দুই নেত্রী আলোচনায় বসলেও তত্ত্বাবধায়ক সরকার নিয়ে চলমান রাজনৈতিক সংকট নিরসন সম্ভব নয় বলে মনে করেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ হাবিবুর রহমান। তবে আলোচনার মাধ্যমেই ‘মেড ইন বাংলাদেশ’ পদ্ধতিতে তিনি এ সমস্যার সমাধান চান। সাবেক প্রধান বিচারপতি গতকাল সোমবার রাজধানীতে একটি আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধনী অধিবেশন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন। রাজধানীর সিরডাপ মিলনায়তনে ‘ইইউ-সার্ক সহযোগিতা’ শিরোনামে সাউথ এশিয়া ইয়ুথ ফর পিস অ্যান্ড প্রোসপারিটি এ সম্মেলনের আয়োজন করে। দেশের চলমান রাজনৈতিক সংকট নিয়ে ১৯৯৬ সালের তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা এ মন্তব্য এমন একসময় করেছেন, যখন সংকট উত্তরণে দুই নেত্রীর সংলাপের ওপর গুরুত্ব দিয়েছে যুক্তরাষ্ট্র, ইউরোপসহ পাশ্চাত্যের উন্নয়ন-সহযোগীরা। উন্নয়ন-সহযোগীদের মতে, দুই নেত্রীর আলোচনার মাধ্যমেই তত্ত্বাবধায়ক সরকারবিষয়ক বিরোধ মেটানো সম্ভব। অনুষ্ঠান শেষে চলমান রাজনৈতিক সংকট প্রসঙ্গে মুহাম্মদ হাবিবুর রহমানের মত জানতে চান সাংবাদিকেরা। অনেকেই মনে করেন দুই নেত্রীকে আলোচনার টেবিলে বসালেই সব সমস্যার সমাধান হয়ে যাবে; এ ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, ‘আমি তা মনে করি না। আমার তা মনে হয় না।’ দেশের চলমান রাজনৈতিক সংকটকে তিনি কীভাবে দেখছেন জানতে চাইলে সাবেক প্রধান বিচারপতি বলেন, ‘বর্তমান অবস্থায় আমি মোটেও হতাশ নই। তবে নতুন করে কিছু বলার নেই। কিছু শেখার নেই। গণতন্ত্রে ভিন্নমত থাকে, সমাধানও থাকে। তাই মতবিনিময় যদি না থাকে, তবে তো আমরা সম্ভাব্য সমাধান থেকে নিজেদের বঞ্চিত করব।’রাজনীতিবিদদের দায়িত্বশীল আচরণের ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, ‘নেতারা বলবেন, আমরা শুনব। আমরা তাঁদের শ্রদ্ধা জানাব। দেশের অবস্থা নাজুক বলে তো আর চুপ করে থাকা যায় না। পালিয়ে যাওয়ারও উপায় নেই। আমি আশা করি, আমরা সমাধান পাব। সে সমাধান মেনে নেব।’সংকট উত্তরণে তাঁর কোনো সুপারিশ আছে কি না, জানতে চাইলে মুহাম্মদ হাবিবুর রহমান বলেন, ‘আমার কোনো সুপারিশ নেই। তবে আমাদের নিজেদের সমস্যার সমাধান নিজেদের করতে হবে। বাইরের লোক এসে সুপারিশ করে দেবে, তারপর আমরা নিজেদের গোছাব, তার আগে আমরা তৈরি হব না, এটা তো ঠিক না। আমি “মেড ইন বাংলাদেশ” সমাধান চাই।’এর আগে ইইউ-সার্ক সহযোগিতা সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে সহযোগিতা সম্প্রসারণে তিনি তারুণ্যের প্রাণশক্তিতে আশাবাদ ব্যক্ত করেন। আঞ্চলিক সহযোগিতায় ইউরোপের অগ্রগতির উল্লেখ করে তিনি তাদের সঙ্গে অভিজ্ঞতা বিনিময়ের ওপর জোর দেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ইমতিয়াজ আহমেদের সভাপতিত্বে ওই অনুষ্ঠানে আরও বক্তৃতা করেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা সি এম শফি সামি, ঢাকায় নেপাল দূতাবাসের উপরাষ্ট্রদূত কে সি আরিয়াল, শ্রীলঙ্কার হাইকমিশনের মিনিস্টার এ জি অবিসেকারা, ভারতীয় হাইকমিশনের প্রথম সচিব মনোজ কুমার মহাপাত্র ও পাকিস্তান হাইকমিশনের প্রথম সচিব আমের আহমেদ আতোজাই।