ধরে এগিয়ে নিতে সাহায্য না করলে ক্ষমতায়ন পরিপূর্ণ হবে না? স্বামীর পরিবারে মেয়ের অশান্তির খবর পেয়েও মেয়ের মা-বাবা ও অভিভাবকেরা সমাজের মুখ চেয়ে ‘মানিয়ে নাও’, ‘মানিয়ে নাও’ বলে সময়ক্ষেপণ করতে থাকেন। তারপর যখন মেয়ের নির্যাতন বা মৃত্যুর খবর পান, তখন মাথা চাপড়ানো ছাড়া আর কিছু করার থাকে না। সমাজ আর সন্তানের মুখ চেয়ে নিজের জীবনকে সারা জীবন হুমকির মধ্যে রাখার সংকল্প পরিত্যাগ করতে হবে। নির্যাতকেরাও জানেন যে নারীকে ধরে রাখার একমাত্র অস্ত্র সন্তান। এমন চিত্রও এ সমাজে বিরল নয় যে ইচ্ছার বিরুদ্ধে বা বলপূর্বক কোনো নারীকে বিয়ে করে তাঁকে দ্রুত সন্তান ধারণে বাধ্য করা হয়, যাতে সে সন্তানের মায়ায় স্বামীগৃহ পরিত্যাগের বাসনা পরিহার করে। কিন্তু যে সন্তান মা-বাবার মধ্যে প্রতিনিয়ত ঝগড়াঝাঁটি, মারামারি, কান্নাকাটি, অশান্তি দেখে আতঙ্কিত ও নিরাপত্তাহীন, সে কি আসলে সুস্থ মানসিকতায় বেড়ে উঠতে পারে? নারীরা যে সন্তানের ‘ভালো’র জন্য নিজের শারীরিক-মানসিক সুখ তুচ্ছ করেন বা প্রাণ বিসর্জন দেন, সে সন্তানের কি আদৌ কোনো ‘ভালো’ হয়? যেহেতু মা ও সন্তান কারোরই মঙ্গল এতে নিহিত নেই, সেহেতু এ টানাপোড়েনের মধ্যে থেকে বের হয়ে আসার সাহস সঞ্চার করতে হবে। আর সে উদ্যোগ আসতে হবে, যাঁদের পায়ের নিচে মাটি আছে, তাঁদের কাছ থেকেই।