চাইল পরিচয়পত্র, সাংসদ বের করলেন বন্দুক
টোল প্লাজার কর্মীদের বন্দুক হাতে হুমকি দেওয়ার সময় ক্যামেরাবন্দী হয়েছেন ভারতের গুজরাটের সাংসদ ভিথাল রাডাডিয়া। এ জন্য পরে ক্ষমা চাইতেও অস্বীকৃতি জানিয়েছেন এই সাংসদ। আত্মরক্ষার জন্য বন্দুক বের করেছিলেন বলে দাবি করেছেন তিনি। অথচ ওই সময় অন্য কাউকে সেখানে সশস্ত্র অবস্থায় দেখা যায়নি। সাংসদ রাডাডিয়া বলেছেন, ‘আমি একজন সাংসদ। আমাকে সম্মান দেওয়া উচিত।’গুজরাটের কারজান গ্রামের কাছে একটি টোল প্লাজায় গতকাল রাতে এ ঘটনা ঘটে। সাংসদ ভিথাল রাডাডিয়া ওই সময় গাড়িতে করে সুরাটের দিকে যাচ্ছিলেন। টোল বুথের কাছে গাড়ি থামলে সেখানকার কর্মীরা সাংসদের পরিচয়পত্র দেখতে চান। গাড়ির চালক তাঁদের পরিচয়পত্রের একটি অনুলিপি দেখান। টোলের কর্মীরা নিয়মানুযায়ী মূল পরিচয়পত্র দেখতে চাইলে গাড়ি থেকে ক্ষিপ্ত অবস্থায় বেরিয়ে আসেন গুজরাটের এই সাংসদ। এরপর তিনি টোলের কর্মীদের দিকে বন্দুক তাক করে তাঁদের মেরে ফেলার হুমকি দেন।টোল প্লাজায় বসানো সিসি ক্যামেরার সৌজন্যে পরে দেখতে পাওয়া যায় সাংসদের এ কাণ্ডটি। এ সময় সেখানে অবস্থিত অন্যান্য গাড়ি থেকেও লোকজন ভীতসন্ত্রস্ত হয়ে বেরিয়ে আসেন।পরবর্তী সময়ে এ ঘটনার সত্যতা স্বীকার করেছেন সাংসদ রাডাডিয়া। তবে তিনি দাবি করেছেন, ওই সময় প্রায় ১৫ জন মানুষ তার গাড়ি ঘিরে রেখেছিল এবং আত্মরক্ষার জন্যই তিনি বন্দুক বের করেছেন। অথচ সিসি টিভিতে ধারণ করা ভিডিওতে এমন কোনো ঘটনার দেখা মেলেনি।— এনডিটিভি